দুর্ঘটনার অপর নাম ট্রলি!
রাজশাহীর বাগমারায় অবৈধ ভটভটির পাশাপাশি ট্রলির সংখ্যা বাড়ছে। ভটিভটির পরিবর্তে এখন দুর্ঘটনার অপর নাম ট্রলি। এসবের বিরুদ্ধে পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর কোনো অভিযান নেই। এসব বাহনে সরকারও রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।উপজেলার সড়ক ও রাস্তাঘাট এখন ভটভটির পাশাপাশি দখল করে আছে ট্রলি (ভটভটির আদলে তৈরি)। ভটভটি যাত্রীবহন কাজে ব্যবহার হলেও ট্রলি ব্যবহার হয় মালামাল বহনে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, বাগমারায় এসব অবৈধ ট্রলির সংখ্যা দেড় শ। উপজেলার বিভিন্ন সড়ক ও রাস্তাঘাটে মালামাল বহনে এগুলো ব্যবহার হচ্ছে। ভাড়া কম ও সহজে হাতের কাছে পাওয়া যায় বিধায় এর চাহিদাও রয়েছে। রাজশাহী শহরের সপুরা ও বগুড়ায় তৈরি হয় এসব ট্রলি। বিশেষভাবে তৈরি এসব ট্রলি মূলত মালামাল বহনে ব্যবহার হয়। উপজেলার ইটভাটায় এসব অবৈধ বাহন ব্যবহার হয় বেশি। ইট, কয়লা ও কাঠ বহনে ব্যবহার করে থাকেন ইটভাটার মালিকেরা। সরেজমিন উপজেলার ইটভাটায় গিয়ে এসব বাহন দেখা যায়। ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, গাড়িগুলো তাঁদের নয়। গাড়ির চালক ও মালিকেরা নিয়ন্ত্রণে নিয়ে মালামাল বহন করে থাকেন। তাঁরা ভাড়া নেন বলে জানিয়েছেন। সকাল থেকে সারা রাত চলে এসব ট্রলি। এসব গাড়ি মারাত্মক শব্দদূষণ সৃষ্টি করে। দ্রুতগতিতে চলায় এসব গাড়ি প্রায়ই দুর্ঘটনার শিকার হয়। একসময় ভটভটির দুর্ঘটনা বাড়লেও এখন সে স্থান দখল করে নিয়েছে এই বাহন। গত এক বছরে এই ট্রলি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১২ জন। এ ছাড়াও নিয়মিত দুর্ঘটনার কবলে পড়ে আহত হন লোকজন। উপজেলার বিভিন্ন স্থানে ঘটে দুর্ঘটনা। সর্বশেষ গত ২৮ জানুয়ারি সকালে মারা যান চানপাড়ার রিপন (১৭) নামের এক যুবক। এ সময় আহত হন আরও তিন ব্যক্তি। এর আগে ১৮ ডিসেম্বর বাইগাছায় ট্রলির ধাক্কায় নিহত হন দুই মোটরসাইকেল আরোহী ফজলুর রহমান (৪৫) ও রতন (৩৫), মোহনপুরের জাহাঙ্গীর আলম (২৫), সমাসপাড়ার শমসের আলী, পাহাড়পুরের সাহারসহ আরও অনেকে। তারা সবাই ট্রলি দুর্ঘটনায় মারা গেছেন।বাগমারার দেউলা বাস টার্মিনালের মাস্টার আবদুস সাত্তার জানান, অবৈধ এসব ট্রলি দ্রুত চলাচল করায় এতে দুর্ঘটনা ঘটে। তাঁদের কোনো প্রশিক্ষণ বা অভিজ্ঞতাও নেই। কোনো নিয়ম-কানুনও জানেন না তাঁরা। ট্রলিচালক আফসার আলী এ অভিযোগের সত্যতা স্বীকার করেন। তিনি জানান, তাঁদের কোনো প্রশিক্ষণ বা কোনো অনুমোদন নেই। নিজেরাই গাড়ি চালানো শিখেছেন এবং চালান। কীভাবে এসব অবৈধ গাড়ি চালাচ্ছেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশকে মাসিক টাকা দিতে হয়।আরেক চালক খোরশেদ আলম জানান, এসব গাড়ি আছে বলে গ্রামের লোকজন কম খরচে মালামাল বহন করতে পারে। শুধু বাগমারায় নয়, সব স্থানে এসব গাড়ি রয়েছে। তাঁরা শহরেও ট্রাফিক পুলিশকে টাকা দিয়ে চলাচল করেন বলে জানান। এসব ট্রলির চালকেরা জানান, ভটভটি তাদের চেয়ে ক্ষতিকারক। তাঁদের সমিতি থাকলেও ট্রলির কোনো সংগঠন নেই। তাঁরা দাবি করেন, ট্রলির কোনো লাইসেন্স দেওয়া হয় না। তাঁদের হয়রানি করা হয় বিভিন্ন সময়ে। লাইসেন্স দিলে সরকার যেমন রাজস্ব পাবে, তারাও নির্বিঘ্নে চলাচল করতে পারবেন। বাগমারা গ্রামের আবদুল মান্নান জানান, ভটভটির মতোই ট্রলি একটি ঝুঁকিপূর্ণ যান। কম খরচ ও হাতের কাছে পাওয়া যায় বলেই তাঁরা ট্রলি ব্যবহার করেন। তিনি ইট বহনে ট্রলি ব্যবহার করেন বলে জানিয়েছেন। অন্য বাহনের চেয়ে এর বহন খরচ খুব কম। রাস্তাঘাটে প্রায়ই ট্রলির দুর্ঘটনা ঘটে বলে জানান।বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর রশিদ জানান, পুলিশ কোনো চাঁদা নেয় না। মানবিক কারণে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয় না।