দুর্ঘটনায় ছাত্রীর মৃত্যুর মামলায় চালকের সাত বছরের কারাদণ্ড
রাজধানীর মগবাজারে ২০০৭ সালে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী ফারজানা হোসেনের মৃত্যুর ঘটনায় করা মামলায় দুর্ঘটনা ঘটানো কাভার্ড ভ্যানের চালক নূরুল ইসলামকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার মহানগর হাকিম মুন্সি আবদুল মজিদ গতকাল রোববার এ রায় ঘোষণা করেন।দণ্ডাদেশপ্রাপ্ত আসামি নূরুল জামিন নিয়ে পলাতক আছেন। আসামি গ্রেপ্তার হওয়ার তারিখ থেকে রায় কার্যকর হবে।রায় ঘোষণার সময় ফারজানার মা সুফিয়া হোসেন আদালতে উপস্থিত ছিলেন। রায় শুনে তিনি কান্নায় ভেঙে পড়েন।আদালত সূত্র জানায়, ২০০৭ সালের ২৬ অক্টোবর সকালে মগবাজারে আলাউদ্দিন সুইট মিটের সামনে ঢাকা সিটি কলেজের মার্কেটিং বিভাগের (সম্মান) শেষ বর্ষের ছাত্রী ফারজানা ও তাঁর বান্ধবী লিজাকে বহনকারী রিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় একটি কাভার্ড ভ্যান। এতে তাঁরা রিকশা থেকে পড়ে যান এবং কাভার্ড ভ্যানটির চাপায় ফারজানা ঘটনাস্থলেই নিহত ও লিজা গুরুতর আহত হন। কাভার্ড ভ্যানটির চালক নূরুল ইসলাম পালিয়ে যান। এ ঘটনায় ফারজানার আত্মীয় জিন্নাত আরা রমনা থানায় একটি মামলা করেন। পরে কাভার্ড ভ্যানের চালক জামিন নিয়ে পালিয়ে যান। ২০০৮ সালের ১৫ মার্চ রমনা থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) কবির আদালতে এই মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। বাদী চূড়ান্ত প্রতিবেদনের ওপর নারাজি দিলে আদালত মামলাটি আবার তদন্তের নির্দেশ দেন। একই থানার এসআই এনামুল হক নতুন করে তদন্ত শেষে ওই বছরের ২৭ নভেম্বর চালক নূরুলকে একমাত্র আসামি করে অভিযোগপত্র দাখিল করেন। আদালত পাঁচজনের সাক্ষ্য নেন।মামলার রায়ে বলা হয়, আসামির বিরুদ্ধে তিনটি ধারায় রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণে সক্ষম হওয়ায় আসামিকে দণ্ডবিধির ২৭৯ ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, ৩০৪(খ) ধারায় চার বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং ৩৩৮-এ ধারায় এক বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হলো। সাজাগুলো একযোগে চলবে। তাই আসামিকে চার বছর সাজা খাটতে হবে।রায়ের পর প্রতিক্রিয়ায় ফারজানার মা প্রথম আলোকে বলেন, ‘রায়ে আমি সন্তুষ্ট। এভাবে আর কোনো দিন কোনো মায়ের বুক যেন খালি না হয়, সে জন্য বিদ্যমান আইন আরও কঠোর করতে হবে।’ তিনি জানান, মেয়ের মৃত্যুশোকে স্বামী আনোয়ার হোসেন মারা গেছেন। বাকি জীবন তাঁকে মেয়ে ও স্বামীর স্মৃতি নিয়ে কাটাতে হবে।ওই দুর্ঘটনায় আহত লিজাও আদালতে উপস্থিত ছিলেন। রায়ের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘যে চলে গেছে, তাকে ফিরে পাব না। কিন্তু ঘাতক চালকের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটা চেয়েছিলাম।’ তিনি অবিলম্বে চালককে গ্রেপ্তার করে সাজা কার্যকর করার দাবি জানান।উপস্থিত আইনজীবীরা সাংবাদিকদের বলেন, প্রতিদিন সড়ক দুর্ঘটনা হচ্ছে। কিন্তু আইনটি এমন যে আসামিরা সহজেই জামিন পেয়ে যায়। জামিন দেওয়ার ক্ষেত্রে আদালতের গুণাগুণ বিচার করার মতো তেমন সুযোগ নেই। গাড়ি চলাচলের ক্ষেত্রে ট্রাফিক আইন কঠোর হওয়া উচিত।‘নিরাপদ সড়ক চাই’-এর প্রধান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন রায়ের প্রতিক্রিয়ায় বলেন, ‘দীর্ঘ ১৭ বছর পর সড়ক দুর্ঘটনার মামলায় আজ একটি ভালো রায় পেলাম। কিন্তু এ মামলায় দণ্ডাদেশপ্রাপ্ত আসামি জামিন নিয়ে পলাতক রয়েছেন। আসামিকে গ্রেপ্তার করে দ্রুত এ রায় কার্যকর করতে হবে।’