দুর্ধর্ষ কালো ভালুক
বাংলাদেশের কোনো জঙ্গলে যদি বাঘ, চিতাবাঘ, হাতি, ভালুক থাকে আর সেই জঙ্গলে যদি ঘুরতে হয়, তবে আমি সবচেয়ে ভয় পাব হাতিকে, তারপর ভালুককে। আর হাতি যদি গভীর ঘন জঙ্গলের হয়, তবে তাকে তেমন ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু আমাদের অধিকাংশ হাতিই সর্বত্র মানুষতাড়িত, বাস্তুহারা। এদের মেজাজ সব সময় ঠান্ডা থাকে না, বিশেষ করে, দলের নেতৃত্বচ্যুত দলপতি যখন একা চলে। ‘মুস্তে’ থাকলে শয়তানের দোসর হয়ে যায়। গভীর জঙ্গলের হাতি মানুষের উপস্থিতিতে সরে পড়ে। অবশ্য ছোট বাচ্চা থাকলে অন্য কথা।এশীয় কালো ভালুককে জঙ্গলে মোকাবিলা না করাই ভালো। এদের চোখের দৃষ্টি ক্ষীণ। ঘ্রাণ ও শ্রবণ ভালো হলেও মেজাজ অনিশ্চিত। কখন তেড়ে আসবে, কখন ভাগবে, সেটা সম্ভবত ভালুক নিজেও জানে না। আর বাংলাদেশের মতো ছেঁড়াখোঁড়া জঙ্গলে নিয়ত উত্ত্যক্ত হয়ে ভালুকের মেজাজ হারানো খুবই স্বাভাবিক।দেশের জঙ্গলে আদৌ স্থায়ীবাসী ভালুক আছে কি না, কিছুকাল আগেও আমার এ সন্দেহ ছিল। পক্ষীবিদ ইনাম আল হক জানালেন, এখনো কয়েকটি অঞ্চলে এশীয় কালো ভালুক আছে। দেশের বন্য প্রাণী খোঁজায় রত প্রাণিবিজ্ঞানী সুপ্রিয় চাকমা জানালেন, মিজোরাম সীমান্ত এলাকায়, সাঙ্গু-মাতামুহুরী রিজার্ভে, কিছু কিছু নষ্ট বনে, সিলেটের সীমান্তবর্তী বন এলাকায় কালো ভালুক ও অল্প পরিমাণ ‘সানবিয়ার’ আছে। আমার জানামতে, সাতছড়ির বিক্ষিপ্ত বনে মাঝেমধ্যে মৌসুমি ভালুকও বাসা করে।ডুলাহাজারা সাফারি পার্কে ভালুকের বেষ্টনীর পাশে ২০০৬ সালে কিছুক্ষণ বসে ভাবছিলাম। এমন হোঁদলকুতকুত শরীর নিয়ে ভালুক কী করে দুর্ধর্ষ প্রাণী হিসেবে গণিত! কিন্তু যখন দৌড়ের প্রয়োজন অথবা গাছে ওঠার প্রয়োজন, তখন ভালুকের তৎপরতা দেখে আশ্চর্য হয়েছি। গত বছরের নভেম্বর মাসে ভালুকের ভয়াবহ কাহিনি এক প্রত্যক্ষদর্শীর কাছে শুনে স্তম্ভিত হয়েছিলাম। ভালুকের বেষ্টনীর মধ্যে একটি ন্যাড়া গাছে পাঁচিল ডিঙিয়ে উঠে পড়েছিল এক অত্যুৎসাহী রিসাস বানর। ভালুকের গাছ বাওয়ার ক্ষমতা সম্বন্ধে তার হয়তো তাচ্ছিল্য ছিল। বানরের গাছে ওঠা দেখে তেড়ে গাছে উঠে গেল এক পুরুষ ভালুক। লম্বা গাছ। ডালপালা ছেঁটে দেওয়া। বানর ভেবেছিল, মগডালে উঠে গেলে আলুথালু ভালুক নাগাল পাবে না। কিন্তু মগডালে উঠেও নিস্তার পেল না বানরটি। ভালুকটি যখন তাকে ধরে ফেলবে, তখন প্রায় ৩০ ফুট উঁচু গাছ থেকে প্রাণভয়ে লাফিয়ে পড়ল বেষ্টনীর মাটিতে। গুরুতর আহত বানর যখন পালানোর চিন্তা করছে, তখন দুই দিক থেকে দুটি ভালুক ছুটে এসে বানরের দেহের দুই অংশ কামড়ে ধরল। প্রত্যক্ষদর্শীরা জানালেন, ভালুক দুটো কাগজ ছেঁড়ার মতো বানরটিকে দুই ভাগ করে খেতে শুরু করল।Ursus thibetanus বৈজ্ঞানিক নামধারী এই ভালুক নাক থেকে লেজ অবধি লম্বায় হয় ১৫৫ সেন্টিমিটার। ওজন প্রায় ১৪০ কেজি। দেহের লোম নীলচে কালো। ঘাড় ও গলার লোম খসখসে। চিবুকের লোমের রং সাদাটে। বুকে বিশালকায় সাদাটে আধখানা চাঁদের মতো সাদা লোমের রাশি আছে, যেটা কাঁধ ছুঁয়ে গেছে। ঘাড় পুরু, মাথা চ্যাপ্টা। এদের কপাল থেকে নাক বরাবর এক সমান্তরাল রেখায় অবস্থিত। কান বেশ বড়, দেহ আঁটসাঁট। হাত-পা গোটা গোটা, কিন্তু দেখলে এলোমেলো মনে হয়। চোখ বেশ ছোট। কুকুর পরিবারের এই প্রাণীটির হাত-পায়ের নখ বেশ লম্বা ও বড় বড়। মাটি খোঁড়ার উপযুক্ত। শ্লথ ভালুকের নখ হয় সাদাটে, কালো ভালুকের নখও কালো।প্যারাবন ছাড়া প্রায় সব ধরনের জঙ্গলে বসবাসের উপযোগী কালো ভালুক আসলে পরিযায়ী প্রাণী। দারুণ গ্রীষ্মে উঁচু পাহাড়ে উঠে যায়, শীতে সমতলে নামে। সারা দিন এরা পাথুরে খাঁজে, গুহায় অথবা বড় গাছের খোঁড়লে কাটায়। সকাল-সন্ধ্যায় খাবার খুঁজতে বের হয়। সাধারণত দুটি, কখনো তিন-চারটির পরিবার খাবারের খোঁজ করে।এদের প্রধান খাদ্য নিরামিষ হলেও আমিষে প্রচণ্ড আসক্তি আছে। প্রধান খাদ্য নানা ধরনের ফল, গাছের মিষ্টি শেকড়, সুযোগ পেলে ভুট্টা, যব, গম, মধু, পাখির ডিম ইত্যাদি। উইপোকাসহ নানা ধরনের পোকার শূককীট খুব পছন্দের। এদের জিভ বেশ লম্বা, আঠালো, পোকা ধরার উপযোগী। কখনো কখনো ছাগল, ভেড়া বা অন্য প্রাণীর শিকার খেয়ে নেয়। অত্যন্ত সাহসী প্রাণী। বাঘ হটিয়ে দেওয়ার গল্পও আছে এদের সম্পর্কে। সাধারণত পাহাড়ি গুহায় বাচ্চা তোলে, একটি বা দুটি বাচ্চা প্রসব করে।