যেন বয়সের ভারে নুয়ে পড়েছে বগুড়ার শেরপুর ডিজে হাইস্কুল। প্রাচীন এই শিক্ষাপ্রতিষ্ঠানের মেয়াদোত্তীর্ণ বিল্ডিংয়ের পুরোনো দালান যেকোনো সময় ভেঙে গিয়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তার পরও থেমে নেই এর শিক্ষাকার্যক্রম। শিক্ষকেরা জানিয়েছেন, প্রতিষ্ঠানটি ১৫২ বছরের পুরোনো হলেও সরকারের নজর পড়েনি।সরেজমিনে দেখা যায়, শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণীকক্ষের পলেস্তারা খসে পড়ছে। পাঠদানের সময় শিক্ষার্থীদের আতঙ্কে থাকতে হয়। জানা যায়, স্কুলটির গোড়াপত্তন হয় ১৮৫৮ সালে, মাইনর ইংলিশ স্কুল নামে। পরবর্তী সময়ে ১৮৯৭ সালে মহারানি ভিক্টোরিয়ার হীরকজয়ন্তী উত্সব স্মরণীয় করে রাখতে শেরপুর ডায়মন্ড জুবলি ইংলিশ হাইস্কুল হিসেবে বিদ্যালয়টির নামকরণ করা হয়। ইংরেজ শাসনের অবসান ঘটলে ইংলিশ শব্দটি বাদ দিয়ে সংক্ষিপ্ত আকারে নামকরণ করা হয় শেরপুর ডিজে হাইস্কুল। সেই সময়কার শেরপুরের মুন্সী জমিদার পরিবার এ স্কুলটি প্রতিষ্ঠা করেন।শিক্ষক নরেশচন্দ্র সরকার জানান, তত্কালীন মুন্সী-পরিবারের স্বর্গীয় রাধারমণ মুন্সী, স্বর্গীয় চন্দ্রকিশোর মুন্সী ও স্বর্গীয় রায়কালীকিশোর মুন্সী এলাকার সন্তানদের শিক্ষিত করে গড়ে তুলতে প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। তিনি আরও জানান, বর্তমানে আসবাবপত্রের অভাবে বিদ্যালয়ের লাইব্রেরির পুরোনো বই এবং অনেক মূল্যবান রেকর্ড নষ্ট হতে বসেছে।অষ্টম শ্রেণীর ছাত্র ফারহানা রহমান, দশম শ্রেণীর ছাত্র পলি সাহা ও নবম শ্রেণীর ছাত্র শাহাদত হোসেন জানায়, ক্লাস করার সময় প্রায়ই শ্রেণীকক্ষের পলেস্তারা খসে পড়ে। বর্ষাকালে বৃষ্টির পানি চুইয়ে চুইয়ে পড়ায় জামাকাপড় ও বইখাতা ভিজে যায়। অভিভাবক সুব্রত সাহা জানান, সন্তানকে স্কুলে পাঠিয়ে তিনি উত্কণ্ঠার মধ্যে থাকেন। স্কুলের শিক্ষক তাপস বসাক জানান, ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানটির ওপর সরকারের সুনজরের অভাবে পরিকল্পিত ভবন গড়ে ওঠেনি। স্কুল পরিচালনা কমিটির সভাপতি আবুল কাশেম জানান, ভবনগুলো ভেঙে জরুরি ভিত্তিতে নতুন করে নির্মাণ করা দরকার। স্কুলের নিজস্ব অর্থ না থাকায় তা আর সম্ভব হয়ে উঠছে না।প্রধান শিক্ষক কোরবান আলী জানান, স্কুলে প্রায় সাড়ে এক হাজার ২০০ ছাত্রছাত্রী লেখাপড়া করছে। আর শিক্ষক ও কর্মচারীর সংখ্যা ৪৬ জন। শ্রেণীকক্ষের সংকট রয়েছে। ছাত্রছাত্রীর সংখ্যা বেশি হওয়ায় নির্ধারিত শিক্ষককে দিয়ে ক্লাস চালানো সম্ভব হয় না। ফলে মাস্টাররোলে চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, যাঁদের বেতন স্কুল কমিটিকেই বহন করতে হয়।