শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনা, পটুয়াখালী ও মাদারীপুরে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।আমাদের আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর: খুলনার বটিয়াঘাটায়, ১৮ অক্টোবর বটিয়াঘাটা উপজেলার রয়ারভাঙ্গা মধ্যপাড়া হাজরাতলা সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে স্থানীয় খড়িয়া নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতায় বয়ারভাঙ্গা মধ্যপাড়া শ্রী শ্রী গণেশ পাগল তীর্থ সেবা মন্দিরের নৌকা প্রথম স্থান অধিকার করে। যৌথভাবে দ্বিতীয় স্থান অধিকার করে হাটবাটী ও খলশিবুনিয়ার নৌকা। বাইচ ও পূজা কমিটির উপদেষ্টা হরিদাস মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় খগেন্দ্রনাথ মহিলা কলেজের শিক্ষক নির্মলেন্দু বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন প্রদীপ কুমার মণ্ডল ও উপ-পুলিশ পরিদর্শক তুষার মণ্ডল। বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে টেলিভিশন, ক্যাসেট প্লেয়ার ও দেয়ালঘড়ি বিতরণ করা হয়।এ ছাড়া উপজেলার আমতলা সর্বজনীন দুর্গাপূজা কমিটির উদ্যোগে স্থানীয় আমতলা নদীতেও একই দিনে অনুরূপ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় খলশিবুনিয়ার নৌকা প্রথম এবং শলুয়ার নৌকা দ্বিতীয় স্থান অধিকার করে।বাইচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমতলা বাজার কমিটির সভাপতি সুব্রত রায়। প্রধান অতিথি ছিলেন পূজা কমিটির সভাপতি মৃণাল কান্তি মণ্ডল ও বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য আছর আলী। বাইচে বিজয়ীদের মধ্যে টেলিভিশন ও রেডিও দেওয়া হয়। পাইকগাছা: উপজেলার আমুরকাটার শিবসা নদীতে ১৬ অক্টোবর নৌকাবাইচ প্রতিযোগিতায় বিভিন্ন স্থানের চারটি বাইচ নৌকা অংশ নেয়। প্রতিযোগিতায় শান্তার নৌকা প্রথম এবং পুটিমারীর নৌকা দ্বিতীয় স্থান লাভ করে।প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সাংসদ সোহরাব আলী। আমুরকাটার পূজা কমিটির সভাপতি দীপক মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি গাজী মোহাম্মদ আলী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আকতারুজ্জামান বাবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ বেলাল উদ্দিন, কুমুদ রঞ্জন ঢালী, প্রমথ রঞ্জন প্রমুখ।দাকোপ: উপজেলার বাজুয়ায় ধোপাদী ত্রিমোহনী দুর্গাপূজা উদ্যাপন কমিটির আয়োজনে ১৮ অক্টোবর স্থানীয় নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতায় কয়রা উপজেলার ইসহাক মোল্লার নৌকা প্রথম, বেড়ের খালের জয়দেব সরকারের নৌকা দ্বিতীয় এবং হরিণটানার নিবেদন সরকারের নৌকা তৃতীয় স্থান লাভ করে।বাইচ শেষে যুগল কৃষ্ণ মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় ব্যবসায়ী তপন হাওলাদার। অনুষ্ঠানে বক্তব্য দেন বেণী মাধব বিশ্বাস, পরিতোষ রায়, নির্মল বৈদ্য, জয়ন্ত রায়, তেজষ মণ্ডল, ঠাকুর দাশ বিশ্বাস প্রমুখ। টেকেরহাটে নৌকাবাইচ: মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে কুমার নদীতে ১৫ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় ২৪টি নৌকা অংশ নেয়। বাইচে প্রথম স্থান অধিকার করে নয়া নগরের নারায়ণ কুণ্ডুর বাচারী, দ্বিতীয় গাইনদের বাচারী, তৃতীয় শাহাবুদ্দিন খান ও চতুর্থ হয় দেবজিৎ বরের।পুরস্কার হিসেবে যথাক্রমে ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন, ১৪ ইঞ্চি টেলিভিশন ও ক্যাসেট প্লেয়ার দেওয়া হয়। নৌকাবাইচ দেখতে কয়েক হাজার মানুষ নদীর পাড়ে ভিড় জমায়।দশমিনায় নৌকাবাইচ: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ১৭ অক্টোবর দুপুরে পটুয়াখালীর দশমিনা উপজেলার লক্ষ্মীপুর গ্রামে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। নিবারণ চন্দ্র রায়ের (নিবারণ কবিরাজ) বাড়ির দুর্গাপূজা মণ্ডপের সামনে দিঘিতে এই নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। পূজা উদ্যাপন কমিটির উদ্যোগে ও পোকরাজ এগ্রো লিমিটেড সূত্রাপুর ঢাকার পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই প্রতিযোগিতায় সাতটি নৌকা অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম হয় দশমিনার গোলখালী গ্রামের হামেস ফকিরের দল, দ্বিতীয় ও তৃতীয় হয় যথাক্রমে কাটাখালী গ্রামের সাইফুল ইসলাম ও দশমিনার মাহাবুবের দল। শেষে দিঘির পাড়ে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের মধ্যে একটি ২১ ইঞ্চি ও দুটি ১৪ ইঞ্চি রঙিন টেলিভিশন তুলে দেন দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজমল হোসেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূজা উদ্যাপন কমিটির সভাপতি সুশীল রঞ্জন রায়, পোকরাজ এগ্রো লিমিটেডের চেয়ারম্যান মেহেদী হাসান ও ব্যবস্থাপক মিজানুর রহমান, দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, দশমিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেকান্দার জমাদ্দার প্রমুখ।