দুর্ঘটনার বিরুদ্ধে লড়াই ঘোষণা করেছি
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘যানজট ও দুর্ঘটনার বিরুদ্ধে আমরা লড়াই ঘোষণা করেছি। এ যুদ্ধে আমাদের জয়ী হতেই হবে। এ জন্য দলমত-নির্বিশেষে সবার সহযোগিতা দরকার। সবাই সহযোগিতা না করলে আমাদের একার পক্ষে যানজট ও দুর্ঘটনা রোধ করা সম্ভব নয়।’মন্ত্রী বলেন, দেশের যেসব রাস্তা চার লেন, তার বেশির ভাগই দখল হয়ে আছে। এই রাস্তাগুলো দখলমুক্ত করতে হবে।আজ বুধবার বিকেল পাঁচটার দিকে ঢাকা থেকে সড়কপথে গোপালগঞ্জ যাওয়ার পথে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, ‘অনেক সময় ড্রাইভারদের দেখি মোবাইল ফোন কানে লাগিয়ে মধুর মধুর আলাপ করতে। আবার অনেক পথযাত্রী মোবাইল ফোন কানে লাগিয়ে রাস্তার এপাশ থেকে ওপাশে যায়। এভাবেই কিন্তু দুর্ঘটনা হয়।’দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে দ্বিতীয় পদ্মা সেতুর ব্যাপারে মন্ত্রী বলেন, ‘এটি এখন প্রক্রিয়াধীন। তিনটি কোম্পানি কোয়ালিফিকেশন ফিটিং প্রসেসে অংশ নিয়েছে। এ বিষয়ে আলাপ-আলোচনা চলছে। তবে আমাদের সরকারের সময়ে মূল সেতুর কাজ শুরু করতে পারব—এ ধরনের কথা বলতে পারছি না।’এ সময় সড়ক ও জনপথ বিভাগ গোপালগঞ্জের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল কাসেম ভূঁইয়া, ফরিদপুরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল ইসলাম খান, নির্বাহী প্রকৌশলী সন্তোষ কুমার রায়, রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী সমীরণ রায়, স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।