দুর্গোৎসবের প্রবর্তক রাজা কংসনারায়ণ
তাহিরপুর রাজবংশ বাংলাদেশের প্রাচীন রাজবংশগুলোর অন্যতম। এই বংশের আদিপুরুষ মৌনভট্ট। মৌনভট্টের অষ্টম অধস্তন পুরুষের একজন বিখ্যাত পণ্ডিত পুরুষোত্তম বেদান্তী ও অপরজন মনুসংহিতার টীকাকার কুলুকভট্ট। এঁদের পরবর্তী অধস্তন পুরুষ হচ্ছেন কামদেব ভট্ট। তিনি পঞ্চদশ শতকের প্রথম ভাগে এলাকার পাঠান জায়গীরদার তাহির খাঁনকে পরাজিত করে তাহিরপুর রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন।এই রাজবংশের অন্যতম শ্রেষ্ঠ সামন্ত রাজা হচ্ছেন ইতিহাসখ্যাত কংসনারায়ণ রায়। যৌবনের প্রারম্ভে তাহিরপুর রাজ্যের প্রতিনিধি হয়ে গৌড়ের সুলতান আলাউদ্দিন হোসেন শাহের পুত্র নশরৎশাহের অধীনে চট্টগ্রামে গিয়েছিলেন মগদের বিরুদ্ধে যুদ্ধ করতে। সুলতানের সম্মিলিত বাহিনী যুদ্ধে জয়ী হয়। কংসনারায়ণ বিজয়ী বীরবেশে তাহিরপুরে ফিরে এলেন। এর অনেক পরে বাংলার শাসনক্ষমতায় এলেন পাঠান অধিপতি সুলেমান করয়ানি। তাঁর অধীনে রাজা কংসনারায়ণ কিছুদিন ফৌজদারের দায়িত্ব পালন করেছিলেন। এরপর মোগল সম্রাট আকবর বাংলা অধিকার করতে খান খানান মুনিম খানকে পাঠালেন। সে সময় রাজা কংসনারায়ণ রায় সরাসরি মোগল সেনাদের পথপ্রদর্শক হিসেবে সহযোগিতা করেন। খান খানান মুনিম খান গৌড়ের মহামারিতে মৃত্যুবরণ করলে রাজা টোডরমল্ল বাংলা বিহারের দেওয়ানের দায়িত্বে ছিলেন। তিনি বাংলার ভূমিব্যবস্থার পরিবর্তন আনলেন এবং নতুনভাবে বন্দোবস্তের কাজ শুরু করলেন। এই সময়ে কংসনারায়ণ ‘রাজা’ উপাধি পেলেন এবং কিছুকাল বাংলা বিহারের অস্থায়ী দেওয়ান হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। বাংলা মোগলদের অনেকটা নিয়ন্ত্রণে এলে সম্রাট আকবর বাংলা বিহারের জন্য নতুন সুবেদার নিয়োগ দিয়ে রাজা কংসনারায়ণকে সুবেবাংলার দেওয়ান নিযুক্ত করেন। এ সময় তাঁর যথেষ্ট বয়স হয়েছে। তিনি দেওয়ানের দায়িত্ব ছেড়ে দিয়ে তাহিরপুরে ফিরে এলেন এবং ধর্মীয় ও সামাজিক কাজে আত্মনিয়োগ করলেন। সমসাময়িক বাংলার হিন্দু সমাজে তিনি চিরভাস্বর হয়ে থাকার মানসে একটি মহাযজ্ঞ করতে আগ্রহী হলেন। এই লক্ষ্যে তিনি তাঁর পরগণার সব শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ পণ্ডিতদের নিজ দরবারে আহ্বান করে তাঁদের মতামত চাইলেন। তাহিরপুরের পাশেই বাসুদেবপুর। সেখানকার ভট্টাচার্যরা বংশানুক্রমে তাহিরপুরের রাজাদের পুরোহিত ছিলেন। এই পুরোহিত-গোষ্ঠীর মধ্যে রমেশ শাস্ত্রী সমসাময়িককালে বাংলা বিহারের মধ্যে সর্বপ্রধান পণ্ডিত হিসেবে গণ্য ছিলেন। রাজা কংসনারায়ণের আহূত সভায় তিনি তাঁর মতামত এভাবেই দিয়েছিলেন ‘বিশ্বজিৎ, রাজসুয়, অশ্বমেধ ও গোমেধ এই চারিটি মহাযজ্ঞ নামে কথিত। বিশ্বজিৎ ও রাজসুয় কেবল সার্বভৌম সম্রাটেরা করিতে পারেন। তুমি বাদশাহের অধীন নৃপতি; ঐ দুই যজ্ঞ তোমার সাধ্যাতীত। অশ্বমেধ যজ্ঞ ও গোমেধ যজ্ঞ কলিতে নিষিদ্ধ। অপিচ এই যজ্ঞ চতুষ্টয় ক্ষত্রিয়ের জন্যই প্রসিদ্ধ; উহা ব্রাহ্মণের পক্ষে শোভনীয় নহে। তোমার পক্ষে দুর্গোৎসব ভিন্ন অন্য কোন মহাযজ্ঞ উপযুক্ত নাই। সত্য যুগে সুরথ রাজা আদ্যাশক্তির অর্চ্চনা করিয়া চতুর্ব্বর্গ ফল প্রাপ্ত হইয়াছিলেন। ত্রেতাযুগে স্বয়ং ভগবান রামচন্দ্র রাবণ বধের জন্য অকালে সেই পূজা করিয়াছিলেন। তাহার ফলশ্রুতি মধ্যে উক্ত আছে, যে কেহ রামচন্দ্রের বিধানে ভক্তিভাবে দুর্গোৎসব করিবে, সে সর্বযজ্ঞের ফললাভ করিবে। এই যজ্ঞ, সকল যুগে সকল জাতীয় লোকেই করিতে পারে এবং এই এক যজ্ঞেই সকল যজ্ঞের ফল হয়। অতএব, আমার বিবেচনায় তোমার এই যজ্ঞ কর্তব্য।’ সমাগত সব পণ্ডিত রমেশ শাস্ত্রীর এই মতামতকে সমর্থন করলেন। এভাবেই রাজা কংসনারায়ণ সেকালে সাড়ে আট লাখ টাকা ব্যয়ে রাজসিক বিধানে আধুনিক শারদীয় দুর্গোৎসব শুরু করলেন। যদিও মার্কন্ডেয় পুরাণে দুর্গোৎসবের কতক বৃত্তান্ত রয়েছে, কিন্তু সমগ্র বিধান কোনো প্রাচীন গ্রন্থে নেই। আধুনিক দুর্গোৎসব পদ্ধতি পণ্ডিত রমেশ শাস্ত্রী প্রণীত। এই মহাযজ্ঞের প্রথম অনুষ্ঠান হয়েছিল রাজা কংসনারায়ণ রায়ের ব্যক্তিগত উদ্যোগে ষোড়শ শতাব্দীর শেষ ভাগে। অনুষ্ঠানের স্থানটি ছিল বারনই নদীর পূর্ব তীরে রামরামা গ্রামের দুর্গামন্দিরে। এ কথা ঠিক নয় যে রাজা কংসনারায়ণই প্রথম এ দেশে দুর্গাপূজা করেছেন। তবে আধুনিক পদ্ধতিতে উৎসবের ঘনঘটায় তিনিই অদ্যাবধি এই মহাযজ্ঞ অনুষ্ঠানের প্রথম ব্যক্তি হিসেবে বিবেচিত। এই যজ্ঞের ধুমধাম, আনন্দ ও উৎসাহ দেখে সে যুগের অনেক রাজা ও সামন্ত জমিদারেরা মোহিত হয়েছিলেন। রাঢ় বাংলাতেও এই ঘটনার রেশ প্রতিধ্বনিত হয়েছিল। এরূপ উৎসাহ ও আনন্দ দেখে চাকলে ভাতুরিয়ার একটাকিয়া (গৌড়ের স্বাধীন সুলতানদের অধীনতা স্বীকারে এক টাকা মাত্র বার্ষিক খাজনা ধার্য ছিল) জমিদার ও ঠাকুর রাজা জগৎনারায়ণ ঈর্ষাপরবশ হয়ে রাজা কংসনারায়ণের রাজসিক আয়োজনকে হার মানানোর জন্য নয় লাখ টাকা ব্যয় করে সুরথ রাজার বিধানে বাসন্তী দুর্গোৎসব করলেন। কিন্তু বাসন্তীপূজা শারদীয় পূজার মতো প্রতিষ্ঠা পেল না। রাজা জগৎনারায়ণ তাঁর পুরোহিতকে এর কারণ জিজ্ঞাসা করলে পুরোহিত বলেছিলেন, ‘রাজা কংসনারায়ণ ধর্মার্থে শারদীয় পূজা করিয়াছেন, আর তুমি ঈর্ষা ও অহঙ্কারবশে বাসন্তী পূজা করিয়াছ; এই জন্য তাহার প্রতিষ্ঠা বেশী এবং তোমার প্রতিষ্ঠা কম হইয়াছে।’ রাজা জগৎনারায়ণ লজ্জিত হন। তার পর থেকে উভয় পূজাই তিনি যথাসময়ে করতেন।এই পূজার ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে আমরা প্রায় সবাই অবহিত। পণ্ডিত ব্যক্তিরা ধারণা করেন, প্রাচীনকালে ভারতের সৌমার অঞ্চলের (তিব্বতের উত্তরে এবং চীনের পশ্চিমের পর্বতশ্রেণী অঞ্চল) কিছু জনগোষ্ঠী তাইগ্রিস ইউফ্রেটিস নদীবিধৌত এলাকায় বসতি স্থাপন করে সেখানে গড়ে তুলেছিলেন সুমের সভ্যতা। এসব জনগোষ্ঠী সৌমার থেকে সঙ্গে করে নিয়ে গিয়েছিল তাদের মাতৃদেবীকে। বেদ কিংবা সিন্ধু সভ্যতায় মাতৃদেবীর অস্তিত্ব না থাকলেও উত্তর- পশ্চিম ভারতের পর্বতাঞ্চলে দূর-অতীতে পার্বত্য মাতৃদেবীর পূজা প্রচলিত ছিল বলে পণ্ডিতেরা মনে করেন। এর কারণ হচ্ছে, মেসোপটেমিয়ায় সুমের সভ্যতার মাতৃদেবীর সঙ্গে বাঙালির দেবী দুর্গার অনেক সাদৃশ্য রয়েছে। উভয়ের মাতৃদেবী কুমারী হিসেবে কল্পিত। উভয় ক্ষেত্রেই মাতৃদেবীর বাহন সিংহ এবং উভয় দেবীই রণনিপুণা। সুমেরের মাতৃদেবী পর্বতের দেবী। দুর্গাও ঠিক তাই।শাস্ত্রীয় পণ্ডিতেরা বিশ্বাস করেন দুর্গা উৎপাদনশীলতার দেবী। আদিবাসী প্রাচীন সমাজে দুর্গা কৃষিজ উৎপাদনের দেবীরূপেই কল্পিত হয়ে এসেছেন। শস্যপ্রসবিনী দেবীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন, সহায়তা প্রার্থনা ও আনন্দ-উৎসবই হচ্ছে আদি বাঙালির দুর্গাপূজা। যে দেবী মানবের স্বার্থবিরোধী অসুরকে বধ করে মানবজাতিকে রক্ষা করেন, তিনিই রণদেবী দুর্গা।রাজা কংসনারায়ণ হয়তো বা শুধু ধর্মীয় কারণেই আজ থেকে প্রায় সাড়ে ৪০০ বছর আগে মহাসমারোহে রাজসিক বিধানে বাংলায় প্রথম দুর্গোৎসবের আয়োজন করে মহাযজ্ঞ সমাধা করেছেন। তারপর ধীরে ধীরে শারদীয় দুর্গোৎসব বাংলার সাধারণ মানুষের সামাজিক উৎসবে পরিণত হয়েছে।ঐতিহাসিক মূল্যবিচারে রামরামা একটি পুণ্যস্থান ও তীর্থভূমি। আমাদের ইতিহাস-বিমুখতার কারণে আমরা কোটি কোটি বাঙালির কাছে এই পুণ্যভূমির সন্ধান দিতে ব্যর্থ হয়েছি। এই মহাযজ্ঞের রূপকার নাটোরের বাসুদেবপুর অঞ্চলের ভট্টাচার্যরা। এই বংশের পণ্ডিত রমেশ শাস্ত্রীর প্রণীত পদ্ধতিতে এখন অবধি এই পূজা চলে। নাটোর ও রাজশাহী জেলার বিভিন্ন গ্রামে এখনো এই বংশের ভট্টাচার্যরা বিচ্ছিন্নভাবে বসবাস করছেন। এই পূজার কারণে তাহিরপুর অঞ্চলে শিল্পীগোষ্ঠীর (মালাকার) উদ্ভব ঘটেছিল। দীর্ঘকাল তাহিরপুর এলাকার শিল্পীরা দেবদেবীর মূর্তি তৈরিতে বিশেষ মুনশিয়ানা দেখিয়েছেন। এখনকার দিনে আমরা ঢাকা, নারায়ণগঞ্জ কিংবা কলকাতার কুমারটুলীর শিল্পীদের কথা বলি। কিন্তু সে আমলে রাজাদের পৃষ্ঠপোষকতায় যে শিল্পীগোষ্ঠীর সৃষ্টি হয়েছিল, কালের আবর্তে এখন আর তাঁদের সে দিন নেই।মাহবুব সিদ্দিকী: সভাপতি, হেরিটেজ, রাজশাহী