দুর্ঘটনা নয়, একটি এজেন্সি হামলা চালিয়েছে: খালেদা
বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া অভিযোগ করেছেন, সিরাজগঞ্জের সমাবেশ বানচাল করতে সরকার ইচ্ছাকৃতভাবে রেল দুর্ঘটনা ঘটিয়েছে। তিনি দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের জন্য দুঃখ প্রকাশ করেন।গতকাল সোমবার বিকেলে সিরাজগঞ্জের সয়দাবাদ মুলিবাড়ী রেলগেট মাঠে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।এরপর সন্ধ্যায় নাটোরের বড়াইগ্রামে নিহত দলীয় নেতা ও উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূরের শোকসভায় খালেদা জিয়া অভিযোগ করেন, ‘সিরাজগঞ্জের সমাবেশে সরকারের একটি এজেন্সি আগন্তুকদের ওপর পরিকল্পিত হামলা চালিয়েছে। এটা কোনো দুর্ঘটনা হতে পারে না। এটা সরকারের পরিকল্পিত সন্ত্রাস। তারা বুঝেশুনে এটা করেছে। সরকারকে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। নইলে জনগণ ছাড়বে না। প্রকাশ্যে তাদের বিচার করা হবে।’স্বৈরাচার পতনের আন্দোলনে নিহত নাজির উদ্দিন জেহাদের ২০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে সমাবেশটির আয়োজন করে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। ছাত্রদলের সভাপতি সুলতান সালাহউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান মাহমুদ, বিএনপির কেন্দ্রীয় নেতা আমানউল্লাহ আমান, নাদিম মোস্তফা, মিজানুর রহমান মিনু, ইলিয়াস আলী, ফজলুল হক মিলন, নাজিমউদ্দিন আলম, ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান প্রমুখ।সমাবেশে বিএনপির চেয়ারপারসন সবাইকে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকার অনেক রক্ত ঝরিয়েছে। দরকার হলে আরও রক্তক্ষরণ হবে। তবু গণতন্ত্রের নামধারী স্বৈরাচার সরকারকে হটাতে হবে। তিনি ছাত্রদের উদ্দেশে বলেন, ‘পড়াশোনা করো, পাশাপাশি জাতির জন্য আন্দোলনে শরিক হও।’গত ২২ মাসে জনগণের জন্য সরকার কিছুই করতে পারেনি বলে অভিযোগ করে বিএনপির চেয়ারপারসন বলেন, সরকারের অর্জন বলতে সারা দেশে শুধু টেন্ডারবাজি, চাঁদাবাজি, দলবাজি, তদবিরবাজি, ধান্দাবাজি, মামলা-হামলা, হত্যা-গুম আর নাম বদল ছাড়া কিছু নেই। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানও মন্তব্য করেছেন—বাংলাদেশ বাজিকরদের হাতে।খালেদা জিয়া বলেন, বাজিকরদের হাতে দেশ থাকলে দেশের মানুষের নিরাপত্তা থাকবে না। দেশের কোনো উন্নয়ন ও কল্যাণ হবে না। মানুষ শান্তি পাবে না। এই সরকারের পায়ের নিচে মাটি নেই। জনগণ এদের ক্ষমতায় দেখতে চায় না। তিনি প্রশাসনের উদ্দেশে বলেন, ‘আপনারা সরকারের অনৈতিক কাজের সঙ্গে থাকবেন না। কেউ এ ধরনের কাজ করলে ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় এসে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’বিকেল সোয়া পাঁচটায় বক্তব্য শেষ করে খালেদা জিয়া সিরাজগঞ্জ থেকে নাটোরের উদ্দেশে রওনা হন।এর আগে গতকাল বেলা ১১টায় ঢাকা সেনানিবাসের বাসা থেকে খালেদা জিয়া সিরাজগঞ্জের উদ্দেশে রওনা হন। টঙ্গী, গাজীপুর, কালিয়াকৈর, মির্জাপুরসহ বিভিন্ন জায়গায় সড়কের পাশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দাঁড়িয়ে তাঁকে অভিনন্দন জানান। খালেদা জিয়াও হাত নেড়ে তাঁদের শুভেচ্ছা জানান।বড়াইগ্রামে শোকসভায় খালেদা: নাটোর প্রতিনিধি জানান, গতকাল সন্ধ্যায় নাটোরের বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিহত উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূরের শোকসভায় যোগ দেন খালেদা জিয়া। শোকসভায় তিনি বলেন, ‘আমরা একের পর এক জানাজায় শরিক হতে চাই না, শোকসভাও করতে চাই না। ঐক্যবদ্ধ হয়ে সানাউল্লাহ নূরসহ সব খুনের বদলা নিতে চাই। খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে চাই। জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা অবশ্যই এসব হত্যার বিচার করব।’জেলা বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদারের সভাপতিত্বে শোকসভায় বিএনপির চেয়ারপারসন বলেন, এই সরকার জনগণের ভোটে আসেনি। তারা ফখরুদ্দীন-মইন উদ্দিনের সৃষ্টি। তারা এখন বিএনপিকে নির্মূল করতে মরিয়া হয়ে উঠেছে, একের পর এক বিএনপির নেতা-কর্মীকে হত্যা করছে। তিনি অভিযোগ করেন, ‘তারা তাদের এজেন্সির মাধ্যমে ঢাকার ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী আলমকে অপহরণ করেছে। আজ অবধি তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে তারা নীরব ভূমিকা পালন করছে।’খালেদা জিয়া বলেন, সরকার জিনিসের দাম কমাতে চেয়েছিল। কিন্তু তারা তা পারেনি। এখন চালের দাম ৪০ টাকা, ডাল ১০০ টাকা। মানুষকে বিদ্যুৎ দিতে পারে না, গ্যাস দিতে পারে না। রাত নয়টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখছে। মা-বোনেরা রান্না করতে পারছে না। শিল্প বন্ধ হয়ে যাচ্ছে। আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। উন্নয়ন থেমে গেছে।সন্ধ্যা সাড়ে সাতটা থেকে বিরোধীদলীয় নেত্রী প্রায় ৫০ মিনিট বক্তব্য দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আ স ম হান্নান শাহ, নজরুল ইসলাম খান, সারওয়ারি রহমান, ঢাকার মেয়র সাদেক হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু, সাংবাদিক শফিক রেহমান প্রমুখ।এর আগে সন্ধ্যা সাতটায় নাটোরের বড়াইগ্রাম উপজেলার নিহত চেয়ারম্যান সানাউল্লাহ নূরের বাসায় যান খালেদা জিয়া। তিনি ১৫ মিনিট সেখানে অবস্থান করেন এবং সানাউল্লাহ নূরের স্ত্রী মহুয়া নূর, তিন কন্যাসহ পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।