দুর্নীতি আর মানুষ খুন বিএনপির বড় গুণ: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়ার হাতে দেশের জনগণ নিরাপদ নয়। তাঁর নেতৃত্বে জনগণের জীবনে শান্তি আসবে না। দুর্নীতি আর মানুষ খুন, বিএনপির বড় গুণ। তারা এটাই পারে, অন্য কিছু পারে না।ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে গতকাল বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। তিনি বলেন, ‘খালেদা জিয়া একটি ভাঙা স্যুটকেস থেকে কোটি কোটি টাকার মালিক হলেন কী করে? তিনি জনগণকে সন্ত্রাস, দুর্নীতি ও মানি লন্ডারিং ছাড়া আর কিছু দিতে পারেননি। তারা মানুষকে খাম্বা দিয়েছে, বিদ্যুৎ দিতে পারেনি।’ প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়ার এক ছেলে মানি লন্ডারিং মামলায় সাজা পেয়েছে। তার পাচার করা টাকা বিদেশ থেকে ফিরিয়ে আনা হয়েছে। আরেক ছেলের বিচারও চলছে। শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া এখন যুদ্ধাপরাধীদের রক্ষা করার জন্য সাপের ঝাঁপি মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তিনি বিরোধীদলীয় নেতার উদ্দেশে বলেন, ‘আপনি সাপ নিয়ে খেলা করুন এবং সাপের ঝুড়ি নিয়ে ঘুরে বেড়ান।’আওয়ামী লীগের সভানেত্রী বলেন, ‘২০০১ সালের নির্বাচনের পর বিএনপি ও চারদলীয় জোট কীভাবে ময়মনসিংহের মানুষের ওপর নির্যাতন চালিয়েছিল, তা ময়মনসিংহের মানুষ নিশ্চয় ভুলে যায়নি। আমি নিজে সে সময় এসেছি। সে সময় বিএনপি ও জোটের নেতারা যে হত্যাযজ্ঞ চালিয়েছিল, তাতে আমাদের অনেক নেতার মৃত্যু হয়। হাতুড়ি দিয়ে পিটিয়ে তারা মানুষ মেরেছিল, হাতের আঙুল কেটে দিয়েছিল। ২০০৪ সালে বোমা হামলার পর মিথ্যা মামলা দিয়ে তারা গ্রেপ্তার করে মানুষের ওপর অত্যাচার চালিয়েছিল।’ জেলা আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ সদর আসনের সাংসদ মতিউর রহমানের সভাপতিত্বে জনসভায় আরও বক্তৃতা করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, ভূমিমন্ত্রী রেজাউল করিম, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির প্রমুখ।ময়মনসিংহের জনগণের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘গত নির্বাচনে আপনারা ময়মনসিংহের সব আসন আওয়ামী লীগকে দিয়েছেন। আগামী নির্বাচনে ক্ষমতায় গেলে ময়মনসিংহকে সিটি করপোরেশন করব।’ খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধিতে কৃষিবিদদের নিরলস প্রচেষ্টার প্রশংসা: এর আগে বেলা ১১টা ১৫ মিনিটে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর নবনির্মিত একটি সঞ্চৃতিফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। পরে সুবর্ণজয়ন্তী ও অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তৃতা করেন। প্রধানমন্ত্রী বিগত চার দশকে নিরলস ও সৃজনশীল প্রচেষ্টার মাধ্যমে খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধির জন্য দেশের কৃষিবিদদের প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশের বৃহত্তর অর্জনগুলোর মধ্যে কৃষি খাতের অর্জন হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য এবং দৃশ্যমান। তিনি বাংলাদেশের উন্নয়ন ও দেশের খাদ্য উৎপাদন আরও বাড়াতে কৃষিবিদদের এগিয়ে আসার আহ্বান জানান। পরে দুপুরে ময়মনসিংহের নবনির্মিত পাসপোর্ট কার্যালয় ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যার নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।