দুর্নীতি ও মানুষ খুন, বিএনপির বড় গুণ (ভিডিও)
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দল বিএনপির উদ্দেশে বলেছেন, ‘দুর্নীতি ও মানুষ খুন, বিএনপির বড় গুণ। তারা এটাই পারে, অন্য কিছু পারে না। মানুষের জন্য তারা কিছু করে না, করতে পারেও না।’ আজ বৃহস্পতিবার ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় গেলে মানুষের উন্নতি হয়। আমরা ক্ষমতায় এসে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছি।’ ময়মনসিংহের জনগণের উদ্দেশে তিনি বলেন, ‘গত নির্বাচনে আপনারা ভোট দিয়ে ময়মনসিংহের সবগুলো আসনে আওয়ামী লীগকে জিতিয়েছেন। এ জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আগামী নির্বাচনে ক্ষমতায় গেলে ময়মনসিংহকে সিটি করপোরেশন করে দেব।’ এ ছাড়া ময়মনসিংহে শিক্ষার প্রসার ঘটানোর জন্য ময়মনসিংহকে ‘শিক্ষানগর’ হিসেবে উন্নীত করতে চান বলে তিনি জানান।
এর আগে বেলা ১১টা ১০ মিনিটে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর একটি স্মৃতিফলক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই পুনর্মিলনীতে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন। দুপুরে ময়মনসিংহে নবনির্মিত পাসপোর্ট অফিস ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যার নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। জেলা আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ সদর আসনের সাংসদ মতিউর রহমানের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, ভূমিমন্ত্রী রেজাউল হক প্রমুখ।