দুর্গোৎসব শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে সারা দেশে হিন্দু সম্প্রদায়ের পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব আজ রোববার প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে। রাজধানী ঢাকায় দেবীভক্ত হাজার হাজার মানুষ বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে বুড়িগঙ্গা নদীতে গিয়ে প্রতিমা বিসর্জন দেন।এ ছাড়া রাজধানীর আশপাশের এলাকায় তুরাগ ও শীতলক্ষ্যা নদীতেও প্রতিমা বিসর্জন দেওয়া হয়। দেশের বিভিন্ন স্থানের নদ-নদীতে হিন্দু সম্প্রদায়ের লোকজন দেবী দুর্গাকে বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসব শেষ করেন। বিকেল চারটায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে বিসর্জন শোভাযাত্রা উদ্বোধন করেন মেজর জেনারেল (অব.) সি আর দত্ত বীর উত্তম। বর্ণাঢ্য এ শোভাযাত্রায় অংশগ্রহণের উদ্দেশ্যে ঢাকা শহরের বিভিন্ন পূজামণ্ডপ থেকে প্রায় ৫০টি প্রতিমা ও ৮০টি ট্রাক নিয়ে ঢাকেশ্বরী মেলাঙ্গনে সমবেত হন বিভিন্ন পূজা কমিটির নেতা ও ভক্ত। শোভাযাত্রা শেষে বিসর্জনঘাটে প্রতিমা নিরঞ্জনের মাধ্যমে পাঁচ দিনব্যাপী দুর্গোৎসবের সমাপ্তি ঘটে। বিসর্জনঘাটের সার্বিক ব্যবস্থাপনায় ছিল মহানগর সার্বজনীন পূজা কমিটি।এ বছর কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সারা দেশে ২৭ হাজার পূজামণ্ডপে পূজা-অর্চনা করা হয়। এর মধ্যে রাজধানী ঢাকায় ১৯২টি পূজামণ্ডপে দেবীভক্তরা পূজা-অর্চনা করেন। ঢাকা মহানগরে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য র‌্যাব ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৩৩ হাজার সদস্য সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন।এ বছর দুর্গোৎসবে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুই লাখ সদস্য সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন। এদিকে দুর্গাপূজা উপলক্ষে আজ সরকারি ছুটি পালিত হয়। বিজয়া দশমী উপলক্ষে রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দেন।—বাসস