দুর্ঘটনার কবলে নৌপরিবহনমন্ত্রী
মাদারীপুরের টেকেরহাট এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে আজ শুক্রবার দুপুরে দুর্ঘটনার কবলে পড়েন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাস মন্ত্রীকে বহনকারী গাড়িকে পাশ কাটাতে গেলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মন্ত্রীর গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে কেউ আহত হয়নি।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, নৌপরিবহনমন্ত্রী মাদারীপুরের কাওড়াকান্দি ফেরিঘাটে পার্কিং ইয়ার্ডের নির্মাণকাজ পরিদর্শন শেষে মাদারীপুরে ফিরছিলেন। দুপুর সোয়া ১২টার দিকে মন্ত্রীর গাড়িকে পাশ কাটাতে গেলে সেটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে মন্ত্রীর গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। শাজাহান খান বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি।রাজৈর থানা-পুলিশ জানায়, দুর্ঘটনার পর মন্ত্রীর গাড়িবহর মাদারীপুরের রাজৈর থানা এলাকায় অবস্থান নিয়েছে। বাসের চালককে আটক করেছে পুলিশ।