দুর্ঘটনা রোধে চালকদের শাস্তির মেয়াদ বৃদ্ধি করা প্রয়োজন: সাহারা
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, সড়ক দুর্ঘটনা রোধে চালকদের শাস্তির মেয়াদ বৃদ্ধি করা প্রয়োজন। সে লক্ষ্যে শাস্তি বাড়ানোর জন্য প্রস্তাব করা হয়েছে এবং আটকাদেশ জামিনযোগ্য রাখার পরিবর্তে অজামিনযোগ্য রাখার প্রস্তাব করা হয়েছে।আজ সোমবার জাতীয় সংসদে সরকারি দলের সাংসদ কাজী কেরামত আলীর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দূরপাল্ল¬ার গাড়িগুলোর স্পিড লিমিট মানার ব্যাপারে কড়াকড়ি নির্দেশনা এবং চালকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মোটিভেশনাল প্রোগ্রাম জোরদার করতে হবে।সরকারি দলের সাংসদ তারানা হালিমের এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনা রোধে নতুন মোটরযান আইনে চালক ও হেলপারদের বিশেষ পোশাক পরিধানের বিষয়টি সংযোজনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যোগাযোগ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে।সরকারি দলের সাংসদ মো. তাজুল ইসলামের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত শিশু-কিশোরদের উদ্ধারে অভিযান চলছে। শিশুদের বিকলাঙ্গ করে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত করার কাজে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় এনে অপরাধ অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।বিএনপিদলীয় সাংসদ এ বি এম আশরাফ উদ্দিন নিজানের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি অবৈধ অস্ত্রধারী, চিহ্নিত সন্ত্রাসী এবং জঘন্য অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।—বাসস।