দুর্ঘটনায় শ্রমিক নিহতের গুজব, অবরোধ
সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত হয়েছে—এ রকম গুজবের সূত্র ধরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পৌনে তিন ঘণ্টা অবরোধ করে রাখেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ শনিবার সকাল পৌনে আটটা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ওই মহাসড়কে অবরোধ সৃষ্টি করে যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন উত্তেজিত শ্রমিকেরা। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী, পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, মৌচাক এলাকার হাইড্রোঅক্সাইড নিটওয়্যার লিমিটেড নামের একটি কারখানার শ্রমিক সাইফুল ইসলাম (২৭) আজ সকাল সাড়ে সাতটার দিকে বাইসাইকেল নিয়ে কারখানায় যাচ্ছিলেন। কারখানার কাছাকাছি পৌঁছালে পেছন দিক থেকে একটি যাত্রীবাহী বাস তাঁকে ধাক্কা দেয়। এতে সাইফুল ইসলাম এবং পথচারী পোশাকশ্রমিক লালচান ও সবুজ মিয়া আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে একটি ক্লিনিকে ভর্তি করেন। এদিকে সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত ও ছয়জন আহত হয়েছেন, এমন গুজব হাইড্রোঅক্সাইড নিটওয়্যার লিমিটেড কারখানায় ছড়িয়ে পড়লে উত্তেজিত শ্রমিকেরা রাস্তায় নেমে আসেন। তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে ২০- ২৫টি যানবাহনে ভাঙচুর চালান। এ ছাড়া একটি বাসে আগুন দেওয়া হয়।খবর পেয়ে কালিয়াকৈর থানার পুলিশ, গাজীপুর শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের বুঝিয়ে অবরোধ তুলে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু শ্রমিকেরা আরও উত্তেজিত হয়ে উঠলে পুলিশ শ্রমিকদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এ ছাড়া পুলিশ এ সময় কাঁদানে গ্যাসের শেল, একটি শর্টগানের গুলি ছোড়ে। এতে অন্তত ৩০ জন শ্রমিক আহত হন। পরে প্রায় তিন ঘণ্টা পর সকাল সাড়ে ১০টার দিকে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। গাজীপুর শিল্প পুলিশের (জোন-২) পরিদর্শক (ইন্সপেক্টর) মো. কবির হোসেন প্রথম আলো ডটকমকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ও একটি শর্ট গানের গুলি ছোড়া হয়েছে।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রাকিবুল হক বলেন, ‘সড়ক দুর্ঘটনায় ২-৩ জন শ্রমিক আহত হয়েছে, তবে কোনো নিহতের ঘটনা ঘটেনি। ওই ঘটনায় কেউ কোনো অভিযোগও দায়ের করেনি।’কারখানায় ভাঙচুর ও অগ্নিসংযোগপুলিশের ধাওয়া খেয়ে পোশাকশ্রমিকেরা মহাসড়ক থেকে চলে গিয়ে মৌচাক-ফুলবাড়িয়া সড়কের দুই পাশে প্রায় ১০-১২টি কারখানায় ইটপাটকেল ছুড়ে ভাঙচুর চালায়। তাঁরা ওই সব কারখানার শ্রমিকদের কাজ বন্ধ করে তাঁদের সঙ্গে যোগ দেওয়ার স্লোগান দিতে থাকেন। কিন্তু শ্রমিকেরা যোগ না দেওয়ায় ওই শ্রমিকেরা উপজেলার ভান্নারা এলাকার ঊর্মি নিটওয়্যার, রহমত সোয়েটার, আলফানা সোয়েটার, আফতাব গ্রুপ ও জালু নিটিং কারখানায় ইটপাটকেল ছুড়ে ভাঙচুর করে। পরে কয়েক হাজার শ্রমিক সংঘবদ্ধ হয়ে ভান্নারা পুরাচালা এলাকার হাজী ইসলাম উদ্দিন স্পিনিং কারখানার ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। হাজী ইসলাম উদ্দিন স্পিনিং কারখানার মহাব্যবস্থাপক মোসলেম উদ্দিন জানান, বহিরাগত শ্রমিকেরা কারখানায় ব্যাপক ভাঙচুর চালিয়েছে।