ভাইয়ের লাশের জন্য রাত থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে অপেক্ষা করছেন জাকির হোসেন। তাঁরা কয় ভাই জিজ্ঞেস করতেই কেঁদে দিলেন জাকির, ‘পাঁচ ভাই এক বোন ছিলাম, আর এখন...।’গত শনিবার সন্ধ্যায় জাকিরের সামনেই মারা গেছেন তাঁর ভাই আবুল বশর। দুজনই সীমা স্টিল নামের জাহাজভাঙা ইয়ার্ডের শ্রমিক। ঘটনার সময় কিছু দূরে দাঁড়ানো ছিলেন জাকির। হঠাৎ একটি প্লেট এসে পড়ে বশরসহ কয়েকজনের ওপর। ওই ঘটনায় মারা গেছেন আরও দুজন।গত বছরের মার্চে হাইকোর্টের এক রায়ে বলা হয়, জাহাজভাঙাশিল্পে দুর্ঘটনায় গত ২০ বছরে ৪০০ শ্রমিক নিহত হয়েছেন। একই সময় ছয় হাজার শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তবে প্রকৃত সংখ্যা এর চেয়ে বেশি বলে শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অভিযোগ করেন। কারণ অনেক সময় দুর্ঘটনার পর ইয়ার্ডের লোকজন লাশ গুম করেন। এর পরও কোনো প্রতিষ্ঠান দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘দুর্ঘটনার পর অনেক সময় ইয়ার্ডে লাশ গুম করে ফেলা হয়। ফলে অনেক সময় হতাহতের সঠিক তথ্য পাওয়া যায় না। এসব ঘটনায় অপমৃত্যু মামলা করেই সবার দায়িত্ব শেষ। বিপজ্জনকভাবে জাহাজ কাটার জন্য শাস্তির ব্যবস্থা রাখা দরকার।’জানা গেছে, সীমা স্টিলে তিনজনের মৃত্যুর ঘটনায় সীতাকুণ্ড থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম শ্রম দপ্তর থেকে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ঘন ঘন দুর্ঘটনা ও ইয়ার্ডের পরিবেশদূষণ দেখতে আগামী মাসে সংসদীয় স্থায়ী কমিটি চট্টগ্রাম আসছে। শ্রম মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ইস্রাফিল আলম বলেন, ‘ইয়ার্ডে পর পর দুর্ঘটনা উদ্বেগজনক। আমরা জাহাজভাঙা ইয়ার্ড পরিদর্শনে যাব।’বিস্ফোরক অধিদপ্তর, গ্রিনপিস ও বেলার হিসাবে দেখা গেছে, জাহাজভাঙা ইয়ার্ডে ২০০৯ সালে ২৩ জন, ২০০৮ সালে ১৫ জন, ২০০৭ সালে আটজন, ২০০৬ সালে ১০ জন, ২০০৫ সালে সাতজন, ২০০৪ সালে তিনজন শ্রমিক দুর্ঘটনায় মারা গেছেন। এর আগে ২০০০ সালে ২০ জন শ্রমিকের মৃত্যু হয়। গতকাল মর্গে ময়নাতদন্ত শেষে নিহত বশরের লাশ বাসায় নিয়ে যাওয়া হয়। অন্য দুজন মো. ফারুকের (৩২) লাশ নোয়খালীর মইশছড়া এবং আবুল কালামের (২০) লাশ স্বজনেরা নিয়ে গেছেন। কালামের বাড়ি বগুড়ার সোনাতলায়। গত মাসে জেডএন এন্টারপ্রাইজ নামের আরেকটি ইয়ার্ডে দুর্ঘটনায় সাত শ্রমিক আহত হন। এর আগে গত ১২ জুলাই সোনাইছড়ির সুলতানা শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি অয়েল ট্যাংকার কাটার সময় এক শ্রমিক নিহত ও চারজন আহত হন। জুলাইয়ে পৃথক তিনটি দুর্ঘটনায় দুজন নিহত ও চারজন আহত হন। গত ৫ আগস্ট এসবি এন্টারপ্রাইজ নামের একটি ইয়ার্ডে দুর্ঘটনায় মারা যান সিরাজুল ইসলাম নামের এক শ্রমিক। গত বছরের ২৬ ডিসেম্বর রহিম স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে সাত শ্রমিক নিহত ও পাঁচজন আহত হন।শনিবার নিহত বশরের ভাই জাকির বলেন, ‘ভাইয়ের মৃত্যুর কথা শুনে মা জরিনা বেগম কেঁদে বুক ভাসাচ্ছেন। একমাত্র শিশুসন্তানকে কী বলে সান্ত্বনা দেব এখন।’ তিনি জানান, প্রায় ১৫০ ফুট লম্বা একটি প্লেট চাপা পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।ফারুকের বাবা আবু জাফর ছেলের এমন মৃত্যু কোনোভাবেই মানতে পারছিলেন না। তাঁর কান্নায় ভারী হয়ে ওঠে মর্গের পরিবেশ। ফারুকের ফুফাতো ভাই কামাল হোসেন জানান, ‘তিন ভাই দুই বোনের মধ্যে ফারুক সবার বড়। বছর খানেক আগে সে ইয়ার্ডে চাকরি নেয়।’ফারুকের চাচা মো. জাকের বলেন, ‘আমরা ঘটনার পর পর ইয়ার্ডে যাই। সেখান থেকে লাশ নিয়ে রাতে হাসপাতালে আসি। আমাদের শুধু গাড়ি ভাড়ার টাকা দেওয়া হয়।’ তবে সীমা স্টিলের ব্যবস্থাপক কামাল উদ্দিন বলেন, হতাহত ব্যক্তিদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হবে।আবুল কালামের লাশ নিতে আসেন তাঁর চাচা মো. সুজন। তিনিও জাহাজভাঙা ইয়ার্ডে চাকরি করেন। তিনি বলেন, ‘দুর্ঘটনার খবর আমি বাড়িতে জানিয়েছি। খবর শুনে তাঁর ভাইয়েরা এসেছেন।’শুক্রবার একই দুর্ঘটনায় শ্রমিক আমিনুল ইসলাম অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। তিনি বলেন, ‘হঠাৎ বিকট শব্দে প্লেটটি আমাদের ওপর এসে পড়ে। আমরা কয়জন ছিলাম মনে নেই। আমি পাশে ছিলাম। তাই আমার পায়ের ওপর পড়ে।’ আমিনুল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।