দুর্ঘটনায় মায়ের সামনেই মেয়ের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মায়ের সঙ্গে স্কুলে যাচ্ছিল ছোট্ট সিদ্রা। কিন্তু, স্কুলের কাছে গিয়ে রাস্তা পারাপারের সময়ই ঘটল দুর্ঘটনা। মুহূর্তেই সব শেষ। স্কুলে আর যাওয়া হলো না সিদ্রার।রাজধানীর মিরপুর ১৪ নম্বরে আজ বুধবার সকালে বাসচাপায় সিদ্রাতুল মুনতাহা (৯) নিহত হয়। সে মনিপুর উচ্চবিদ্যালয়ের ইব্রাহিমপুর শাখার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিল। সিদ্রার বাবার নাম খালেদ আজমল।কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ প্রথম আলো অনলাইনকে জানান, সিদ্রা পরিবারের সঙ্গে মিরপুরের জনতা হাউজিং এলাকায় থাকত। আজ সকাল সাড়ে নয়টার দিকে মায়ের সঙ্গে বাসা থেকে স্কুলের উদ্দেশে রওনা দেয় সে। পথে মিরপুর ১৪ নম্বরে রাস্তা পারাপারের সময় মিল্ক ভিটা কোম্পানির একটি স্টাফ বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।ওসি আবদুল লতিফ জানান, ঘটনার পর পুলিশ ওই বাসসহ চালককে আটক করেছে। চালকের নাম রুহিদুল ইসলাম। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।