দুর্দান্ত জয়ে দুর্বার রাজশাহী
ইমরান নাজির লড়াইটা একাই চালিয়ে গেলেন। কিন্তু সেই লড়াইয়ে পেলেন না কোনো যোগ্য সঙ্গী। মোহাম্মদ আশরাফুল, কাইরন পোলার্ড, আনামুল হক—কেউ দাঁড়াতে পারলেন না ইমরান নাজিরের সঙ্গে। তাই ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ঢাকার সংগ্রহ দাঁড়ায় ১৩০। ফল অপেক্ষাকৃত অল্প লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমেও তাদের ১৪ রানের হার।উল্টোদিকে দুরন্ত রাজশাহীর এত দুরন্ত জয়—১৪৪ রানে নিজেদের ইনিংস শেষ হওয়ার পর মুশফিকুর রহিম কি ভেবেছিলেন, এমন একটি জয়ের কথা! সেই দিক দিয়ে বিপিএলের সেরা ম্যাচটিই আজ খেলল ঢাকা গ্ল্যাডিয়েটরস ও দুরন্ত রাজশাহী। সেই সঙ্গে পাকিস্তানি পেসার মোহাম্মদ সামি ইনিংসের শেষ ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে স্টিভেনস, আফতাব ও রানা নাভিদকে আউট করে দর্শকদের উপহার দিয়েছেন বিপিএলের প্রথম হ্যাটট্রিক। সামির হ্যাটট্রিক দুরন্ত রাজশাহীর এই অসাধারণ জয়ে তৈরি করেছে অন্য রকম এক আবহ।হ্যাটট্রিকের আগেই মূলত নিশ্চিত হয়ে গিয়েছিল রাজশাহীর জয়। আরও নির্দিষ্টভাবে বললে কাইরন পোলার্ড মারলন স্যামুয়েলসের করা ১৭তম ওভারের দ্বিতীয় বলে ডিপ কাভারে খালিদ লতিফের হাতে ধরা পড়ার সঙ্গে সঙ্গেই মূলত ম্যাচ শেষ। এর পাশাপাশি আবদুল রাজ্জাক বেশ কয়েকটি ওভারে দারুণ কৃপণতার পরিচয় দিয়ে ইমরান নাজির ও ঢাকার অন্য ব্যাটসম্যানদের বেঁধে রাখেন ক্রিজে। রাজ্জাকের সেই ওভারগুলোও দুরন্ত রাজশাহীর জয়ে রেখেছে দারুণ ভূমিকা।রাজশাহীর মনির হোসেনের কথা ভুলে গেলে চলবে না। গুরুত্বপূর্ণ সময়ে এই বাঁ-হাতি স্পিনার রাজশাহীকে দিয়েছেন দারুণ দুটি ব্রেক থ্রু। এর মধ্যে রয়েছে মোহাম্মদ আশরাফুলের উইকেটও। মনিরের সেই নিচু হয়ে যাওয়া বলটি আশরাফুল কী করতে চেয়েছিলেন, সেই প্রশ্নের ভালো উত্তর দিতে পারবেন তিনি নিজেই। মনির ৪ ওভার বল করে ২২ রানে নিয়েছেন ২ উইকেট। স্যামুয়েলস ও সাকলাইন সজীব দখল করেছেন ১টি করে উইকেট।এর আগে দুরন্ত রাজশাহী টসে হেরে ব্যাট করতে নামে এবং নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে। রাজশাহীর পক্ষে সর্বোচ্চ সংগ্রহ ছিল মারলন স্যামুয়েলসের ৩৬। এ ছাড়া জুনায়েদ সিদ্দিকি ২৫ ও শাহজাইব আহমেদ ২৩ রান করেন।জুনায়েদ ও শাহজাইব—এই দুই ব্যাটসম্যানই আউট হন ইলিয়াস সানির বলে। খালিদ লতিফ মোশাররফ হোসেনের বলে তাঁর হাতেই এক দুর্দান্ত ক্যাচে পরিণত হন। এরপর মুশফিকুর রহিমও ফিরে যান ব্যক্তিগত ১০ রানে পোলার্ডের বলে মোশাররফ হোসেনের হাতে ধরা পড়ে। আবদুল রাজ্জাক শিকার হন রান আউট দুর্ভাগ্যের। সাব্বির রহমান ভালোই খেলছিলেন। তিনিও ব্যক্তিগত ১৫ রানে রান আউটের শিকার। সাব্বিরের একটি এলোমেলো শট ওপরে উঠে গেলে ক্যাচ ফেলে দেন নাজমুল। কিন্তু এই সময়েই স্যামুয়েলসের সঙ্গে ভুল-বোঝাবুঝিতে রান আউট হয়ে যান সাব্বির। সাব্বির আউট হওয়ার পর মুকতার আলী ও সাকলাইন সজীব বেশিক্ষণ টিকতে পারেননি।দুরন্ত এই জয় রাজশাহীকে অবশ্যই বাড়তি অনুপ্রেরণা জোগাবে। প্রথম দুই ম্যাচ হেরে যাওয়া দলটির মনোবল এই মুহূর্তে টানা তিন ম্যাচ জিতে আকাশ ছোঁয়া। রাজশাহীকে এবার হিসাবের মধ্যে নিতেই হচ্ছে।