দুর্নীতি কমাতে চাই রাজনৈতিক সদিচ্ছা
দুর্নীতি কমাতে হলে বড় দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এর জন্য দরকার সরকার ও বিরোধী দলের রাজনৈতিক সদিচ্ছা। আর দুর্নীতি প্রতিরোধ করতে হলে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, সক্রিয় বিচারব্যবস্থা, মামলার দ্রুত নিষ্পত্তি, নৈতিক শিক্ষা ও তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।গতকাল বুধবার প্রথম আলোর কার্যালয়ে ‘স্বাধীন, শক্তিশালী ও কার্যকর দুর্নীতি নিয়ন্ত্রণ প্রক্রিয়া’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব পরামর্শ দেন।বক্তারা বলেন, সরকারকে অবশ্যই প্রতিষ্ঠান হিসেবে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) শক্তিশালী করতে হবে। কিন্তু সরকার দুদক আইন, ২০০৪-এর সংশোধনীর যে প্রস্তাবগুলো করেছে, তাতে দুদক শক্তিশালী হওয়ার বদলে দুর্বল প্রতিষ্ঠানে পরিণত হবে।আলোচনার শুরুতেই দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান বলেন, ‘রাজনৈতিক সদিচ্ছা ছাড়া দুর্নীতি দমন করা সম্ভব নয়। জাতি হিসেবে আমাদের অঙ্গীকার করতে হবে, আমরা এই চক্র থেকে বেরিয়ে আসব।’দুদকের চেয়ারম্যান বলেন, গত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুদক আইন, ২০০৪-এর দুর্বলতা দূর করার জন্য একটি অধ্যাদেশ জারি করা হয়। বর্তমান সরকার ওই অধ্যাদেশ অনুমোদন করেনি। সরকার আইনটি সংশোধনের একটি প্রস্তাব মন্ত্রিপরিষদে পাঠায়। পরে মন্ত্রিপরিষদ কিছু নির্দেশনা দিয়ে পাঠায়। এসব নির্দেশনা বাস্তবায়ন করা হলে দুদকের হাত-পা বাঁধা হয়ে যাবে। তবে তাঁর আশা, শেষ পর্যন্ত সরকার এমন কোনো আইন পাস করবে না, যা দুদককে দুর্বল করবে।দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী বলেন, দুর্নীতি রোধ করতে যারা হলে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বড় বড় অপরাধ করেছে এমন গোটা দশেকের বিচার করতে পারলেও কাজ হয়। রাঘব বোয়ালেরা যদি শাস্তি না পায়, তারা যদি জেল না খাটে, তাহলে কোনো কাজ হবে না।সরকারি অনুমিত হিসাব-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান বলেন, ‘আজ হোক কাল হোক, অন্যায় করলে ধরা পড়তে হবে—এমন ধারণা প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের উচিত হবে দ্রুত কয়েকজনকে ধরে সংক্ষিপ্ত বিচার করে শাস্তি দেওয়া।’ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেন, ‘আমরা সামাজিকভাবে দুর্নীতিকে ঘৃণা করি না। সমাজে দুর্নীতির ধরনের গ্রহণযোগ্যতা দেখা যাচ্ছে। দুর্নীতিবাজকে এখন ভয় পেতে হয় না, লজ্জা পেতে হয় না।’প্রস্তাবিত সংশোধনী গ্রহণ না করার পরামর্শ: ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মনজুর হাসান বলেন, ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার দুর্নীতিবিরোধী জাতিসংঘের সনদ অনুমোদন করেছে। এই সনদের সঙ্গে দুদক আইনের সংশোধনী অসামঞ্জস্যপূর্ণ। তিনি দুদক আইনের প্রস্তাবিত সংশোধনী গ্রহণ না করতে সরকারের প্রতি আহ্বান জানান।সুপ্রিম কোর্টের আইনজীবী আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রী একটি শক্তিশালী ও নিরপেক্ষ দুর্নীতি দমন কমিশন গঠনের কথা বলেছেন। কিন্তু দুদক আইনের প্রস্তাবিত সংশোধনী গৃহীত হলে এটা হবে না।সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলার পূর্বানুমতি নেওয়ার বিধানের সমালোচনা: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দুদক আইনের সংশোধনীতে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করতে হলে পূর্বানুমতি নেওয়ার প্রস্তাব করা হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এই অনুমতি পাওয়া অসম্ভব। দুদকের চেয়ারম্যান বলেন, সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি লাগলে দুদকের অবস্থা আগের ব্যুরোর চেয়ে খারাপ হবে। টিআইবির ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান এম হাফিজউদ্দিন খান তাঁর চাকরিজীবনের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য ফাইল পাঠিয়েছি, কিন্তু বছরের পর বছর অনুমোদন দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি, তাও জানানো হয়নি। দেখা গেছে, আধা টন গম আত্মসাতের অভিযোগে মামলা করার জন্য অনুমোদন দেওয়া হলেও রাঘব বোয়ালদের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দেওয়া হতো না।’টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক মোজাফ্ফর আহমদ বলেন, সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দেওয়ানি বা ফৌজদারি মামলা করতে হলে কর্তৃপক্ষের অনুমতি লাগে না। তাহলে দুর্নীতির মামলা করতে কেন অনুমতি লাগবে!আনিসুল হক বলেন, সরকার যদি এমন বিধানই করবে, তাহলে ব্যুরোর বদলে দুর্নীতি দমন কমিশন করার কী দরকার ছিল।তবে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার মনে করেন, সরকারি কর্মকর্তাদের জন্য এমন একটি বিধান থাকা দরকার। যুক্তি হিসেবে তিনি বলেন, একটি ফাইলে হয়তো ১৬ জন সই করল। সেই ফাইলে সই করার জন্য কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়ে যেতে পারে। কর্মচারীরা যেন অকারণে হয়রানির শিকার না হন, সে জন্য এ রকম একটি সুরক্ষা থাকা দরকার।দুদকের জবাবদিহি কার কাছে: ইফতেখারুজ্জামান প্রস্তাব করেন, সংসদের একটি বিশেষ কমিটির কাছে দুদকের জবাবদিহি থাকতে পারে। এই কমিটিতে সব দলের সাংসদ থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুল মনে করেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে দুদকের জবাবদিহি থাকা উচিত। দুদকের চেয়ারম্যান বলেন, প্রশাসনিক ও অর্থনৈতিক দিক থেকে কমিশনের জবাবদিহি সরকারের অন্য বিভাগের মতোই। এমনকি একটি গাড়ি বদলানোর জন্যও মন্ত্রিপরিষদ সচিবের অনুমতি প্রয়োজন। তাহলে জবাবদিহি নেই কোথায়—প্রশ্ন রাখেন তিনি।সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মো. বদরুদ্দোজা বলেন, কাঠামোগত পরিবর্তন ছাড়া দুদকের কার্যকর ভূমিকা নিশ্চিত হবে না। এখনকার বাস্তবতা হচ্ছে, মন্ত্রীর বিরুদ্ধে কিছু বলার ক্ষমতা দুদকের চেয়ারম্যানের নেই। সক্রিয় বিচার বিভাগের প্রত্যাশা: মোজাফ্ফর আহমদ বলেন, দুর্নীতির মামলা নানা কারণে আটকে যাচ্ছে। সক্রিয় বিচার বিভাগের ভূমিকা দুদককে কার্যকর করতে সাহায্য করতে পারে। এইচ এন আশিকুর রহমান বলেন, ‘আমাদের বিচার বিভাগ খুব একটা সক্রিয় নয়। কথায় কথায় যেন দুর্নীতির মামলা স্থগিত না হয়ে যায়, সে বিষয়ে কিছু একটা করতে হবে।দক্ষ লোকবল নিয়োগ ও কর্মীদের সততার প্রতি মনোনিবেশের সুপারিশ: হাফিজউদ্দিন খান বলেন, ‘কমিশনের ভেতরেও দুর্নীতির কথা শোনা যায়। আজও (গতকাল) একজন ফোন করে আমাকে এ কথা বলেছে।’ সৈয়দ মঞ্জুর এলাহী বলেন, দুদকের কর্মকর্তাদের তদন্তের ক্ষমতা আছে কি না—এ বিষয়টিও দেখতে হবে। দুর্নীতি প্রমাণ করা সহজ না। কেউ রসিদ দিয়ে ঘুষ খায় না। কাজেই দুদকের কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে হবে। সুলতানা কামাল বলেন, ‘আমরা শুনেছি দুদকে যারা তদন্ত করে তাদের অনেকে তদন্ত কাকে বলে জানেন না। আবার সততা কাকে বলে তাও কেউ কেউ জানেন না।’দুদকের চেয়ারম্যান গোলাম রহমান বলেন, ‘সমাজের অন্য পাঁচ জায়গার লোকের যে লোভ-লালসা আছে, দুদকের অনেকেরও হয়তো একই ধরনের সমস্যা আছে। আমরা এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি।’ কয়েকজন কর্মীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ পেয়ে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথাও জানান দুদকের চেয়ারম্যান।গবেষণায় মনোনিবেশ করতে হবে: হাফিজউদ্দিন খান বলেন, কমিশনে একজন চেয়ারম্যান ও দুজন সদস্য আছেন। এটা পর্যাপ্ত নয়। সংস্থাটিতে গবেষণা করার জন্য লোক দরকার। নইলে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে না।আসিফ নজরুল বলেন, দুদকের ১১টি কাজের মধ্যে ছয়টিই দুর্নীতি প্রতিরোধমূলক। কী কারণে দুর্নীতি হয়, তা গবেষণা করে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন দিতে পারে দুদক। তথ্যপ্রযুক্তির ব্যবহার: তথ্যপ্রযুক্তিবিদ মুনির হাসান দুর্নীতি প্রতিরোধে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরামর্শ দেন। তিনি জানান, আগামী ডিসেম্বর থেকে চারটি বড় বিভাগে ই-টেন্ডারিং প্রক্রিয়া চালু হবে। এটা হলে টেন্ডারবাজি কমবে। তিনি জানান, চট্টগ্রাম বন্দরে অটোমেশন প্রক্রিয়া চালুর আগে ৪২ জায়গায় সই লাগত। এখন লাগে পাঁচ জায়গায়। দুদকের চেয়ারম্যানও মনে করেন, তথ্যপ্রযুক্তির ব্যবহার যত বাড়বে, দুর্নীতির প্রকোপও তত কমবে।নৈতিকতা শিক্ষার ওপর গুরুত্বারোপ: মোজাফ্ফর আহমদ বলেন, দুদক একা দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারবে না। শিক্ষা ও পরিবারের বিরাট ভূমিকা আছে এতে। দুদকের চেয়ারম্যান এ বিষয়ে কিছু উদ্যোগ নেওয়ার কথাও জানান। তিনি বলেন, তাঁরা প্রতিটি স্কুলে সততা ও নৈতিকতার শিক্ষা প্রচারের উদ্যোগ নিয়েছেন। ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমেও এই কাজ করা হচ্ছে। বিগত তবলিগ জামাতের বয়ান ও মোনাজাতেও দুর্নীতিবিরোধী কথাবার্তা প্রচারের ব্যবস্থা করা হয়েছে। বিকেন্দ্রীকরণ: সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, কেন্দ্রীভূত শাসন দুর্নীতির একটি বড় কারণ। অল্প কিছু লোক কেন্দ্রে বসে সিদ্ধান্ত নেয়। এখানেই দুর্নীতি তৈরি হতে পারে। প্রশাসনের বিকেন্দ্রীকরণ করলে স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলো জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য হবে। এতে দুর্নীতি কমবে।গোলটেবিল বৈঠকে সঞ্চালক ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম। বৈঠকে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং চট্টগ্রামের আবাসিক সম্পাদক আবুল মোমেন উপস্থিত ছিলেন।