দুর্ঘটনায় সাংসদের গাড়িবহর, নিহত ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের নবনির্বাচিত সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর গাড়িবহরের একটি গাড়ি দুর্ঘটনায় পড়ে ১১ জন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম এলাকার সলিলদিয়ায় এ দুর্ঘটনা ঘটে।তবে সাংসদসহ তাঁর গাড়িবহরের বাকি ২৯টি গাড়ির সব যাত্রী নিরাপদে রয়েছেন।ভাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) ইমামুর রশিদ প্রথম আলোকে জানান, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করে ঢাকায় ফেরার পথে মালিগ্রামের সলিলদিয়ায় সাংসদের গাড়িবহরের একটি মাইক্রোবাস দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলে সাতজন ও ফরিদপুর নেওয়ার পর আরও চারজন মারা যান। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বিবৃতিতে এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।ঘটনার প্রত্যক্ষদর্শী মালিগ্রামের সঞ্জীব ঘোষ জানান, বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্যাংকলরি (কুষ্টিয়া ড-৪১-০০১০) সঙ্গে সাংসদের গাড়িবহরের মাইক্রোবাসের (ঢাকা মেট্রো-চ-১৩-৫৮৮৫) মুখোমুখি সংঘর্ষ হয়। ট্যাংকলরি একটি গরুকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় পড়ে। ট্যাংকলরি ও মাইক্রোবাসটি গভীর খাদে পড়ে যায়।সাংসদের বহরের অপর একটি গাড়িতে থাকা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ইমরুল আহমেদ জানান, সাংসদের বহরের পাঁচ নম্বর গাড়িটি দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনাকবলিত গাড়িতে ১২ জন ছিলেন। তাঁদের মধ্যে ঘটনাস্থলেই সাতজন নিহত হন। আহত পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন তিনজনের মধ্যে পরে আরও দুজনের মৃত্যু হয়। নিহত ব্যক্তিরা সবাই ব্রাহ্মণবাড়িয়ার অধিবাসী। সাংসদের সফরসঙ্গী ছাত্রলীগের অপর এক নেতা জানান, সকাল সাতটায় ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাঁরা টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন। দুপুর দুইটায় বহরটি টুঙ্গিপাড়ায় পৌঁছায়। সেখানে কবর জিয়ারত শেষে বিকেল চারটার দিকে গাড়িবহর ঢাকার উদ্দেশে রওনা হয়। সলিলদিয়ায় পৌঁছার পর বিকেল পাঁচটা ২০ মিনিটে দুর্ঘটনা ঘটে।নিহত ১১ জনের মধ্যে ১০ জনই ছাত্রলীগের নেতা-কর্মী। এর মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মেহেদী হাসান রয়েছেন। বাকি আটজন হলেন: আরিফুল ইসলাম, লিয়েন সরকার, রিয়াদ, মোর্শেদ, শাহজাহান রহমতুল্লাহ, শেখ রায়হান, তানভীর, আসিফ ও এমরান। নিহত অপরজন হলেন মাইক্রোবাসের চালক মিজানুর রহমান। দুর্ঘটনার খবর পেয়ে ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ ও অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত কুমার হালদার ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ তদারকি করেন।রাত সোয়া সাতটার দিকে সাংসদ মোকতাদির চৌধুরী জেলা প্রশাসককে সঙ্গে নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে যান। তিনি নিহতদের লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘এই ছেলেগুলো উপনির্বাচনে আমার পক্ষে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করেছে। এদের আমি টুঙ্গিপাড়ায় সফরসঙ্গী করেছিলাম। তারা সবাই ছাত্রলীগের নিবেদিতপ্রাণ কর্মী। এদের মা ও বাবার কাছে আমি কী জবাব দেব?’জেলা প্রশাসক জানান, মরদেহগুলো ময়নাতদন্ত ছাড়া কাফন পরিয়ে কফিনে ভরে সাংসদের জিম্মায় দেওয়া হবে।