দুর্নীতবাজ মন্ত্রীদের পদচ্যুত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগ ও নৌপরিবহনমন্ত্রীসহ দুর্নীতবাজ মন্ত্রীদের পদচ্যুত করার দাবি জানিয়েছে ছাত্র-শিক্ষক-পেশাজীবী-জনতা। এ দাবিতে আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করে তারা। একই দাবিতে দেশের সবগুলো জেলার শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি পালিত হয়।অন্য দাবিগুলো হলো—রাষ্ট্রের প্রতিটি নাগরিকের স্বাভাবিক মৃত্যু নিশ্চিত, মন্ত্রীর সুপারিশে ২৪ হাজার লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া বাতিল, ড্রাইভিং লাইসেন্স প্রদান প্রক্রিয়ার আধুনিকায়ন, সড়ক, নৌ ও রেল যোগাযোগ ক্ষেত্রে দুর্নীতি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও গণপরিবহন ব্যবস্থায় দ্রুত শৃঙ্খলা ফিরিয়ে আনা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আইনের সংশোধন এবং জনগণের কাছে সব পর্যায়ে জনপ্রতিনিধি ও আমলাদের জবাবদিহি নিশ্চিত করা।সমাবেশে সভাপতি সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘সরকার বা কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের পক্ষে-বিপক্ষে আমাদের আন্দোলন নয়। আমরা বর্তমান অবস্থার পরিবর্তন চাই। আমরা চাই দেশের প্রতিটি নাগরিকের স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা। আর সেই কারণেই আজ আমরা এ আন্দোলনে নেমেছি। এ আন্দোলন জাতীয় আন্দোলন। এ আন্দোলন দুর্নীতি, অব্যবস্থাপনা ও অযোগ্যদের বিরুদ্ধে।’ তেল-গ্যাস-বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মো. শহিদুল্লাহ বলেন, ‘প্রধানমন্ত্রী আজ অযোগ্য মন্ত্রীদের আড়াল করার চেষ্টা করছেন। আমরা প্রধানমন্ত্রীর এ অবস্থানের নিন্দা জানাচ্ছি।’ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক মুক্তিযোদ্ধা কামাল লোহানী বলেন, ‘যোগাযোগমন্ত্রী বলেছেন সড়কগুলো চলাচলের উপযোগী হয়ে গেছে। কিন্তু দেশের সাধারণ মানুষ জানে সড়কগুলোর কী বেহাল দশা। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ দেশের প্রতিটি আন্দোলনই সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে শুরু হয়েছিল। আজকে স্বাভাবিক মৃত্যু দাবি করে সামাজিক আন্দোলন শুরু হয়েছে, তা সারা দেশে ছড়িয়ে পড়বে।’বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম যোগাযোগমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘তারেক মাসুদ বা মিশুক মুনীর মারা যাওয়ার পর যোগাযোগমন্ত্রী হাসপাতালে গিয়ে আহতদের বলেছিলেন, আপনাদের গাড়ির চালকের ভুলে এ দুর্ঘটনা ঘটেছে। আজকে সাহস থাকলে প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বাসায় গিয়ে বলেন, আপনার ছেলের ভুলের কারণে এ দুর্ঘটনা ঘটেছে।’সম্মেলনে সড়ক দুর্ঘটনায় নিহত মিশুক মুনীরের ছোট ভাই আসিফ মুনীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুবায়েত ফেরদৌস, সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, ছাত্রপ্রতিনিধি মানবেন্দ্র দেব, প্রকৌশলী ইনামুল হক, সাগর লোহানী, ভাস্কর রাশা প্রমুখ উপস্থিত ছিলেন। সমাবেশটি পরিচালনা করেন অভিনেত্রী রোকেয়া প্রাচী।