১৯ এপ্রিল প্রথম আলোর খেলার পাতায় ছাপা হওয়া একটি ছবিতে ফুটে উঠল বঙ্গবন্ধু স্টেডিয়ামে বসানো ১০ কোটি টাকার অ্যাথলেটিকস ট্র্যাকের জীর্ণ দশা। এক খেলোয়াড় ট্র্যাকের ছেঁড়া একটি অংশ হাতে নিয়ে দেখাচ্ছেন। এটি দেশের জরাগ্রস্ত অ্যাথলেটিকসেরই প্রতীকী চিত্র! মজার ব্যাপার, ট্র্যাকের দুর্দশার জন্য ক্রীড়া প্রতিমন্ত্রী দায়ী করেছেন খেলোয়াড়দেরই। কার দায় কার ঘাড়ে!এ দেশে অ্যাথলেটিকস সব সময়ই অবহেলিত। অ্যাথলেটরা সামান্য সুবিধাই যেখানে পান না, উন্নত সুযোগ-সুবিধা তো দূর অস্ত!গত বছরের ৭ মে প্রথম আলোর খেলার পাতায় ‘অমানবিক’ শিরোনামে একটি খবর আমাদের ভীষণ নাড়া দিয়েছিল। জাতীয় অ্যাথলেটিকসে অংশ নিতে খুলনা থেকে দেড় বছরের ছেলেকে নিয়ে ঢাকায় এসেছিলেন অ্যাথলেট মমতাজ বেগম। কিন্তু তাঁর থাকার ব্যবস্থাটুকু পর্যন্ত করতে পারেনি ফেডারেশন। অগত্যা ফেডারেশনের বারান্দায় কোলের শিশুটি নিয়ে তিনি কোনোমতে সময় পার করেছেন। শুধু তা-ই নয়, আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য আয়োজিত ক্যাম্পেও পর্যাপ্ত সুযোগ-সুবিধা পান না অ্যাথলেটরা। অথচ ফেডারেশন কর্মকর্তাদের দুর্নীতি-অনিয়ম তো আছেই।গত বছরের ১০ আগস্ট প্রথম আলোর খেলার পাতার ‘অল্পস্বল্প’ বিভাগে ১৯৯৫ মাদ্রাজ সাফ গেমসে সোনাজয়ী অ্যাথলেট মাহবুব আলম আক্ষেপ করে বলেছিলেন, ‘আমরা চাই, একজন ভালো লোক। সবচেয়ে বড় কথা, আমাদের গাছের ছায়া দরকার। যিনি ফেডারেশনে এসে নিজেরটা গোছাতে ব্যস্ত থাকবেন না।’ মাহবুব আলম বেঁচে থাকতে ফেডারেশন থেকে প্রাপ্য মর্যাদাটুকু পাননি। এবার ৩৬তম জাতীয় অ্যাথলেটিকসের উদ্বোধনের সময় তাঁর জন্য এক মিনিটের নীরবতা পালনেরও প্রয়োজন বোধ করেনি কর্তৃপক্ষ। এখানে মাহবুবকে টেনে আনার কারণ, তাঁর মতো আমরাও চাই, অ্যাথলেটিকস ফেডারেশনে নিঃস্বার্থ অভিভাবক আসুক, যিনি অ্যাথলেটিকস ফেডারেশনকে সফল ফেডারেশনে পরিণত করবেন। সেই ফেডারেশন তৈরি করবে অনেক সোনাজয়ী অ্যাথলেট।রানাশাহ আমানত হল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়প্রিয় পাঠক, চিঠি লিখুন ৩০০ শব্দের মধ্যে, কাগজের এক পৃষ্ঠায়, স্পষ্ট অক্ষরে। সেরা চিঠির জন্য পুরস্কার ২০০ টাকার প্রাইজবন্ড। ঠিকানা: স্টেডিয়াম, প্রথম আলোসিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা।