দুর্নীতি দমন আইন সংস্কার করবে ভারত সরকার
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং আজ বুধবার দুর্নীতি ইস্যুতে দেশটির ‘নেতিবাচক মানসিকতা ও হতাশাগ্রস্ত অবস্থার অস্থির পরিস্থিতির’ সমালোচনা করে বলেছেন, ঘুষ প্রতিরোধে অতি সত্বর দুর্নীতি দমন আইন সংস্কার করা হবে। তিনি আরও বলেন, নতুন আইনে ঘুষ প্রতিরোধে ব্যর্থতাকেও অন্যায় হিসেবে বিবেচনা করা হবে।মনমোহন বলেন, ‘নেতিবাচক মানসিকতা ও হতাশাগ্রস্ত অবস্থার অস্থির পরিস্থিতি কারও কল্যাণ বয়ে আনবে না। এতে শুধু দেশের ভাবমূর্তিই ক্ষতিগ্রস্ত হবে এবং রাষ্ট্রের কর্মচারীদের নৈতিকতা ক্ষুণ্ন হবে।’প্রধানমন্ত্রী বললেন, দুর্নীতি দমন আইনের ফাঁকগুলো বন্ধ করতে এবং আইনটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে একে এমনভাবে সংস্কার করা হবে, যাতে দুর্নীতির পরিষ্কার ও বিতর্কাতীত একটি সংজ্ঞা নির্ধারণ করা যায়।দ্য হিন্দুর এক খবরে বলা হয়, ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) এবং দুর্নীতি দমন ব্যুরো আয়োজিত জাতীয় সম্মেলনে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী বলেন, অভিজ্ঞতা থেকে দেখা গেছে, বড় বড় দুর্নীতির সঙ্গে বৃহত্ ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সম্পর্ক আছে। মনমোহন আরও বলেন, দুর্নীতি দমন আইনটির সংস্কার জরুরি হয়ে দাঁড়িয়েছে। কারণ দেখা গেছে, অনেক বড় মামলায় আঁতাত করে ঘুষ নেওয়ার মতো অপরাধ বা ঘুষ প্রদানকারী আইনের ফাঁক গলে মাফ পেয়ে যায়।