দুর্ঘটনায় সাংসদের গাড়িবহর, নিহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের নবনির্বাচিত সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর গাড়িবহরের একটি গাড়ি দুর্ঘটনাকবলিত হয়ে ১০ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম এলাকার সলিলদিয়ায় এ দুর্ঘটনা ঘটে। তবে সাংসদসহ তার গাড়িবহরের বাকি ২৯টি গাড়ির সব যাত্রী নিরাপদে রয়েছেন।ভাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) ইমামুর রশিদ প্রথম আলোকে জানান, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করে ঢাকায় ফেরার পথে মালিগ্রামের সলিলদিয়ায় সাংসদের গাড়িবহরের একটি মাইক্রোবাস দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলে সাতজন ও ফরিদপুর হাসপাতালে নেওয়ার পর আরও তিনজন মারা যান। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বিবৃতিতে এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।ঘটনার প্রত্যক্ষদর্শী মালিগ্রামের সঞ্জিব ঘোষ জানান, বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সাংসদের গাড়িবহরের মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকটি একটি গরুকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় পড়ে। ট্রাক ও মাইক্রোবাসটি গভীর খাদে পড়ে যায়।সাংসদের বহরের অপর একটি গাড়িতে থাকা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ইমরুল আহমেদ জানান, সাংসদের বহরের পাঁচ নম্বর গাড়িটি দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনাকবলিত গাড়িতে ১২ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে ঘটনাস্থলেই সাতজন নিহত হন। আহত পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক দুজনকে মৃত ঘোষণা করেন। চিকিত্সাধীন তিনজনের মধ্যে পরে আরও একজনের মৃত্যু হয়। নিহত ব্যক্তিরা সবাই ব্রাহ্মণবাড়িয়ার অধিবাসী। সাংসদের সফরসঙ্গী ছাত্রলীগের অপর এক নেতা জানান, সকাল সাতটায় ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাঁরা টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন। দুপুর দুইটায় বহরটি টুঙ্গিপাড়ায় পৌঁছায়। সেখানে কবর জিয়ারত শেষে বিকাল চারটার দিকে গাড়িবহর ঢাকার উদ্দেশে রওনা হয়। সলিলদিয়ায় পৌঁছার পর বিকাল ৫টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।নিহত ১০ জনের মধ্যে নয়জনই ছাত্রলীগের নেতা-কর্মী। এর মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মেহেদী হাসান শান্তও রয়েছেন। বাকি আটজন হলেন আরিফুল ইসলাম বাবু, লিয়েন সরকার, মোর্শেদ, শাহজাহান রহমতুল্লাহ রাসেল, শেখ রায়হান, তানভীর, আসিফ ও এমরান। নিহত অপরজন হলেন মাইক্রোবাসের চালক মিজানুর রহমান। দুর্ঘটনার খবর পেয়ে ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ ও অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত কুমার হালদার ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে তদারকি করেন।জেলা প্রশাসক জানান, মরদেহগুলো বিনা ময়নাতদন্তে কাফন পরিয়ে কফিনে ভরে সাংসদের জিম্মায় দেওয়া হবে।