দুর্ঘটনা রোধে চালকদের প্রশিক্ষণ
সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপদ সড়ক গড়ার লক্ষ্যে আজ রোববার থেকে পাবনায় গাড়িচালকদের দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। জেলা পরিষদের রশিদ হল মিলনায়তনে কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) পাবনা শাখা এবং পাবনা জেলা প্রশাসন। সকাল ১০টায় ‘সড়ক দুর্ঘটনা রোধে করণীয়’ বিষয় নিয়ে আলোচনার মধ্য দিয়ে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। পাবনার জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা পর্বে শুভেচ্ছা বক্তব্য দেন বিআরটিএর পাবনা শাখার উপপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালায় গাড়িচালকদের পেশাগত স্বাস্থ্য সমস্যা ও গাড়ি চালনাকালীন ঝুঁকি মোকাবিলায় করণীয় বিষয়ে পরামর্শ, ট্রাফিক আইন, ট্রাফিক সাইন অ্যান্ড সিগন্যাল, লেনবিধি, মোটরযান অধ্যাদেশ, মোটরযান ফিটনেস, ড্রাইভিং লাইসেন্সসহ বিভিন্ন বিষয়ে চালকদের পরামর্শ দেওয়া হয়। প্রশিক্ষণ কর্মশালায় সহযোগিতা করে ‘নিরাপদ সড়ক চাই আন্দোলন’। প্রশিক্ষণে প্রায় ১৫০ জন গাড়িচালক অংশ নেন।