সিরাজগঞ্জে হুইসেলও উপেক্ষা, ট্রেনের নিচে ৬ প্রাণ
দুর্ঘটনার কারণ বিএনপির দায়িত্বহীনতা: আ.লীগ
সিরাজগঞ্জে খালেদা জিয়ার সমাবেশের কাছে ট্রেনে কাটা পড়ে ছয়জন নিহত হওয়ার ঘটনাকে আওয়ামী লীগ একটি স্বাভাবিক দুর্ঘটনা বলে মনে করে। তবে এ ক্ষেত্রে বিএনপি দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। তাদের দায়িত্বহীনতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।গতকাল মঙ্গলবার বিকেলে দলের ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।এর আগে গতকাল দুপুরে এক সংবাদ সম্মেলনে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, সিরাজগঞ্জের দুর্ঘটনাটি বিএনপির পরিকল্পিত। যোগাযোগমন্ত্রীর এ অভিযোগের সত্যতা সম্পর্কে সাংবাদিকেরা জানতে চাইলে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘দুর্ঘটনার পূর্বাপর তদন্ত হচ্ছে। তদন্তে সবই বেরিয়ে আসবে।’সিরাজগঞ্জের দুর্ঘটনার বিষয়ে চারটি প্রশ্ন রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তা হলো: রেললাইনের এত কাছে কেন জনসভার আয়োজন করা হয়েছে? হুইসেল দেওয়ার পরও কেন লোকজন সরে যায়নি? সে সময় বিএনপির নেতারা মাইকে ভাষণ দিচ্ছেলেন, তাহলে তাঁরা কেন লোকজনকে সরে যেতে বলেননি? আর জনসভা করতে নির্ধারিত স্থানের জন্য বিএনপি কেন যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নেয়নি? তিনি বলেন, কতটা দায়িত্বজ্ঞানহীন হলে খালেদা জিয়ার মতো গুরুত্বপূর্ণ নেতার জনসভার জন্য ব্যস্ত রেললাইনের ১৫ গজের মধ্যে অবৈধভাবে মঞ্চ স্থাপন করতে পারে।এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন কী করল—এ প্রশ্নের জবাবে হানিফ বলেন, প্রশাসন, পুলিশ ও ম্যাজিস্ট্রেট লোকজনকে সরে যেতে বললেও তারা সরেনি। আর জনসভাটি ছিল বিরোধী দলের নেত্রীর একটি কর্মসূচি। এ ক্ষেত্রে প্রশাসন যদি মঞ্চটি তুলে দিত কিংবা জনসভা করতে বাধা দিত, তাহলে বিরোধী দল এটিকে রাজনৈতিক ইস্যু বানাত। সরকার এ ক্ষেত্রে সহিষ্ণুতার পরিচয় দিয়েছে।আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিখিত বক্তব্যে নাটোরে উপজেলা চেয়ারম্যান ও বিএনপির নেতা সানাউল্লাহ নূর হত্যার বিষয়ে বলেন, ‘নাটোরের বড়াইগ্রামে যা ঘটেছে, তা শুধু অনভিপ্রেতই নয়—অপরাধও বটে। বর্তমান মহাজোট সরকার কোনো অপরাধীকেই প্রশ্রয় দেয় না। ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত অপরাধীকে অবশ্যই আইনের হাতে সোপর্দ করা হবে।’ তিনি অভিযোগ করেন, বিএনপি সরকারের আমলে নাটোরেই শেখ হাসিনার ওপর কয়েকবার হামলা চালানো হয়েছিল। আওয়ামী লীগের সাবেক সাংসদ মমতাজ উদ্দিনকে হত্যা করা হয়েছিল। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের দপ্তর সম্পাদক ও গণপূর্তমন্ত্রী আবদুল মান্নান খান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও খালিদ মাহমুদ চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক নূহ-উল আলম লেনিন, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, সুজিত রায় নন্দী প্রমুখ।