সংসদে প্রকাশিত শীর্ষ সন্ত্রাসীদের তালিকা
দুর্ধর্ষ সন্ত্রাসীর নাম নেই, আছে নিহত ব্যক্তি!
মিরপুরের সন্ত্রাসী শাহাদত আর পুরান ঢাকার ডাকাত শহীদ পুলিশের খাতায় ভয়ংকর সন্ত্রাসী। এদের সহযোগীরা রাজধানীর অপরাধজগৎ দাপিয়ে বেড়াচ্ছে। এক ডজনেরও বেশি খুন ও চাঁদাবাজি মামলার আসামি তারা। অথচ গত সোমবার সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ৪২ শীর্ষ সন্ত্রাসীর যে হালনাগাদ তালিকা প্রকাশ করেছেন, তাতে এদের নামই নেই। নাম নেই জিসান, খোরশেদ, ইমন, সুইডেন আসলামের মতো দুর্ধর্ষ সন্ত্রাসীদেরও। তবে এ তালিকায় নাম আছে একজন নিহত সন্ত্রাসীর।সরকারের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সংসদে দেওয়া এই তালিকা নিয়ে পুলিশের কর্মকর্তারাও বিব্রত। কিসের ভিত্তিতে এ তালিকা হয়েছে, মৃত ব্যক্তি এবং ছিঁচকে সন্ত্রাসীরা কীভাবে শীর্ষ সন্ত্রাসী হলো, তা-ও জানেন না সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা।জানতে চাইলে র্যাবের গোয়েন্দা শাখার প্রধান কর্নেল জিয়া আহসান বলেন, ‘তালিকা ধরে সন্ত্রাসীদের ব্যাপারে আমরা খোঁজখবর করতে শুরু করেছি।’নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পুলিশ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, তালিকাভুক্ত ৪২ সন্ত্রাসীর মধ্যে অর্ধেক চারদলীয় জোট সরকারের আমলের তালিকাভুক্ত। বাকি অর্ধেকের মধ্যে বেশির ভাগ সন্ত্রাসীই ছিঁচকে বা অচেনা। থানার পুলিশের কাছে এদের নাম থাকতে পারে। তবে বড় ধরনের কোনো অপরাধে জড়িত থাকার তথ্য পুলিশ কর্মকর্তারাই জানেন না। তালিকাভুক্ত সন্ত্রাসী তৌহিদুজ্জামান খান টিক্কা নয় বছর আগে পুলিশের গুলিতে নিহত হয়েছে। অথচ তার নামও তালিকায় রয়েছে।তালিকা তৈরির ব্যাপারে খোঁজ নিয়ে জানা গেছে, জাতীয় সংসদের প্রশ্নোত্তরের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশের সদর দপ্তরের কাছে তালিকা চাওয়া হয়েছিল। পরে সদর দপ্তর থেকে একটি তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়। তবে কীভাবে তালিকাটি তৈরি করা হয়েছে, তা কেউ বলতে পারেনি।তালিকার ব্যাপারে জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘তালিকার ব্যাপারে আমি কিছু বলতে পারব না। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার।’গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, বর্তমানে যাদের নামে সবচেয়ে বেশি চাঁদাবাজি ও অপরাধ কর্মকাণ্ড হয়, তাদের মধ্যে ডাকাত শহীদ, শাহাদত, সানজিদুল ইসলাম ওরফে ইমন, জিসান আহমেদ, সুইডেন আসলামের মতো সন্ত্রাসীদের নাম নেই সংসদে উপস্থাপিত তালিকায়। আসলাম কারাবন্দী হলেও তার নামে চাঁদাবাজি হচ্ছে। এমন আরও অনেক সন্ত্রাসী রাজধানীতে অপরাধ করে বেড়ালেও তাদের নাম নেই। আবার তালিকায় থাকা বেশির ভাগই রাজধানীর সন্ত্রাসী। ঢাকার বাইরের সন্ত্রাসীদের নাম এতে নেই।এ ব্যাপারে জানতে চাইলে পুলিশের সাবেক মহাপরিদর্শক এএসএম শাহজাহান প্রথম আলোকে বলেন, এ ধরনের তালিকার ভিত্তি হবে অপরাধের খতিয়ান। মামলা ও অভিযোগের ওপর ভিত্তি করেই অপরাধীর তালিকা করতে হবে। তবে যারা ঘোষিত অপরাধী বা সরকার যাদের নামে হুলিয়া জারি করেছে, তাদের নামও আসতে পারে। শুধু অনুমানের ওপর ভিত্তি করে তালিকা তৈরি করলে সেটা হাস্যকর হয়ে যাবে।সূত্র জানায়, চারদলীয় জোট সরকারের শুরুতে ২০০১ সালের ডিসেম্বরে ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকা প্রকাশ করা হয়। এই তালিকার একজন পিচ্চি হান্নান র্যাবের ক্রসফায়ারে মারা যায়। গণপিটুনিতে মারা যায় আরেক সন্ত্রাসী আলাউদ্দিন। বাকি ২১ জনের নাম বর্তমান তালিকায় ঠাঁই পেয়েছে। এদের মধ্যে নয়জন দেশে-বিদেশে পলাতক আছে বলে তালিকায় বলা হয়েছে। এরা হচ্ছে কালা জাহাঙ্গীর, জাফর আহমেদ, জব্বার মুন্না, ইমাম হোসেন (কানাডা), প্রকাশ কুমার বিশ্বাস (ভারত), মোল্লা মাসুদ (ভারত), কামরুল হাসান, শামীম আহমেদ, আমিন রসুল সাগর (আমেরিকা)। তবে কালা জাহাঙ্গীর কয়েক বছর আগে আত্মহত্যা করেছে বলে তার মা স্কুলশিক্ষিকা পেয়ারা বেগম প্রথম আলোকে জানিয়েছিলেন।আরেক শীর্ষ সন্ত্রাসী লিয়াকতকে তালিকায় নিখোঁজ বলা হয়েছে। তবে লিয়াকত র্যাবের হাতে গ্রেপ্তারের পর নিখোঁজ আছে বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়। শীর্ষ সন্ত্রাসী খন্দকার তানভীর ইসলাম জয় কলকাতা নিউমার্কেটে আছে।তালিকায় উল্লিখিত ১০ জন দেশে-বিদেশে গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে ইমামুল হোসেন ওরফে হেলাল ওরফে পিচ্চি হেলাল ২০০০ সালের ১২ জানুয়ারি, টিটন ২০০২ সালের ১২ জুন, একই বছরের ৭ জুলাই সোহেল ওরফে ফ্রিডম সোহেল, ২৯ মে খোরশেদ আলম ওরফে রাসু, ২০ মে কামাল পাশা ওরফে পাশা, ২০০৩ সালের ১১ জুন মশিউর রহমান কচি (কুমিল্লায় ডিবি পুলিশ গ্রেপ্তার করে) এবং ২০০৫ সালের ৩ জুন আরমান গ্রেপ্তার হয়। এ ছাড়া আব্বাস ওরফে কিলার আব্বাস, হারিস আহমেদ ওরফে হারেস ভারতে পলাতক, ত্রিমাতি সুব্রত বাইন নেপালে গ্রেপ্তার হয়। গ্রেপ্তারের দিন-তারিখ অবশ্য তালিকায় উল্লেখ করা হয়নি।স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষিত তালিকায় দেখা গেছে, তালিকাভুক্ত নতুন ২১ জনের মধ্যে পাপ্পু নামের এক সন্ত্রাসীর নাম আছে গোয়েন্দা পুলিশের তালিকায়। সে ভারতে পালিয়ে রয়েছে। অন্য ২০ জনকে ঢাকা শহরের বিভিন্ন এলাকার সন্ত্রাসী বলে উল্লেখ করা হলেও শীর্ষ সন্ত্রাসী হিসেবে এদের নাম গোয়েন্দা পুলিশের তালিকায় নেই। জানতে চাইলে গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা বলেন, সংসদে ঘোষণার পর তাঁরা এসব সন্ত্রাসীর বিষয়ে খোঁজখবর নেওয়া শুরু করেছেন। সংসদে উপস্থাপিত সন্ত্রাসী তালিকায় দেওয়া ঠিকানা অনুযায়ী খোঁজ করে সংশ্লিষ্ট থানার পুলিশের তালিকায় অনেকেরই নাম পাওয়া যায়নি। আরিফ হোসেন ওরফে বাদল ও মিয়া দেলোয়ার হোসেন নামের দুই সহোদরের নাম স্বরাষ্ট্রমন্ত্রীর তালিকায় থাকলেও লালবাগ পুলিশের তালিকায় নেই।তালিকার ব্যাপারে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের কমিশনার এ কে এম শহীদুল হক প্রথম আলোকে বলেন, খোঁজখবর করার পর তিনি তালিকার ব্যাপারে বলতে পারবেন। একই ধরনের মন্তব্য করেছেন র্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার।ওসিরা যা বলেন: তালিকা অনুযায়ী লালবাগ থানা এলাকার তিন সন্ত্রাসী সম্পর্কে খোঁজ নিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘নামগুলো দেখতে হবে। এরা মনে হয় সাবেক থানার তালিকাভুক্ত আসামি।’ কয়েক মাস আগে লালবাগ থানার অংশবিশেষ নিয়ে চকবাজার থানা গঠিত হয়। সন্ত্রাসীদের নামগুলো শোনার পর ওসি বলেন, ‘আমি মিয়া দেলোয়ারের নাম শুনেছি। তবে ওর ভাই আরিফ হোসেন ওরফে বাদলের নাম শুনিনি। আবুল কাশেম ওরফে হাদীর নামও শুনিনি।’একইভাবে রমনা থানার তালিকায় থাকা তৌহিদুজ্জামান খান টিক্কার ব্যাপারে জানতে চাইলে ওসি শিবলী নোমান বলেন, ‘টিক্কা মারা গেছে বলে শুনেছি।’খোঁজ নিয়ে জানা যায়, ২০০১ সালে পল্লবীতে ডিবি পুলিশের সঙ্গে গোলাগুলিতে টিক্কা আহত হয়। পরে পঙ্গু হাসপাতালে মারা যায়। ওই ঘটনার সময় ডিবির পরিদর্শক ছিলেন রেজাউল করিম। তিনি এখন শাহবাগ থানার ওসি। প্রথম আলোকে তিনি বলেন, টিক্কা তার দলের হাতে আহত হওয়ার পর হাসপাতালে মারা যায়। নিহত টিক্কার নাম তালিকায় দেখে তিনি বিস্ময় প্রকাশ করেন। নিহত টিক্কা মগবাজারের সাবেক ওয়ার্ড কমিশনার মোখলেছুর রহমানের বোনের ছেলে। মোখলেছুর রহমানের ছেলে ব্যারিস্টার মশিউর রহমান বলেন, তাঁর ভাই অনেক আগেই মারা গেছে। এখন তার নাম দেখে মনে হচ্ছে, এটা আট বছর আগের তালিকা। তেজগাঁও থানার ঠিকানা দেওয়া দুই সন্ত্রাসী সেলিম ওরফে সেইল্লা, শহীদুল্লাহ ওরফে লেবু শহীদের বিষয়ে তেজগাঁও থানার ওসি মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সেইল্লার নাম আমাদের তালিকায় আছে। তবে লেবু শহীদের নাম আছে কি না দেখতে হবে।’ তিনি জানান, সেইল্লা ছিঁচকে সন্ত্রাসী। সে মূলত মাদক ব্যবসা ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তার কিছু চ্যালা আছে। চার-পাঁচ মাস আগে সে কাশিমপুর কারাগার থেকে ছাড়া পেয়েছে।হাজারীবাগ থানার তালিকায় থাকা জসীম ওরফে জসী ও মামুন ওরফে মিয়া মামুনের ব্যাপারে জানতে চাইলে ওসি এনামুল হক বলেন, এ দুজনই খুব সাধারণ মানের সন্ত্রাসী। তবে বর্তমানে এদের কোনো তত্পরতা এলাকায় নেই। আগের পুলিশের তালিকায় এদের নাম থাকতে পারে। পল্লবী এলাকার সন্ত্রাসী মামুন ওরফে মফিজুর রহমান সম্পর্কে জানতে চাইলে পল্লবী থানার ওসি ইকবাল হোসেন বলেন, ‘মামুন ওরফে মফিজুর রহমান এখন ভারতে আছে বলে জানি। সে বিএনপির অস্ত্রধারী ক্যাডার। তার বিরুদ্ধে হত্যাসহ অন্তত ৩০টি মামলা রয়েছে মিরপুর এলাকার থানাগুলোতে। আর মোটকা দুলাল ডাকাতির সঙ্গে জড়িত ছিল।’ তবে সন্ত্রাসী রবির বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।যোগাযোগ করা হলে সাবেক আইজিপি নুরুল হুদা বলেন, এ ধরনের তালিকার জন্য সন্ত্রাসীদের অতীত রেকর্ড খুঁজতে হবে। পাশাপাশি তাদের নামে অভিযোগ কেমন আছে, সেটাও দেখতে হবে। অপরাধের মাত্রা অনুসারে তালিকা হলে সেটাই সবার কাছে গ্রহণযোগ্য হবে।