দুর্গাপুরে এ কী দুর্যোগ!
নেত্রকোনা জেলার সুসং দুর্গাপুরের শান্ত-ছায়াসুনিবিড় দুর্গাপুর-ঝাঞ্জাইল সড়ক দিন কয়েক ধরে কুঠারের শব্দে প্রকম্পিত। এই কুঠার না থামলে রাস্তারটি তার শত বছরের ছায়াসুনিবিড় চরিত্রটি হারাবে। কারণ সড়কের ৬২টি গাছ কাটা হচ্ছে। এর মধ্যে ২৬টি শতবর্ষী। শহরের ঐতিহ্য আর স্মৃতিবাহী এসব গাছের আকস্মিক এই পরিণতি মানতে পারছে না এলাকার মানুষ। দুর্গাপুর-ঝাঞ্জাইল সড়কের পাশ ঘেষে এ গাছগুলো আছে ১০০ বছরের বেশি সময় ধরে। রাস্তা থেকে কয়েক ফুট নিচে এগুলোর অবস্থান। ১৮৯০ সালে অস্ট্রেলিয়ান ব্যাপ্টিস্ট মিশন এ এলাকায় কাজ শুরু করে। নিজেদের চলাচলের জন্য এ রাস্তা তৈরি করে এবং রাস্তার পাশে রোপণ করে রেইনট্রি।স্থানীয় গারো ব্যাপ্টিস্ট কনভেনশন (জিবিসি) কর্তৃপক্ষ গাছ কাটা বন্ধ করা এবং জমির মালিকানা নিয়ে হাইকোর্টে রিট আবেদন করে। মঙ্গলবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চ শুনানি শেষে স্থিতাবস্থা জারি করেন। কিন্তু গতকালও এলাকায় গিয়ে দেখা গেছে, গাছ কাটা বন্ধ হয়নি। গাছ কাটায় নিযুক্ত শ্রমিক ও এলাকাবাসী জানান, স্থানীয় সাংসদ মোশতাক আহাম্মেদ ওরফে রুহীর বড় ভাই দলের আস্থাভাজনদের দিয়ে গাছ কাটার তদারকি করছেন। গতকাল দুপুরে তদারককারী দুর্গাপুর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোবারক হোসেন প্রথম আলোকে বলেন, ‘এমপি সাহেবের বড় ভাই শাহী সাহেব আর আমি গাছ কাটা দেখভাল করছি। আমার কিছু না, স্বেচ্ছাশ্রম দিচ্ছি।’ তিনি বলেন, ‘এমপি সাহেবের সাথে দরদাম সাব্যস্ত করে সোমবার থেকে গাছ কাটা শুরু করা হয়েছে। জারিয়া এলাকার শাহীন নামে শাহী সাহেবের এক বন্ধু আমার সাথে এ দায়িত্বে আছেন। দুটি গাছ কাটার পর বাকিগুলো পাইকারিভাবে খাড়া অবস্থায় বিক্রি করে দেওয়া হবে। বৃহস্পতিবার পার্টির সঙ্গে কথা হবে।’গাছের ছবি তোলার সময় দেখা গেল, চার-পাঁচজন লোক একের পর এক গাছ মাপজোখ করছে। কথা বলে জানা গেল, তাঁরা কয়েকজন ঝিনাইদহ থেকে এসেছেন গাছ কিনতে। তাঁদের একজন তফাজ্জল হোসেন বলেন, ‘মাপজোখ করছি। পরে এমপি সাহেবের লোকজনের মাধ্যমে দরদাম করব।’৬২টি গাছের মধ্যে ২৬ নম্বর গাছের ডালপালা ও শিকড় কাটা হচ্ছিল গতকাল। তাৎক্ষণিক মেপে দেখা গেল, গাছটির গোড়ার ব্যাস ১৯ ফুটের বেশি। কাণ্ডের প্রথম ভাগ লম্বায় প্রায় ১৫ ফুট। ডালগুলোই বড়সড় গাছের গোড়ার মতো মোটা। প্রায় সব কটি গাছই এমন বিশাল আকারের। গাছ কাটার কারণ জানার জন্য যোগাযোগ করলে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান মিয়া জানান, ‘সড়কের এসব গাছের মালিকানা নিয়ে ইতিপূর্বে বেশ কয়েকটি সভায় আলোচনা হয়েছে। বাগিবতণ্ডা হয়েছে। গাছ কাটা নিয়ে তিন-চার মাস আগে জেলা উন্নয়ন সমন্বয় পরিষদের সভায় আলোচনা হয়েছিল। পরে কী হয়েছে তা আর জানা নেই। গাছ কাটা হচ্ছে, তাও আমি জানতাম না। আজ জেলা পরিষদের একটা চিঠি পেয়েছি।’ ওই চিঠিতে বলা হয়, ‘গত ২ আগস্ট জেলা পরিষদের দরপত্র আহ্বানের প্রেক্ষিতে ২৫ আগস্ট মেসার্স রিজভী কনস্ট্রাকশন, ১০৭/এ সেহড়া ডিবি রোড, ময়মনসিংহের দরপত্রটি গ্রহণ করে গত ১২ সেপ্টেম্বর জেলা উন্নয়ন সমন্বয় পরিষদের সভায় অনুমতির প্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে ১ নম্বর লটের ১ থেকে ৬২টি গাছ ২০ লাখ ৮২ হাজার ৩৬০ টাকায় কাটতে ৩০ দিন সময় দিয়ে গত ২১ সেপ্টেম্বর কার্যাদেশ দেওয়া হয়েছে।’ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রিজভী কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী হোসেন আহাম্মেদ ওরফে পান্না বলেন, ‘জারিয়া এলাকার শাহীন ইসলাম নামে এক ভদ্রলোকের সঙ্গে আধাআধি ভাগে দরপত্রে অংশ নিয়ে গাছ কাটাচ্ছি। এর সঙ্গে এমপি সাহেবের কোনো সম্পর্ক নেই।’ আদালতের স্থিতাদেশ প্রসঙ্গ তুললে তিনি বলেন, ‘আদেশ পেলে আমি গাছ কাটা কন্ধ করে দেব।’তবে শাহীন প্রথম আলোকে বলেন, ‘এই ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে আমার সম্পর্ক নেই, গাছ কাটার সঙ্গেও সম্পর্ক নেই। এমপির বড় ভাই শাহী আমার বন্ধু। রাস্তাটি বড় করার জন্য আমি শাহীর সঙ্গে গাছ কাটা দেখতে গিয়েছিলাম।’ গাছকাটা দলের সর্দার ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকার সুরুজ আলী ও মোর্শেদ আলী বলেন, ‘আমরা ১৮ জন দুটি গাছ কাটার জন্যে অর্ডার নিছি। এমপি সাবের সাথে তার লোকজনের মাধ্যমে ফোনে কথা বলে কাজ ধরেছি। দুটি গাছ কাটতে কমপক্ষে এক মাস সময় লাগবে।’ দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ জালাল উদ্দিন তালুকদার বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে সাংসদ রুহী এসব গাছ কেটে নিচ্ছে। তিনি বলেন, ‘আমার বয়স ৬১ বছর। বাপ-দাদার কাছে শুনেছি এ জমি ও গাছ মিশনের। যেকোনোভাবে হোক এসব গাছ কাটা বন্ধ করতে হবে। আমি অসুস্থ। এ ব্যাপারে সামাজিক আন্দোলন গড়ে তুলতে এলাকার সচেতন মহলকে আহ্বান জানাচ্ছি।’ডেওটুকুন গ্রামের বাসিন্দা আমজাদ হোসেন (৬৫) বলেন, ‘এসব গাছ তো মিশনের, এমপি কাটে কেমনে? আর এত পুরাতন গাছগুলো কেন কাটছে?’ বিরিশিরি গ্রামের রহিমা খাতুনের ক্ষুব্ধ কণ্ঠ, ‘এমপি কি গাছ লাগাইছে, যে হে কাটতাছে?’ গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের (জিবিসি) সাধারণ সম্পাদক রেভারেন্ড লিটন ম্রং জানান, মিশনের এ জমি সওজ বা জেলা প্রশাসন অধিগ্রহণ করেছে বলে আমাদের জানা নেই। আমরা লোকমুখে জানতে পারি জেলা পরিষদ এসব গাছ বিক্রি করেছে। ৫ অক্টোবর আমরা এ বিষয়ে সংশ্লিষ্টদের উকিল নোটিশ করি। ৭ অক্টোবর হাইকোর্টে রিট করি। ১১ অক্টোবর শুনানি আদালত গাছ ও জমির বিষয়ে স্থিতাবস্থা জারি করেন। আদালতের আদেশের কপি ফ্যাক্সযোগে ইউএনওর দপ্তর এবং থানায় পাঠিয়েছি। কিন্তু গাছ কাটা বন্ধ হচ্ছে না।’জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আফতাব আলী বলেন, গাছাকাটার জন্যে সমন্বয় কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে। আদালতের আদেশের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, সেটা আসলে পরে দেখা যাবে। মিশনের সভাপতি দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সমরেন্দ্র রিছিল, বিরিশিরি মিশন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুরভী মান্ডা, বিরিশিরি পি সিনল মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ, বিরিশিরি প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের সুপারিনটেনডেন্ট জেমস রুরামরা গাছ কাটা নিয়ে আক্ষেপ আর ক্ষোভ জানালেন। এলাকার ১২০ বছরের ঐতিহ্যের সঙ্গে এই গাছগুলোর সম্পর্ক। এসব গাছ কাটা হলে ঐতিহ্যে আঘাত করা হবে। পর্যটন এলাকা হওয়ায় দেশের বিভিন্ন এলাকার মানুষের কাছেও গাছগুলো পরিচিত। যেকোনো ভাবেই হোক গাছগুলো রক্ষা করার আকুতি জানালেন তাঁরা। দুর্গাপুর পৌরসভার বিরিশিরি ওয়ার্ডের কাউন্সিলর এমরোজ হোসেন বলেন, ‘শুনেছি এমপি সাহেবের ভাই ও আত্মীয়রা যুবলীগের নেতা-কর্মীদের নিয়ে এসব গাছ কাটাচ্ছে। মানুষ এই গাছ কাটাকে ভালোভাবে দেখছে না।’দুর্গাপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি শ ম জয়নাল আবেদীন গাছ কাটার সঙ্গে দলীয় লোকজনের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি গাছ কাটার কথা শুনে ব্যথিত হয়েছি। যতদূর জানি, গাছগুলো মিশন কর্তৃপক্ষ রোপণ করেছিল।’আদালতের স্থিতাবস্থার আদেশের বিষয়ে জানতে চাইলে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রায় অভিন্ন স্বরে বললেন, মিশনের মাধ্যমে স্থিতাদেশের কপি পেয়েছেন। কিন্তু আদালত তাঁদের কোনো ব্যবস্থা নিতে নির্দেশ দেননি। তবে প্রশাসন চাইলে তাঁরা সহযোগিতা করবেন। নেত্রকোনার জেলা প্রশাসক আনিস মাহমুদ বলেন, ‘আমি এখানকার দায়িত্ব নেওয়ার আগেই এ ব্যাপারে (গাছ কাটার বিষয়ে) কিছু কাজ হয়েছিল। আদালতের স্থিতাবস্থার আদেশের কথা শুনেছি। কোনো বার্তা পাইনি। পেলে অবশ্যই গাছ কাটা বন্ধ করব।’ নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সাংসদ মোশতাক আহমেদ রুহীর বক্তব্য জানার জন্য গতকাল বিকেল থেকে তাঁর মুঠোফোনে বেশ কয়েকবার ফোন করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি। তবে সাংসদের বড় ভাই শাহী বলেছেন, তাঁদের পরিবারের কেউ গাছ কাটার সঙ্গে জড়িত না।