দুর্ঘটনা ঘটছে আইনের পরিবেশ ও শাসনের অভাবে
বড় মাপের ভূমিকম্প ঢাকা মহানগরে সংঘটিত হলে ভয়াবহ ধ্বংসযজ্ঞের আশঙ্কার কথা প্রায়ই প্রকাশ করা হয়ে থাকে গণমাধ্যমে। বড়সড় ভূমিকম্প হলে একের পর এক দালানকোঠা যেমন ধসে পড়বে, তেমনি এলাকার পর এলাকাজুড়ে আগুন লেগে যাবে বিদ্যুত্, গ্যাস, রাসায়নিক দ্রব্য ইত্যাদির কারণে। তারই ক্ষুদ্রাতিক্ষুদ্র আলামত যেন প্রত্যক্ষ করলাম আমরা কিছুদিন ধরে। অ। প্রতিনিয়ত আশঙ্কায় থেকে যখন ভাবি আইনকানুন, নিয়মনীতি, বিধিবিধান না মেনে দায়িত্বজ্ঞানহীন, ফাঁকিবাজ তত্ত্বাবধায়কের ওপর ছেড়ে দিয়ে যাঁরা যত্রতত্র, যেভাবে পারেন সেভাবেই, ভবনের পর ভবন, তলার ওপর তলা তৈরি করে যাচ্ছেন, তাঁদের মধ্যে এসব দুর্ঘটনায় কি সামান্যতম বোধোদয় হবে?ইমারত নির্মাণ-সংক্রান্ত যেসব আইনকানুন ও বিধিবিধান রয়েছে, যাঁরা সেসব মেনে বা না মেনে বিপুল অর্থ ব্যয় করে বাড়িঘর তৈরি করেছেন তাঁরা কেউই সেগুলো পড়েছেন বা দেখেছেন বলে মনে হয় না। কারণ পাঁচ কোটি টাকা খরচ করে ভবন করলেও পাঁচ শতাধিক টাকা দিয়ে বিল্ডিং কোডটি কিনতে বললে কিনবেন কি না সন্দেহ আছে। উল্টো বলবেন, ওটা স্থপতি ও প্রকৌশলীরা কিনবেন, পড়বেন এবং সে অনুযায়ী কিংবা সেটা লঙ্ঘন করে তাঁর বাড়ি তৈরি করে দেবেন। যাঁরা স্থপতি ও প্রকৌশলী নিয়োগ দেবেন না, তাঁরা ঠিকাদার বা মিস্ত্রির পরামর্শে বাড়িঘর তৈরি করবেন আইনকানুনের তোয়াক্কা না করে। এটাই এখন চলছে।ইমারত নির্মাণের জন্য মূল বা জনক আইন (প্যারেন্ট ল) হলো ইমারত নির্মাণ আইন, ১৯৫২। এর অধীনে প্রথম ইমারত নির্মাণ বিধিমালা প্রণয়ন হয় ১৯৫৩ সালে ইংরেজিতে। সেটা বাতিল করে দ্বিতীয় বিধিমালা হয় ১৯৯৪ সালে বাংলায়। অবশেষে এটা বাতিল করে তৃতীয় বিধিমালা হয় ১৯৯৬ সালে, যা বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম মহানগর ছাড়া সারা দেশের ক্ষেত্রে প্রযোজ্য। ঢাকা ও চট্টগ্রাম মহানগরের জন্য ২০০৮ সালে দুটো ইমারত (নির্মাণ, উন্নয়ন, সংরক্ষণ ও অপসারণ) বিধিমালা আলাদা শিরোনামে জারি করা হয়েছে। ১৯৫২ সালের ওই আইনের অধীনে এ তিনটি বিধিমালা ছাড়াও ১৯৯৩ সালে প্রণীত ‘বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড’ ২০০৬ সালে কার্যকর করা হয়।এখানে প্রসঙ্গক্রমে একটি কথা উল্লেখ করতে হয়, সরকারি কাজে বা উদ্দেশ্যে ব্যবহূত বা প্রয়োজনীয় হবে এমন যেকোনো ইমারত নির্মাণ, পুনর্নির্মাণ ইত্যাদি কাজে ওপরে বর্ণিত আইন, বিধিমালা ও কোড—কোনোটাই প্রযোজ্য হবে না। সরকারি ইমারত আইন, ১৮৯৯ দ্বারা সরকারের ইমারতগুলোকে ওই আইনগুলো থেকে অব্যাহতি দেওয়া হয়, যা আমাদের অনেকেরই অজানা।আমাদের বাড়িঘর নির্মাণে ‘ইমারত নির্মাণ আইন, ১৯৫২’ নামে যে মূল আইনের উল্লেখ ওপরে করা হয়েছে, সেখানে কয়েকটি বিষয়ের ওপর কর্তৃপক্ষকে যথাযথ ক্ষমতা দিয়ে কতিপয় মৌলিক বিধান করা আছে, যার কয়েকটি নিচে দেওয়া হলো: ক. কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তার অনুমোদন ছাড়া কোনো ইমারত নির্মাণ, জলাধার খনন, পাহাড় কর্তন ইত্যাদি করা যাবে না। খ. কোনো ভূমি বা অনুমোদিত ইমারত যে উদ্দেশ্যে ব্যবহার করার অনুমতি শর্ত-সাপেক্ষে দেওয়া হয়েছে, সেটা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না।গ. ওপরের (ক) ও (খ) বিধান লঙ্ঘন করে উল্লিখিত কোনো কিছু করা হলে পাঁচ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা দিতে হবে। নির্দেশমতো পরিবর্তন বা সংযোজন করতে হবে এবং নির্ধারিত ফিসের ১০ গুণ পরিশোধ করে পুনরায় অনুমোদন নিতে হবে।ঘ. অস্থায়ী যেকোনো বাড়িঘর অপসারণ করা যাবে।ঙ. অননুমোদিত বাড়িঘরে ভোগদখলকারীদের উত্খাত করা যাবে এবং উত্খাতের পর মালিক বা ভোগদখলকারীদের খরচে ওই সব বাড়িঘর অপসারণ করা যাবে।চ. ইমারত নির্মাণে আইন, বিধিমালা ও কোডের যেকোনো শাস্তিযোগ্য বিধান ২০০৬ সালের পর থেকে অমান্য করলে অমান্যকারীকে অনধিক সাত বছরের জেল বা কমপক্ষে পঞ্চাশ হাজার টাকা জরিমানা কিংবা উভয়বিধ দণ্ডে দণ্ডিত করা যাবে। অপরদিকে, ২০০৮ সালে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের জন্য যে ইমারত নির্মাণ, উন্নয়ন, সংরক্ষণ ও অপসারণের প্রায় অভিন্ন বিধিমালা করা হয়েছে, তার প্রতিটিতে মোট ৬৮টি বড়সড় বিধি রয়েছে। এ বিধিগুলোতে ১৯৫২ সালের মূল ইমারত নির্মাণ আইনের মৌলিক বিধানগুলোর ওপর ভিত্তি করে বিস্তারিত বিধানাবলি ও ফরমগুলো দেওয়া আছে। ওই বিধানাবলি ও ফরমগুলো মহানগরের ক্ষেত্রে ২০০৬ সালের ১৬ এপ্রিল এবং চট্টগ্রাম মহানগরের ক্ষেত্রে ২০০৮ সালের ৮ অক্টোবর থেকে কার্যকর করা হয়।অন্যদিকে, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যার আকারে মোট ১২৯৫ পৃষ্ঠা-সংবলিত। সহজেই অনুমান করা যায়, এ কোডের আধেয় কত ব্যাপক ও বিস্তৃত, কত সম্যক ও সামুদয়িক। এ কোড ১৯৯৩ সালে প্রণীত হলেও ২০০৬ সালের ১৫ নভেম্বর থেকে সারা দেশে কার্যকর করা হয়।নির্মাণ করার আগে যে জমির ওপর ইমারত হবে, তার মাটি পরীক্ষা-নিরীক্ষার বিধান দেওয়া আছে বিল্ডিং কোডের ষষ্ঠ ভাগের প্রথম ও তৃতীয় অধ্যায়ে। সেখানে বলা হয়েছে, মাটির ভার বহন ক্ষমতা এমন যথেষ্ট পরিমাপের হতে হবে, যাতে ইমারতকাঠামো এবং এর মধ্যকার সম্ভাব্য সব নির্ধারিত লোড বা বোঝা বহন করার সামর্থ্য থাকে। মাটির সামর্থ্য পরীক্ষার পর প্রয়োজনে নির্দিষ্ট করে দেওয়া আছে ফুটিং, পাইল, পিয়ার ও কাইসন জাতীয় ভিত্তি স্থাপন পদ্ধতি অনুসরণ করার বিধান। আর মহানগর ইমারত নির্মাণ বিধিমালার ১৩ বিধি অনুসারে ৩০১ নম্বর ফরম পূরণ করে জমির মালিককে আবেদনের সঙ্গে মৃত্তিকা পরীক্ষার রিপোর্ট এবং সে মোতাবেক যাবতীয় নির্মাণ নকশা সংশ্লিষ্ট সংস্থায় জমা দিতে হয়।একইভাবে অগ্নিনিরাপত্তা সম্পর্কে মহানগর ইমারত নির্মাণ বিধিমালার ৫৯ বিধিতে বলা হয়েছে:ক. ইমারতে অগ্নি-নির্বাপণ যন্ত্র দ্বারা নিরাপত্তার সব ব্যবস্থা বিধিমালা অনুযায়ী নিশ্চিত করতে হবে।খ. ইমারতে জরুরি প্রস্থান (ইমারজেন্সি এক্সিট) ব্যবস্থাসহ এর প্রদর্শনকারী দিকচিহ্ন থাকতে হবে। একই বিষয়ে বিল্ডিং কোডের তৃতীয় ভাগের তৃতীয় অধ্যায়ে এবং চতুর্থ ভাগের প্রথম থেকে পঞ্চম অধ্যায়ে অগ্নি-প্রতিরোধক ও অগ্নি-নিরাপত্তাজনক ব্যবস্থার যাবতীয় বিধান সন্নিবেশিত আছে। অতএব দেখা যাচ্ছে, মহানগর নির্মাণ বিধিমালা ও বিল্ডিং কোড অনুসরণ করা হলে বেগুনবাড়ির ওই ভবন উপড়ে পড়ত না এবং নিমতলীর ওই ভবনে আগুন লাগলেও লোকজন, অন্তত এত লোকজন মারা যেত না।একটি বিবেচ্য বিষয় হচ্ছে, ওই ভবন দুটি ২০০৬ সালের আগে নির্মিত হয়ে থাকলে রাজউক ওই বিধিমালা ও বিল্ডিং কোডের বিধান ভবন-মালিকদের বিরুদ্ধে প্রয়োগ করতে পারবে না। কারণ, ওগুলো কার্যকর হয় ২০০৬ সালের পর যা ওপরে উল্লেখ করা হয়েছে। যদিও ১৯৯৬ সালের ইমারত নির্মাণ বিধিমালায় অগ্নিনির্বাপণ যন্ত্র ও অগ্নি-নিরাপত্তার অন্যান্য ব্যবস্থা গ্রহণ করার বিধান রাখা হয়। কিন্তু পুরো বিধিমালার কোনো বিধানের লঙ্ঘনই শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করার আইনি ব্যবস্থা রাখা হয়নি। তবে রাজউক ভবনের অবৈধ অংশটুকুর জন্য আইনি ব্যবস্থা নিতে পারবে ।অতএব, যত ঘটনা-দুর্ঘটনা দেশে হচ্ছে, তার পেছনে দায়ী আইনের কাঙ্ক্ষিত পরিবেশ ও শাসনের অভাব। স্বভাবতই প্রশ্ন উঠবে, তাহলে ভবন উপড়ে পড়ায় ও আগুন লাগায় যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য ভবন-মালিকের বিরুদ্ধে কি কোনো আইনি ব্যবস্থা নেওয়া যাবে না? অবশ্যই যাবে। ক্ষতিপূরণের জন্য দেওয়ানি মোকদ্দমা আর হতাহত মানুষের জন্য দণ্ডবিধিতে ফৌজদারি মামলা ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা অবশ্যই করতে পারবে।লেখক আইন-গবেষক ও গ্রন্থপ্রণেতা।