দুর্নীতি দমনে প্রধান দুই দলের সদিচ্ছা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান দুটি রাজনৈতিক দলের নির্বাচনী অঙ্গীকারনামায় দুর্নীতি দমনে সদিচ্ছা ও প্রতিশ্রুতির কোনো অভাব থাকে না। কিন্তু তা বাস্তবায়নে কোনো পদক্ষেপ দেখা যায় না বলে মন্তব্য করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান।আজ মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে ‘স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য তথ্য প্রচারণ: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট এই আলোচনা সভার আয়োজন করে। আলোচনায় সঞ্চালনা করেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ন কবির।গোলাম রহমান বলেন, দুর্নীতি দমনে রাজনৈতিক সদিচ্ছা অত্যন্ত জরুরি। বড় দুই দল যারা দেশের ক্ষমতা পরিচালনা করে, তারা যদি তাদের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সদিচ্ছা পোষণ করে, তাহলে দেশের দুই-তৃতীয়াংশ দুর্নীতি এমনিতেই কমে যাবে বলে উল্লেখ করেন তিনি। এ ছাড়া প্রতিটি সরকারি-বেসরকারি কার্যালয়ে ‘সিটিজেন চার্টার’ দৃশ্যমান স্থানে রাখা ও সেই অনুযায়ী কাজ করার ওপর জোর দেন কমিশনের চেয়ারম্যান।দীর্ঘদিন ধরে দুদক আইনের বিষয়টি ঝুলে রয়েছে জানিয়ে গোলাম রহমান বলেন, দুর্নীতি দমন কমিশনের সংশোধনী আইনটি দেড় বছর ধরে ঝুলে আছে। সংসদের চলমান অধিবেশনেই এ আইনটি উঠানোর জন্য তিনি সরকারের প্রতি অনুরোধ জানান। প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির বলেন, তথ্য প্রাপ্তি সাধারণ জনগণের অধিকার। প্রত্যেকটি জনগুরুত্বপূর্ণ বিষয় যখন সাধারণের জানার সুযোগ থাকবে, তখন সরকারি কর্মকর্তাদের মধ্যে জবাবদিহিতা তৈরি হবে। দায়বদ্ধতা ও স্বচ্ছতার মধ্যে থাকলে প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমে যাবে। স্বাভাবিক উপায়ে ব্যক্তি দুর্নীতিও কমে যাবে বলে বিশ্বাস করেন তিনি। দেশে সুশাসন নিশ্চিত করতে তিনি দুদক ও তথ্য কমিশনকে একসঙ্গে কাজ করতে আহ্বান জানান। এ সময় তথ্য কমিশনার সাদেকা হালিমসহ দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।