দুর্ঘটনার হার বরং কমেছে: শাজাহান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, দেশে সড়ক দুর্ঘটনার হার বাড়েনি, বরং আগের তুলনায় কমেছে। ২০০০ সালে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে তিন হাজার ৩০০ জন এবং ২০১০ সালে নিহত হয়েছে দুই হাজার ৬২৪ জন।আজ সোমবার সন্ধ্যায় মানিকগঞ্জের শিবালয় উপজেলার টেপড়ায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের শিবালয় উপজেলার নবনির্বাচিত কমিটির কর্মকর্তাদের সংবর্ধনা অনুষ্ঠানে নৌমন্ত্রী এসব কথা বলেন।শাজাহান খান বলেন, প্রতিবছর রাস্তায় গাড়ি নামে ৫০ হাজার। আর প্রশিক্ষিত চালক পাওয়া যায় মাত্র ১০ হাজার। বাকি সব চালকই অদক্ষ। তাই দক্ষ চালক তৈরিতে বিআরটিসির প্রশিক্ষণকেন্দ্রকে আরও সক্রিয় করার পাশাপাশি জেলা পর্যায়ে ভোকেশনাল কেন্দ্রগুলোর মাধ্যমে চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। পাঠ্যসূচিতেও ট্রাফিক আইন সংযোজনের উদ্যোগ নেওয়া হচ্ছে।নৌপরিবহনমন্ত্রী বলেন, দেশের ২৪ হাজার বর্গকিলোমিটার নৌপথের মধ্যে বর্তমানে মাত্র তিন হাজার নৌপথ সচল রয়েছে। এসব নদীপথ রক্ষায় এরই মধ্যে তিনটি নতুন ড্রেজার কেনা হয়েছে। আরও ১৭টি ড্রেজার কেনা হবে। বেসরকারিভাবেও চালু হচ্ছে আরও ১৫টি ড্রেজার।মন্ত্রী বলেন, বর্তমান সরকারের আড়াই বছরে পাঁচটি নতুন ফেরি কেনা হয়েছে। আরও নয়টি ফেরি তৈরি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এগুলো চালু হলে নৌপথে যাত্রী ও যানবাহন পারাপারে আর কোনো সমস্যা থাকবে না।শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার কায়কোবাদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক মুনশি শাহাবুদ্দিন আহম্মেদ, পুলিশ সুপার মোহাম্মদ আলী মিয়া, জেলা ট্রাকচালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুস সাত্তার মল্লিক প্রমুখ। অনুষ্ঠান শেষে শাজাহান খান প্রখ্যাত চলচ্চিত্র-নির্মাতা তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার স্থান ঢাকা-আরিচা মহাসড়কের জোকা এলাকা পরিদর্শন করেন।