৬ জাহাজের ৩টি মেরামতে, ২টি ত্রুটিপূর্ণ
দুর্নীতি-অব্যবস্থাপনায় বেহাল সরকারি নৌ-যাত্রীসেবা
আদ্যোপান্ত দুর্নীতি ও অব্যবস্থাপনায় বেহাল হয়ে পড়েছে সরকারি নৌপরিবহনের (বিআইডব্লিউটিসি) যাত্রীসেবা। জরাজীর্ণ জাহাজগুলো মেরামতের নামে প্রতিবছর কয়েক কোটি টাকা লোপাট হয়। ভাড়া, যাত্রীসংখ্যা ও পণ্য পরিবহন বাড়লেও প্রতিটি জাহাজের প্রতিবার চলাচলে (ট্রিপ-মূল গন্তব্যে গিয়ে আবার ফিরে আসা) দেখানো হয় বিপুল পরিমাণ লোকসান।সংশ্লিষ্ট সরকারি সূত্রগুলো জানায়, অভ্যন্তরীণ ও উপকূলীয় নৌপথে বিআইডব্লিউটিসির যাত্রী ও পণ্য পরিবহনকে সরকারি ভাষায় বলা হয় ‘জনসেবামূলক বাণিজ্যিক কার্যক্রম’। কিন্তু বাস্তবে এই পরিবহন থেকে জনগণও কাঙ্ক্ষিত সেবা পায় না, সরকারেরও বাণিজ্য হচ্ছে না। সরকারি নৌপরিবহন অকার্যকর করে রাখতে বেসরকারি নৌপরিবহন কোম্পানিগুলো প্রচুর অর্থ ব্যয় করে বলে অভিযোগ আছে। এ সম্পর্কে সূত্রগুলো জানায়, ওই টাকায় সরকারি সিদ্ধান্ত গ্রহণকারীদের অনেকের পকেট ভারী হয়, জনগণ হয় সেবাবঞ্চিত। সরকারি নৌপরিবহনের দুর্নীতি ও অব্যবস্থাপনা সম্পর্কে জানতে চাইলে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মজিবর রহমান প্রথম আলোকে বলেন, ‘এখানে সততার অভাব আছে। সঠিকভাবে দায়িত্ব পালন ও তত্ত্বাবধানের ক্ষেত্রেও ঘাটতি আছে প্রচুর।’ প্রতিষ্ঠানের একটি সূত্র জানায়, সম্প্রতি নজরদারি বাড়ানোর কারণে পাটুরিয়া ফেরি সার্ভিসে মাসে ১০ হাজার লিটার ডিজেলের ব্যবহার কমেছে। তবে এখনো সেখানে তেল চুরি ও ফেরি মেরামতের নামে প্রচুর অর্থ নয়ছয় হয়। মাওয়া ঘাটসহ প্রতিটি ফেরি সার্ভিসে একই অবস্থা। প্রতিষ্ঠানে নিয়মিত ও অস্থায়ী ভিত্তিতে লোক নিয়োগেও আছে দুর্নীতির অভিযোগ।চলাচলে লোকসান: বিআইডব্লিউটিসি পরিচালিত সরকারি নৌ-যাত্রীসেবায় অভ্যন্তরীণ পথে যে জাহাজগুলো এখন চলছে তার মধ্যে পি এস অস্ট্রিচকে বলা হয় সেরা। গত সপ্তাহে এ জাহাজের একটি চলাচল (ট্রিপ) শেষে দেখা যায়, লোকসান প্রায় এক লাখ এক হাজার টাকা। গত সপ্তাহেই আরেকটি জাহাজ পি এস টার্ন এক চলাচলে লোকসান দিয়েছে প্রায় ৮৪ হাজার টাকা। এ রকম লোকসান দিয়ে চলেছে প্রতিটি জাহাজ। এমনকি, যাত্রী ও পণ্য পরিবহনে রেকর্ড হলেও লাভ করতে পারে না জাহাজগুলো। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, লাভ হলেও দেখানো হয় না। অথচ বেসরকারি যেকোনো যাত্রীবাহী নৌযানের তুলনায় এসব জাহাজের যাত্রী ও পণ্য পরিবহনের ক্ষমতা বেশি। যাত্রী ও পণ্য পরিবহন করা হয়ও বেশি। ভাড়াও বেসরকারি নৌযানের তুলনায় কম নয়। মেরামতের শেষ নেই: পরিচালনগত লোকসানের পাশাপাশি অব্যাহতভাবে চলতে থাকে মেরামত। প্রতিষ্ঠানের সূত্রগুলো জানায়, অনেক পুরোনো জাহাজগুলোর জরাজীর্ণ অবস্থা এর অন্যতম কারণ। এর চেয়েও বড় কারণ মেরামতের নামে অর্থ হাতানো।অধিকাংশ সময়ই যতটা মেরামত করা দরকার তার চেয়ে দেখানো হয় বেশি। অর্থ বরাদ্দও হয় বেশি, কিন্তু কাজ করা হয় প্রয়োজনের তুলনায় কম। এ কারণে কিছুদিন পরপরই মেরামতের দারকার হয়। একের পর এক জাহাজ ডকে নেওয়া হয়। যাত্রীসেবা বিঘ্নিত হয়। প্রতিষ্ঠানের লোকসানও বাড়ে।এম ভি সোনারগাঁ নামের একটি জাহাজ নতুন তৈরি করে নামানোর পর থেকে প্রায় ১০ বছর ধরে যতবার চলাচল করেছে, ততবারই সমস্যা হয়েছে। অধিকাংশ সময় জাহাজটি মেরামতের জন্য ডকেই থাকে।সূত্রগুলো জানায়, মেরামতের এই দুষ্টচক্র ফেরি খাতে আরও ভয়াবহ। আসন্ন ঈদের আগে ফেরিসেবা সচল রাখার জন্য এনায়েতপুরী নামের একটি ফেরি মেরামতের জন্য ৫০ লাখ টাকার চাহিদাপত্র দেওয়া হয়েছে। তাতে ফেরিটির যে ধরনের মেরামতের কথা বলা হয়েছে তার মধ্যে কিছু কিছু অল্পদিন আগেই করা হয়েছে। এ নিয়ে প্রশ্ন তোলা হলে বলা হচ্ছে—এনায়েতপুরী থেকে কিছু যন্ত্রাংশ খুলে অন্য ফেরি মেরামতের কাজে লাগানো হয়েছিল। উপকূলীয় সেবাও তথৈবচ: সরকারি নৌপরিবহনের উপকূলীয় (চট্টগ্রাম-বরিশাল) পথে একসময় চারটি জাহাজ সচল ছিল। এর মধ্যে এম ভি আলাউদ্দিন কয়েক বছর ধরে অচল। চীন থেকে কেনা অপেক্ষাকৃত নতুন এম ভি বার আউলিয়াও বছরাধিককাল ধরে মেরামত করে নামানোর অপেক্ষায়।অন্য দুটি এম ভি আবদুল মতিন এবং এম ভি মনিরুল হক জাহাজেও নতুন ইঞ্জিন লাগানোসহ পুনর্বাসনের পরও ঠিকমতো চলছে না। প্রায়ই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। জাহাজগুলোর এ দুরবস্থার কারণে এক বছরেরও বেশি সময় ধরে চট্টগ্রাম-বরিশাল পথে চলাচল সম্পূর্ণ বন্ধ। অথচ ওই পথে যাত্রী চলাচল ও পণ্য পরিবহন হতো প্রচুর।ঈদে সেবা হবে ঝুঁকিপূর্ণ: এবারের ঈদে সরকারি নৌপরিবহনের যাত্রীসেবা নির্ঝঞ্ঝাট ও ঝুঁকিমুক্ত হওয়া অনিশ্চিত। ছয়টি জাহাজের মধ্যে তিনটি মেরামতে। বাকি তিনটির মধ্যে দুটি ত্রুটিপূর্ণ। যাত্রী নিয়ে চলতে চলতে নদীর মধ্যে বন্ধ হয়ে যায়। সরকারি সূত্রগুলো জানায়, অভ্যন্তরীণ পথের জাহাজগুলোর মধ্যে অস্ট্রিচকেও জোড়াতালি দিয়ে চালাতে হচ্ছে। টার্নের প্যাডেল ও সুকান সিস্টেমে (চালক বা সুকানি যে যান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে জাহাজ চালান) সমস্যা আছে। পি এস মাসউদেরও মেরামত দরকার। লেপচার দুটি জেনারেটর ইঞ্জিনে ত্রুটি আছে। গিয়ারের বিয়ারিং ঠিকমতো কাজ করে না। সোনারগাঁ যথারীতি মেরামতে। এমভি শেলা প্রায় এক বছর ধরে ডকে মেরামত হচ্ছে।অবশ্য বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মজিবুর রহমান ঈদের বিশেষ সার্ভিসে একমাত্র শেলা ছাড়া অন্য পাঁচটি জাহাজই চালাতে পারবেন বলে আশাবাদী। তিনি জানান, শেলাকে মেরামত করে নামাতে না পারলে প্রতিবছর ঈদে চাঁদপুর থেকে বরিশাল পর্যন্ত যে বিশেষ সার্ভিসটি দেওয়া হয়, সেটি বন্ধ রাখতে হবে।বিআইডব্লিউটিসির এ দুরবস্থা অল্পদিনে সৃষ্টি হয়নি। দীর্ঘদিন দুর্নীতি, অব্যবস্থাপনা চলতে চলতে সংস্থাটি বর্তমান পর্যায়ে পৌঁছেছে। বিগত জোট সরকারের আমলে জাহাজ মেরামত ও যন্ত্রপাতি কেনাকাটায় ৪০ কোটি টাকার বহুল আলোচিত দুর্নীতি উদ্ঘাটনের দাবি কর্মকর্তা-কর্মচারীরা করে এলেও এখনো এ ব্যাপারে কোনো তদন্ত পর্যন্ত হয়নি। ফলে আগের ধারাবাহিকতাই চলছে।