দুর্ঘটনার জন্য বিএনপি নেতা-কর্মীরা দায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেললাইন ও আশপাশের ঝুঁকিপূর্ণ স্থানে খালেদা জিয়ার জনসভার মঞ্চ করায় সিরাজগঞ্জের সয়দাবাদে ট্রেন দুর্ঘটনা ও সহিংসতার ঘটনা ঘটেছে বলে সরকারের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে। পাশাপাশি দুর্ঘটনার পর ট্রেনে আগুন লাগিয়ে দেওয়া এবং দমকল বাহিনীকে তা নেভাতে বাধা দেওয়ায় ট্রেনের ১১টি কোচ পুড়ে গেছে। এ সময় ট্রেনের ভেতরে লুটপাট করা হয়েছে বলেও জানিয়েছে তদন্ত কমিটি।সরকারি সম্পদের ক্ষতি ও সহিংস এ ঘটনার জন্য বিএনপির নেতা-কর্মী-সমর্থকদের দায়ী করেছে তদন্ত কমিটি। কমিটি জানায়, প্রতিটি ঘটনার সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। কমিটির মতে, এ ঘটনায় রেলওয়ের কোনো কর্মকর্তা-কর্মচারীর কর্তব্যে অবহেলা ছিল না। ‘কোড’ ও ‘প্রসিডিউর’ মেনে তাঁরা ট্রেন পরিচালনা করেছেন। তদন্ত কমিটি রেললাইনের ওপর বাধা (ব্যারিকেড) সৃষ্টি করে ট্রেন অবরোধ, ভাঙচুর ও রেলওয়ে পুলিশের কাজে বাধা দিয়ে বিদ্যমান আইন ও রেলওয়ে আইনের পাঁচটি ধারা (১২২, ১২৬, ১২৭, ১২৮ ও ১২৯) ভঙ্গের জন্য বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। একই সঙ্গে রেললাইনের সামনে এ ধরনের জনসভার আয়োজন নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করার সুপারিশ করেছে কমিটি।গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রেল ভবনে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের কাছে রেলওয়ের মহাপরিচালক তহিদুল আনোয়ার চৌধুরী এই তদন্ত প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে জানানো হয়েছে, এ দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিন ও ১১টি কোচে ক্ষতির পরিমাণ প্রায় ২৩ কোটি পাঁচ লাখ ২৬ হাজার টাকা।জানতে চাইলে যোগাযোগমন্ত্রী প্রথম আলোকে বলেন, তদন্ত কমিটি বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়াসহ যেসব সুপারিশ করেছে, তা বাস্তবায়ন করবে সরকার। তিনি বলেন, দুর্ঘটনায় যাঁরা নিহত হয়েছেন, তাঁদের তো ফেরত পাওয়া যাবে না, তবে নিরীহ এসব মানুষকে যাঁরা হত্যা করেছেন, বিপদে ফেলেছেন, তাঁদের বিরুদ্ধে সরকার অবশ্যই ব্যবস্থা নেবে।মন্ত্রী আরও বলেন, সিরাজগঞ্জের এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সবাইকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়া হবে। এ ছাড়া রেললাইনের সামনে এ ধরনের জনসভার আয়োজন নিষিদ্ধ করার বিষয়টিও সরকার বিবেচনা করবে।প্রসঙ্গত, ১১ অক্টোবর দিনাজপুর থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি সিরাজগঞ্জের সয়দাবাদ রেলক্রসিংয়ের কাছে পৌঁছালে এ ঘটনা ঘটে। খালেদা জিয়ার সিরাজগঞ্জে আগমন উপলক্ষে রেললাইনে সেদিন শত শত মানুষ অবস্থান নিয়েছিল। ঘটনার কারণ, দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা এবং এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সুপারিশ করতে পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলীকে প্রধান করে এই তদন্ত কমিটি গঠন করা হয়।দুর্ঘটনা ও নিহত/আহত: তদন্ত প্রতিবেদন অনুযায়ী, দিনাজপুর থেকে ঢাকাগামী এ ট্রেনটি দুই স্টেশনের মধ্যবর্তী স্থান পার করার সময় লোকোমাস্টার ঘন ঘন হুইসেল দিতে দিতে এগোন এবং ট্রেনটি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু বিএনপির নেতা-কর্মী-সমর্থকেরা একপর্যায়ে ট্রেনের লোকোমোটিভের হুসপাইপ খুলে দিলে ট্রেনটি থেমে যায়। ওই অবস্থায় ট্রেনে কর্মরত কর্মচারীদের বিএনপির নেতা-কর্মীরা আহত করেন এবং ট্রেনে আগুন ধরিয়ে দেন। বিএনপির কর্মীরা ট্রেনের চালক ও সহকারী চালককে হত্যারও চেষ্টা করেন। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ব্রিগেড ঘটনাস্থলে উপস্থিত হলেও বিএনপির সমর্থকদের বাধার মুখে আগুন নেভাতে পারেননি। এ ঘটনায় ৭৫৮ নম্বর দ্রুতযান ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে পাঁচজন নিহত ও ছয়জন আহত হন। জনসভার স্থান: বিএনপির জনসভার মঞ্চ রেললাইন থেকে ৪৮ ফুট এবং সিরাজগঞ্জ রোড থেকে ৩৮ ফুট দূরে স্থাপন করা হয়। রেললাইনের দক্ষিণ পাশে ৭০ ফুট চওড়া সমতল ভূমি এবং সমতল ভূমির দক্ষিণ দিকে ৩৪ ফুট চওড়া বঙ্গবন্ধু সেতু-হাটিকুমরুল সড়ক। সিরাজগঞ্জ বাইপাস সড়কে লেবেল ক্রসিং দরজা ই-৭৬ দিয়ে প্রবেশ করতে হয়। জনসভার জন্য নির্বাচিত স্থানটির যোগাযোগব্যবস্থা ভালো থাকায় আশপাশের জেলাগুলো থেকে বিপুলসংখ্যক বিএনপির সমর্থক জড়ো হন। কমিটি জানায়, এ স্থানটি ছিল জনসভার জন্য অনুপযুক্ত ও ঝুঁকিপূর্ণ।তদন্ত কমিটি জানায়, ট্রেনটি চলাচলের সময় ‘অপারেটিং সিস্টেম’ কার্যকর ছিল। আগের স্টেশনমাস্টারের কাছ থেকে ট্রেন ছাড়ার সংবাদ পেয়ে গেটকিপার গেটটি বন্ধ করেন এবং ড্রাইভারের দিকে পতাকা সিগন্যাল প্রদর্শন করেন।উদ্ধার কার্যক্রম: আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ট্রেনটি সরাতে ছয়টা ২০ মিনিটে উদ্ধারকারী ট্রেন ডাকা হয়। রাত আটটায় আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার পক্ষ থেকে ট্রেন চলাচলের অনুমতি দেওয়া হয় এবং রাত সাড়ে ১০টা থেকে ট্রেন চলাচল শুরু করে।পাঁচ সদস্যের এ তদন্ত কমিটির অন্য সদস্যরা হচ্ছেন রাজশাহী রেলওয়ের প্রধান পরিচালন কর্মকর্তা, প্রধান যান্ত্রিক প্রকৌশলী, প্রধান সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী এবং রাজশাহী পশ্চিমের প্রধান মেডিকেল অফিসার।