দুর্ঘটনা, অবরোধে যানজট, দুর্ভোগ ঘরমুখী মানুষের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে যানজটের কারণে গতকাল শুক্রবার ঈদে ঘরমুখী মানুষকে চরম দুর্ভোগ ও ভোগান্তি পোহাতে হয়েছে। যানবাহনের সংখ্যা বৃদ্ধি, তিনটি স্থানে দুর্ঘটনা, শ্রমিকদের অবরোধ ও মহাসড়কের পাশের পশুর হাট এসব যানজটের কারণ।সকাল থেকেই এই মহাসড়কে ঈদে ঘরমুখী মানুষকে বহনকারী যানবাহনের সংখ্যা বাড়তে থাকে। ফলে বাড়তে থাকে যানজটও। অনেক বাস থামিয়ে যাত্রী ওঠানোর কারণেও যানজট হয়। এ ছাড়া এবড়োখেবড়ো মহাসড়কের কারণে ভালুকা থেকে কয়েকটি স্থানে যানবাহন চলেছে খুব ধীরে। মহাসড়কের টঙ্গীর স্টেশন রোড, চেরাগ আলী, গাজীপুরা, জয়দেবপুর চৌরাস্তা, শ্রীপুরের মাওনা চৌরাস্তা, জৈনাবাজার থেকে ময়মনসিংহের ভালুকার ভরাডোবা পর্যন্ত থেমে থেমে যানজট ছিল।ময়মনসিংহ শহরের মাসকান্দা স্টেশনে বাসচালক উৎপল বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মেরামতকাজ হলেও ভালুকা কলেজ এলাকা, বগার বাজার, ত্রিশালের নওধারসহ বেশ কয়েকটি স্থানে ঠিকমতো কাজ হয়নি। এবড়োখেবড়ো এসব স্থানে ধীরগতিতে বাস চালাতে হয়েছে।দুর্ঘটনায় যানজট: বেলা ১১টার দিকে গাজীপুর সদর উপজেলার দক্ষিণ সালনা এলাকায় একটি ট্যাক্সিক্যাব বিকল হয়। ট্যাক্সিক্যাবটির চালক মো. জাফর উল্লাহ (৪৫) ঠেলে ক্যাবটি ঢাকার দিকে এগোনোর চেষ্টা করছিলেন। এ সময় একটি ট্রাক পেছন থেকে তাঁকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে জাফর নিহত হন ও ক্যাবটি আড়াআড়িভাবে মহাসড়কে পড়ে থাকে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। আধা ঘণ্টা পর পুলিশ গিয়ে ক্যাবটি সরিয়ে নিয়ে যান চলাচল শুরু হয়। কিন্তু এর আগে সৃষ্ট যানজটে আটকে পড়া যানবাহনের যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছে।সকাল পৌনে আটটার দিকে মহাসড়কের ভালুকার জামিরদিয়া মাস্টারবাড়ী এলাকায় ঢাকাগামী গাড়ির সঙ্গে বিপরীতমুখী ট্রাকের সংঘর্ষে গাড়িচালক মিন্টু মিয়াসহ (৩০) পাঁচজন গুরুতর আহত হন। এতে সেখানে যান চলাচল ব্যাহত হয়ে যানজটের সৃষ্টি হয়।এর ১৫-২০ মিনিট পর ওই এলাকার ১০ কিলোমিটার দূরে ভালুকার কাঁঠালী বাঘড়াপাড়ায় ঢাকাগামী গরুবোঝাই ট্রাকের চাপায় সাইকেল আরোহী জসিম উদ্দিন (৫০) গুরুতর আহত হন। ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ দুর্ঘটনার পরও যানজট হয়।মহাসড়ক অবরোধ: অক্টোবরের বেতন ও ঈদ বোনাস না দেওয়ার প্রতিবাদে টঙ্গীর হোসেন মার্কেট এলাকার এলিটজা সোয়েটার লিমিটেড নামের কারখানার শ্রমিকেরা বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ গিয়ে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আধা ঘণ্টা পর যান চলাচল আবার শুরু হয়।সড়ক বন্ধ করে পশুর হাট: টঙ্গী স্টেশন রোড-কামারপাড়া সড়ক বন্ধ করে কোরবানির পশুর হাট বসায় ওই সড়কের যানগুলোকে অন্য পথে চলতে হওয়ায় টঙ্গী ও আবদুল্লাহপুরে যানজট হয়েছে। অনেক ক্রেতা পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলে আসায় টঙ্গীতে যানগুলোকে থেমে থেমে চলতে হয়।কামারপাড়া সড়কে পশুর হাট বসানোর ব্যাপারে টঙ্গী পৌরসভার মেয়র আজমত উল্যাহ খান বলেন, যানবাহন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটলেও এলাকাবাসীর চাহিদার কারণে জায়গার অভাবে ওই স্থানে হাট বসানো হয়েছে।যানজটের ব্যাপারে গাজীপুরের নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বলেন, দুপুর থেকে এই মহাসড়কে যানবাহনের চাপ ক্রমাগত বাড়তে থাকে। দূরপাল্লার বাসের চাপ বেশি হওয়ায় থেমে থেমে চলতে গিয়ে দীর্ঘ সারির সৃষ্টি হচ্ছে। ফলে যানজট নিরসনে হিমশিম খেতে হচ্ছে।গাজীপুরের পুলিশ সুপার আবদুল বাতেন বলেন, ‘গাজীপুরে মহাসড়কে যানজট কমাতে পুলিশ বেশ তৎপর। বিভিন্ন স্থানে এক হাজারের মতো পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। ১২ ঘণ্টা করে দুই পালায় তাঁরা দায়িত্ব পালন করছেন। আমি নিজেও মহাসড়কে তদারকি করছি।’