দুর্ঘটনায় আহত, হাসপাতালে মৃত্যু, অবহেলার অভিযোগ, ওয়ার্ডে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মাধবপুরে গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় আহত কাপড় ব্যবসায়ী ও আওয়ামী লীগের নেতা বজলুর রহমান (৪৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। মৃত বজলুরের স্বজনেরা চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে ভাঙচুর করেছেন।৩০ নম্বর ওয়ার্ডের চিকিৎসক রফিকুল ইসলাম সাংবাদিকদের কাছে দাবি করেন, চিকিৎসায় কোনো অবহেলা করা হয়নি। ওয়ার্ডে পৌঁছার সঙ্গে সঙ্গে রোগীকে অক্সিজেন দেওয়া হয়। রোগীর অবস্থা বেশ খারাপ ছিল।মৃত ব্যক্তির পরিবার ও হাসপাতাল সূত্র জানায়, নরসিংদীর মাধবদী বাজারের কাপড় ব্যবসায়ী বজলুর রহমান সপরিবারে বাজারসংলগ্ন বাসায় থাকতেন। গতকাল দুপুর পৌনে ১২টার দিকে বজলুর রহমান তাঁর দুই কর্মচারী আমির হোসেন (৩৪) ও হেলালউদ্দিনকে (৩০) নিয়ে রিকশায় স্থানীয় বাজার থেকে মাধবদী বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। পথে হিউম্যান হলার ‘লেগুনা’ পেছন থেকে তাঁদের রিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। বজলুর রহমান ও তাঁর দুই কর্মচারী ছিটকে রাস্তায় পড়েন। রক্তাক্ত অবস্থায় তাঁদের নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় বেলা আড়াইটায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। বিকেল তিনটার দিকে বজলু মারা যান। অন্য দুজনের আঘাতও গুরুতর।তবে ঠিকমতো চিকিৎসা হয়নি বলে বজলুর রহমান মারা গেছেন—এমন অভিযোগে তাঁর স্বজনেরা হইচই, কান্নাকাটি করেন। একপর্যায়ে তাঁরা ওয়ার্ডের কাচের জানালা ভাঙচুর করেন। এতে ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীরা আতঙ্কিত হয়ে আরও অসুস্থ হয়ে পড়েন। স্বজনেরা কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলামকে মারতে উদ্যত হন। খবর পেয়ে হাসপাতাল ক্যাম্পের পুলিশ এলে মৃতের স্বজনেরা তাঁদের ওপর চড়াও হন। পরে শাহবাগ থানার দুই প্লাটুন পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।মৃতের ভাগ্নে সালাম দেওয়ান ও রফিকুল অভিযোগ করেন, তাঁদের মামা বজলুর রহমানকে ৩০ নম্বর ওয়ার্ডে নেওয়ার পর চিকিৎসক একটি স্লিপ ধরিয়ে বাইরে থেকে ওষুধ কিনে আনতে বলেন। ওষুধ কিনে আনার পর চিকিৎসককে বারবার ডাকলেও তিনি আসেননি, নার্স ও ওয়ার্ডবয়কে রোগীর কাছে পাঠান। একপর্যায়ে রোগী নিথর হয়ে যান। এরপর তাঁরা উত্তেজিত হয়ে উঠলে চিকিৎসক আসেন এবং দেখে জানান, রোগী মারা গেছেন। বজলুর রহমান বরিশালের মুলাদী উপজেলার খেজুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি। তিনি দুই ছেলের জনক।