দুর্নীতি খুঁজে পেয়েছে কানাডা
আলোচিত কানাডীয় প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের বিরুদ্ধে প্রাথমিকভাবে দুর্নীতি খুঁজে পেয়েছে কানাডার পুলিশ। আর এ তথ্য পেয়ে বিশ্বখ্যাত এই প্রতিষ্ঠানকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বিশ্বব্যাংক। পদ্মা সেতু নির্মাণসংক্রান্ত কাজেই এ দুর্নীতি হয়েছে।বিশ্বব্যাংক গত সোমবার আনুষ্ঠানিকভাবে এসএনসি-লাভালিনকে আগাম সাময়িক বরখাস্ত (ইটিএস) করার ঘোষণা দিয়েছে। এসএনসি-লাভালিনের ওয়েবসাইটেও খবরটির সত্যতা স্বীকার করা হয়েছে। কানাডাভিত্তিক এসএনসি-লাভালিন বিশ্বের সেরা ১০ প্রকৌশল সংস্থার একটি। তবে এর আগে ভারতের কেরালায় বিদ্যুৎ প্রকল্পে তাদের বিরুদ্ধে বড় ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছিল।বিশ্বব্যাংকসহ দাতারা দুর্নীতির অভিযোগে পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ রেখেছে। বিশ্বব্যাংক বলে আসছে, এসএনসি-লাভালিন নিয়ে কানাডা পুলিশের তদন্ত শেষ হলেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তদন্ত এখনো চলছে। তবে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় বিশ্বব্যাংক এ সিদ্ধান্ত নিল।মূলত দুর্নীতির প্রাথমিক প্রমাণ পেলেই বিশ্বব্যাংকের সংশ্লিষ্ট সংস্থা ইনটেগ্রিটি ভাইস প্রেসিডেন্সি (আইএনটি) কোনো প্রতিষ্ঠানকে আগাম সাময়িক বরখাস্ত (ইটিএস) করতে পারে। এটা তদন্ত চলাকালেই করা হয়। আগাম সাময়িক বরখাস্তের সময়সীমা প্রাথমিকভাবে ছয় মাস। পরে তদন্তকাজের স্বার্থে বরখাস্তের সময়সীমা আরও ছয় মাস বাড়াতে পারে বিশ্বব্যাংক। আগাম সাময়িক বরখাস্তকালীন বিশ্বব্যাংকের সহায়তাপুষ্ট কোনো প্রকল্পের ঠিকাদারি দরপত্রে অংশ নিতে পারবে না বা কোনো কাজ পাবে না ওই প্রতিষ্ঠান। আর চূড়ান্ত বরখাস্ত করলে এর মেয়াদ কমপক্ষে দুই বছর হবে।যুক্তরাষ্ট্রের সর্বাধিক প্রচারিত পত্রিকা দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর ২ এপ্রিল সংখ্যায় এ-সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, গত বছরের সেপ্টেম্বর মাসে এসএনসি-লাভালিনের টরন্টো শহরতলির কার্যালয়ে তল্লাশি চালায় রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ। বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশের পদ্মা সেতু নির্মাণে অনিয়মের অভিযোগে এই তল্লাশি চালানো হয়। এর পরের মাসে বিশ্বব্যাংক পদ্মা সেতু নির্মাণে ১২০ কোটি ডলারের অর্থায়ন স্থগিত করে। এটি বিশ্বব্যাংকের সর্ববৃহৎ প্রকল্প।এসএনসি-লাভালিনের ওয়েবসাইটে বিশ্বব্যাংকের আগাম সাময়িক বরখাস্তের বিষয়টি প্রকাশ করে বলা হয়েছে, এসএনসি-লাভালিনের একটি অঙ্গপ্রতিষ্ঠানকে বিশ্বব্যাংকের সহায়তাপুষ্ট প্রকল্পের ঠিকাদারি দরপত্রে অংশগ্রহণে সাময়িক নিষিদ্ধ করে নোটিশ দেওয়া হয়েছে। গত সেপ্টেম্বর মাস থেকে কানাডীয় পুলিশ দুর্নীতির অভিযোগ তদন্ত করছে। আর এর ধারাবাহিকতায় সাময়িকভাবে প্রতিষ্ঠানটিকে নিষিদ্ধ করা হয়েছে।প্রতিষ্ঠানটির অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়ান ব্রাউন এক বিবৃতিতে বলেন, ‘বিষয়টির চূড়ান্ত সুরাহা না হওয়া পর্যন্ত আমাদের প্রতিষ্ঠানের ওপর বিশ্বব্যাংকের নিষেধাজ্ঞা আরোপকে স্বাগত জানাই। তবে পরিষ্কার হওয়া প্রয়োজন যে চলমান ও নতুন প্রকল্পে আমাদের অন্য অঙ্গপ্রতিষ্ঠানগুলো নিয়মমাফিক অংশ নিতে পারবে।’ তিনি আরও বলেন, ‘যখন বিষয়টি প্রথম নজরে আসে, তখন থেকেই অভ্যন্তরীণ তদন্তও চালাচ্ছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া বিশ্বব্যাংকের প্রকল্পের তদন্তেও সহায়তা দেওয়া হচ্ছে।’এসএনসি-লাভালিনের ওয়েবসাইটে আরও বলা হয়েছে, পদ্মা সেতু নির্মাণ প্রকল্প সম্পর্কে বিশ্বব্যাংকের গোপন প্রতিবেদনে এসএনসি-লাভালিনের অঙ্গপ্রতিষ্ঠান সম্পর্কে অভিযোগ রয়েছে। কিন্তু এই প্রতিষ্ঠানকে এখনো দরপত্রে উত্তীর্ণ করা হয়নি বা কাজ দেওয়া হয়নি (অ্যাওয়ার্ডেড)। দরপত্রে অংশ নেওয়া প্রতিষ্ঠানটি উত্তীর্ণ হলে বাংলাদেশের পক্ষ হয়ে পদ্মা সেতু নির্মাণের তদারক করার কথা।যোগাযোগ করা হলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব আরাস্তু খান প্রথম আলোকে জানান, বিশ্বব্যাংক এখনো এসএনসি-লাভালিনকে আগাম সাময়িক বরখাস্তের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি।পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংক প্রথম আনুষ্ঠানিক অভিযোগ করেছিল গত বছরের ২১ সেপ্টেম্বর। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে একটি চিঠি দিয়ে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এবং তাঁর পারিবারিক মালিকানাধীন কোম্পানি সাকো ইন্টারন্যাশনালের দুর্নীতির বিবরণ দেয় বিশ্বব্যাংকের আইএনটি। অভিযোগ হচ্ছে, কানাডিয়ান কোম্পানি এসএনসি-লাভালিনকে পদ্মা সেতু প্রকল্পের পরামর্শক হিসেবে কাজ পাইয়ে দেওয়ার কথা বলে একাধিক কর্মকর্তা কোম্পানিটির কাছে কমিশন চান। পরামর্শক হিসেবে কাজ পাওয়ার পর এই কাজের বিনিময়ে যে অর্থ পাওয়া যাবে, তার একটি অংশ কমিশন হিসেবে চাওয়া হয়। এ বিষয়ে কোম্পানি সম্মত হলে উভয় পক্ষের মধ্যে সমঝোতাও হয়। বিশ্বব্যাংকের এই অভিযোগের কতটুকু কানাডার পুলিশ খুঁজে পেয়েছে, তার বিস্তারিত বিবরণ পাওয়া যায়নি।লাভালিনের প্রধান নির্বাহীর পদত্যাগ: গত ২৬ মার্চ এসএনসি-লাভালিনের প্রধান নির্বাহী কর্মকর্তা পিয়েরে ডুহাইমে পদত্যাগ করেছেন। প্রতিষ্ঠানের নীতির ব্যত্যয় ঘটিয়ে পাঁচ কোটি ৬০ লাখ ডলার অনুমোদন দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনি পদত্যাগ করেন। প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ তদন্তে এই অভিযোগ প্রমাণিত হয়। এ বিষয়ে এসএনসির চেয়ারম্যান জিয়ান মর্গান ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, ‘আমরা এখনো জানি না, এর পেছনে কী রয়েছে। এই অর্থ কোথায় গেল।’ তিনি আরও জানান, এ বিষয়ে বাইরের যেকোনো তদন্তে সহায়তা করবে প্রতিষ্ঠানটি।গত ২৬ মার্চ প্রকাশিত প্রতিষ্ঠানটির নিজস্ব তদন্ত প্রতিবেদনে বেরিয়ে এসেছে, ২০১০ ও ২০১১ সালে প্রতিষ্ঠানটির হিসাব থেকে ভুলভাবে দুই কোটি ২৫ লাখ ডলার দেওয়া হয়েছে। দুটি অননুমোদিত (আনডিসক্লোজড) প্রকল্পের এজেন্টদের নীতিবিরুদ্ধ উপায়ে অর্থ দেওয়া হয়েছে। গাদ্দাফির শাসনামলে লিবিয়ায় ভালো ব্যবসা করেছে প্রতিষ্ঠানটি। কিন্তু তারা অনৈতিকভাবে অর্থ প্রদানের বিষয়ে লিবিয়ার সঙ্গে সম্পৃক্ত নয় বলে জানিয়েছে।