দুর্নীতি করলে বিচারকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বলেছেন, ‘দুর্নীতির বিরুদ্ধে আমার অবস্থান স্পষ্ট ও দৃঢ়। দুর্নীতির ব্যাপারে কোনো প্রকার সহিষ্ণুতা গ্রহণ করা হবে না।’ তিনি বলেন, দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট বিচারক বা আদালত কর্মচারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।আজ শুক্রবার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে দেশের জেলা জজ ও জেলা জজ পদমর্যাদার বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া অভিভাষণে প্রধান বিচারপতি এসব কথা বলেন। অভিভাষণ পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলাম। দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় পৌনে ২০০ জেলা জজ ও বিচার বিভাগীয় কর্মকর্তারা এতে যোগ দেন।প্রধান বিচারপতি বলেন, দুর্নীতি অবিচারের জন্ম দেয়। এক স্থানে অবিচার সর্বত্র সুবিচারের জন্য হুমকি। তিনি বলেন, ‘বিচারকদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা অভিযোগ আমি কখনই আমলে নেব না। কিন্তু দুর্নীতির প্রতিটি যুক্তিগ্রাহ্য অভিযোগ আমলে নেব এবং উপযুক্ত একজন বিচারক অভিযোগটি তদন্ত করবেন।’ দুর্নীতি প্রতিরোধমূলক কার্যক্রম বেগবান করতে তিনি জেলা জজদের নির্দেশ দেন।মো. মোজাম্মেল হোসেন অধস্তন জজ, আদালত ও কর্মচারীদের বিরুদ্ধে আনীত দুর্নীতির প্রতিটি অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে আনতে জেলা জজদের প্রতিও নির্দেশ দেন। প্রধান বিচারপতি বলেন, বিচারব্যবস্থায় মামলা-জট জনগণের বিচার লাভের ক্ষেত্রে বড় অন্তরায়। তিনি বলেন, ‘আমাদের আদালতে প্রায় ১৯ লাখ মামলা-জট বয়ে বেড়াচ্ছি। অবশ্যই মামলা জটের দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পেতে হবে। এ জন্য আমাদের অপ্রয়োজনীয় সময়দানের সংস্কৃতি পরিহার করতে হবে। আদালতে পুরো সময়কে বিচারকাজে ব্যয় করতে হবে।’