নষ্ট হচ্ছে যন্ত্র, বন্ধ ঋণের কিস্তি, বিটিআরসি বলছে অপরাধী
দুর্দশায় পিএসটিএনের কর্মীরা
সাত মাস ধরে আদালতের দিকে তাকিয়ে রয়েছেন দেশের বন্ধ হয়ে যাওয়া বেসরকারি পাঁচটি ল্যান্ডফোন কোম্পানির কর্মীরা। এসব প্রতিষ্ঠানের দক্ষ কর্মীদের কেউ কেউ অন্যত্র চাকরি পেলেও বেতন নেই বলে অধিকাংশই বেকারত্বের গ্লানি ও দুর্ভোগে পড়েছেন। পাশাপাশি পড়ে রয়েছে প্রতিষ্ঠানগুলোর মূল্যবান যন্ত্রপাতি।অবৈধভাবে বৈদেশিক কল আদান-প্রদানের অভিযোগে রাষ্ট্রীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা পিএসটিএন (পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্ক) নামে পরিচিত প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স বাতিল করে।প্রথমে চলতি বছরের মার্চ মাসে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ওই পাঁচ ল্যান্ডফোন কোম্পানির কার্যক্রম বন্ধ করে দেয়। ১৫ থেকে ২৩ মার্চের মধ্যে একে একে ঢাকা ফোন, ওয়ার্ল্ডটেল, র্যাংকসটেল, পিপলসটেল ও ন্যাশনাল টেলিকমের সুইচরুম সিল করে দেওয়া হয়। বিটিআরসি পরে গ্রাহকস্বার্থের কথা বিবেচনা করে দুটি প্রতিষ্ঠানকে সুইচরুম চালুর অনুমতি দিলেও শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় সেগুলো আবারও বন্ধ করে দেওয়া হয়। বিটিআরসি ১০ মে কোম্পানিগুলোর লাইসেন্স ও তরঙ্গ বরাদ্দ বাতিল করে। এ সিদ্ধান্তের স্থগিতাদেশ চেয়ে ও বৈধতা দাবি করে ১৩ মে আদালতে একটি মামলা করে র্যাংকসটেল।মামলার হাল: র্যাংকসটেলের মামলার পর ৬ জুন এ প্রতিষ্ঠানটিরই গ্রাহক হিসেবে অসুবিধা ও ভোগান্তির শিকার উল্লেখ করে আসগর আলী নামের এক ব্যক্তি হাইকোর্টে রিট করেন। গত ২৩ মে বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চ র্যাংকসটেলের আবেদনের শুনানি শেষে ফোন কোম্পানিটির লাইসেন্স ও ফ্রিকোয়েন্সি বাতিলের বিটিআরসির সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারিসহ আদেশ দেন। পরবর্তী সময়ে পূর্বোক্ত বেঞ্চে এ মামলাটির শুনানি নির্ধারিত ছিল। কিন্তু সরকারপক্ষ (বিটিআরসি) একাধিকবার সময় নেয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ প্রসঙ্গে বাদী পক্ষের আইনজীবী মো. সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে ওই বেঞ্চ পুনর্গঠিত হয়। এখন অবকাশ চলছে। অবকাশ শেষে জানুয়ারিতে আদালত খুলবে। তখন আবার নতুন করে বেঞ্চ পুনর্গঠিত হলে বিষয়টির অগ্রগতি দেখা যাবে।বিপদে ব্যাংক: বন্ধ পিএসটিএন কোম্পানিগুলোর কাছে বিভিন্ন ব্যাংকের ঋণ রয়েছে ৪০০ কোটি ২২ লাখ টাকা। প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাওয়ার পর মাসিক কিস্তি পরিশোধ করা হয়নি। তাদের ব্যবহূত যন্ত্রপাতি (বন্ধককৃত) বিশেষায়িত হওয়ার কারণে বিক্রি করেও টাকা উদ্ধার করতে পারছে না ব্যাংক। পরিচয় প্রকাশ না করার শর্তে কয়েকটি ব্যাংক কর্তৃপক্ষ বলেছে, কীভাবে এই বিশাল অঙ্কের ঋণ আদায় করা যেতে পারে, তা নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পরামর্শ চাইতে বাধ্য হয়েছে তারা। কর্মী ও অন্যদের হাল: পিএসটিএন প্রতিষ্ঠানগুলো বন্ধ হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন এ ব্যবসায় নানাভাবে যুক্ত এক লাখের বেশি মানুষ। বিটিআরসি ও পিএসটিএন অ্যাসোসিয়েশনের হিসাবে বন্ধ প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারী ছিল এক হাজার ২২৭। আর দেশজুড়ে সংযোগ নিয়ে পাবলিক কল সেন্টার চালাতেন প্রায় সোয়া লাখ ব্যবসায়ী। এ ছাড়া মাঠপর্যায়ে বিক্রয়কর্মী ও কমিশন এজেন্টের সংখ্যা ছিল দেড় হাজারের বেশি।খোঁজ নিয়ে জানা গেছে, গত সাত মাসে প্রতিষ্ঠানগুলোর উচ্চপদস্থ কর্মকর্তাদের কেউ কেউ অন্যত্র চাকরি নিয়ে চলে গেছেন। কিন্তু মধ্যবর্তী ও নিম্নপর্যায়ের প্রায় সবাই এখন কার্যত বেকার। বেশির ভাগই সর্বশেষ পূর্ণ বেতন পেয়েছেন সেই মার্চ মাসে। এপ্রিলে তা হয় অর্ধেক, মে মাসে বেতন প্রায় নেই।ন্যাশনাল টেলের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী জানালেন, সুইচরুম বন্ধ থাকা সত্ত্বেও অন্যান্য কাজ চালাতে তাঁরা অফিসে আসেন। কিন্তু বেতন না থাকায় তাঁদের সংসার চালানো দায় হয়ে পড়েছে। পিএসটিএন সংযোগ নিয়ে পাবলিক কল সেন্টার ব্যবসায়ীদের কেনা বিশেষ ফোনসেট, স্ক্র্যাচ কার্ড, ইলেকট্রনিক রিচার্জ, পিএসটিন রিম কার্ডগুলো এখন মূল্যহীন। পিএসটিএনগুলোর হিসাবে ডিলারদের কাছে থাকা তাঁদের পণ্যের মূল্য তিন কোটি টাকার বেশি।বিটিআরসির হিসাবে পিএসটিএনগুলোর গ্রাহকসংখ্যা চার লাখ ৮০ হাজার ৩২৭।নষ্ট হচ্ছে যন্ত্রপাতি: পাঁচ প্রতিষ্ঠানের গুদামে পড়ে রয়েছে লাখ লাখ নতুন ফোনসেট, স্ক্র্যাচ কার্ড, রিম কার্ড ও বিভিন্ন যন্ত্রের উপকরণ। সুইচরুমগুলো অব্যবহূত থেকে নষ্টের পথে। প্রতিষ্ঠানগুলো বলছে, বিটিআরসি অন্য কাউকে পিএসটিএন লাইসেন্স দিক, তাহলে তাদের কাছে যন্ত্রপাতি বিক্রি করে কিছুটা হলেও ঋণ শোধ করা যাবে।র্যাংকসটেলের প্রধান পরিচালন কর্মকর্তা এ কে শামসুদ্দীন বলেন, ‘বিটিআরসি এসব যন্ত্রপাতির কোনো সুরাহা করুক। সরকার তো বলেছিল, আরও পিএসটিএন লাইসেন্স দেবে। তাহলে অন্য কাউকে লাইসেন্স দিক। তাদের কাছে এসব যন্ত্রপাতি অর্ধেক দামে হলেও বেচে দেই।’শামসুদ্দীন আরও জানান, তাঁদের প্রতিষ্ঠান প্রায় ৩১১ কোটি টাকা বিনিয়োগ করেছে। ঋণ রয়েছে প্রায় এক শ চার কোটি টাকা।বিটিআরসির অবস্থান: বিটিআরসি জোর দিয়ে বলছে, এ পাঁচ অপারেটরের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত সঠিক ছিল। সংস্থার চেয়ারম্যান জিয়া আহমেদ প্রথম আলোকে বলেন, বন্ধ করে দেওয়া পিএসটিএন অপারেটরগুলো এমন একটি অপরাধের মধ্যে ঢুকে পড়েছে যে লাইসেন্স বাতিল না করে উপায় ছিল না। তিনি বলেন, অভিযুক্ত পাঁচ কোম্পানির কাছে কমিশন যেসব প্রশ্নের জবাব চেয়ে চিঠি দিয়েছিল, তারা কোনোটিরই সঠিক জবাব দিতে পারেনি। তাদের বিরুদ্ধে অবৈধ ভিওআইপি কলের অভিযোগ সত্যি প্রমাণিত হয়েছে।বন্ধ প্রতিষ্ঠানগুলোতে প্রশাসক নিয়োগের প্রসঙ্গে জিয়া আহমেদ বলেন, আদালতের নির্দেশনা পেলে তা মেনে চলা হবে। আদালতের কাছে প্রয়োজনীয় তথ্যাদিও উপস্থাপন করা হবে।বারবার তথ্য চেয়ে না পাওয়া ও শোকজের জবাব না দেওয়ার যে অভিযোগ বিটিআরসি চেয়ারম্যান করেছেন, সে বিষয়ে পিপলসটেলের নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বিটিআরসিকে সব তথ্যই দেওয়া হয়েছে, শুধু গ্রাহকদের ব্যক্তিগত তথ্য ছাড়া। ওই কর্মকর্তা বলেন, সুইচরুম খুলে ৪৮ ঘণ্টা সময় দিলে তাঁরা সেগুলোও দিতে পারতেন। এ প্রসঙ্গে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি যেহেতু এখন আদালতের আওতায়, তাই এখনই কিছু বলা যাচ্ছে না। আদালত যে রায় দেবেন, আমরা তা-ই মেনে নেব।’