দুর্গাপূজায় ‘লীলা মাধুরী’
শারদীয় দুর্গোত্সবে আরটিভি আয়োজন করেছে তিন দিনব্যাপী বিশেষ স্টুডিও কনসার্ট। মহা অষ্টমীর দিন প্রচার করা হবে রাধা-কৃষ্ণের লীলা কীর্তন নিয়ে ‘লীলা মাধুরী’। অনুষ্ঠানে কাল মঙ্গলবার দর্শকদের কীর্তন শোনাবেন জনপ্রিয় কীর্তনশিল্পী দুলাল চক্রবর্তী ও তাঁর দল। দর্শকদের সঙ্গে সরাসরি কথোপকথনের পাশাপাশি তিনি শোনাবেন দর্শকদের অনুরোধের এবং তাঁদের পছন্দের কিছু কীর্তন। দুলাল চক্রবর্তী বলেন, ‘আমি সারাক্ষণই রাধা-কৃষ্ণের কীর্তন নিয়ে ডুবে থাকতে চাই। কীর্তন ও আমি একই সূত্রে গাঁথা। আমি বরাবরই দেশের বিভিন্ন স্থানে কীর্তন পরিবেশন করি। শারদীয় কনসার্টে কীর্তনের পাশাপাশি কথা বলব আমাদের সংগীত জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা-অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে।’লীলা মাধুরী অনুষ্ঠানটি প্রযোজনা করছেন কমল সরকার। উপস্থাপনা করছেন রবিশঙ্কর মৈত্রী।কাল মঙ্গলবার রাত সাড়ে ১১টায় আরটিভিতে সরাসরি দেখানো হবে লীলা মাধুরী অনুষ্ঠানটি।