দুর্ঘটনায় ছাত্রের মৃত্যু: সহপাঠীদের সড়ক অবরোধ-ভাঙচুর, আহত ১০
বেসরকারি ওয়ার্ল্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আজ শনিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে দুই ঘণ্টা মিরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। গতকাল পিকআপ ভ্যানের চাপায় তাঁদের সহপাঠী মোস্তাফিজুর রহমানের (২৫) মৃত্যু হয়। এর প্রতিবাদে এবং ল্যাবএইডের সামনে সড়কে গতিরোধক বসানো ও উড়াল সেতু স্থাপনের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। একপর্যায়ে তাঁরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল নয়টার দিকে শিক্ষার্থীরা ল্যাবএইড হাসপাতালের সামনে মিরপুর সড়কে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা পাঁচ-ছয়টি গাড়ি ভাঙচুর করেন। পুলিশ ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে। শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। এ সময় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গেলেও পরে আবার তাঁরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পুলিশ তখন তাঁদের রাস্তার ধারের ফুটপাতে অবস্থান নেওয়ার অনুরোধ জানায়। পুলিশের অনুরোধে তাঁরা ফুটপাতে অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত রাখেন। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। দুই ঘণ্টা পর বেলা ১১টার দিকে তারা বিক্ষোভ বন্ধ করে চলে যায়।ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাঁরা যে দুটি দাবি তুলেছে তা স্থানীয় সাংসদের মাধ্যমে পূরণের আশ্বাস গতকালই দেওয়া হয়েছে। তার পরও শিক্ষার্থীরা আজ সকাল থেকে আবার বিক্ষোভ শুরু করে। দুই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল শুরু হয়। শিক্ষার্থীদের দাবি, অবিলম্বে তাঁদেরকে দেওয়া আশ্বাসের বাস্তবায়ন চান তাঁরা। তা না হলে তাঁরা বিক্ষোভ চালিয়ে যাবেন।প্রসঙ্গত, গতকাল সড়ক দুর্ঘটনায় ওয়ার্ল্ড ইউনিভার্সিটির প্রথম বর্ষের ছাত্র মোস্তাফিজুরের মৃত্যু হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডি ৩/এ সড়কে ক্লাসে অংশ নিয়ে ল্যাবএইড হাসপাতালের পাশে বিশ্ববিদ্যালয়ের আরেকটি শাখা মেহের প্লাজায় ব্যবহারিক ক্লাসে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন।