বিচার প্রশাসন থেকে থানা পর্যন্ত দুর্নীতি বিস্তৃত সর্বত্র: অর্থমন্ত্রী
দুর্নীতি দেশের সব জায়গায়
দেশের সর্বত্রই দুর্নীতিতে ছেয়ে গেছে বলে স্বীকার করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘দেশের সব জায়গায় দুর্নীতি। বিচার প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, ভূমি, কর আদায়কারী সংস্থা থেকে শুরু করে থানা পর্যন্ত এই দুর্নীতি বিস্তৃত।’দেশে সুশাসন না থাকার অন্যতম দুই কারণ হচ্ছে দুর্নীতি এবং আইনের শাসনের অভাব—এ মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আগামী দিনে দুর্নীতি কমিয়ে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব। রাজধানীর একটি হোটেলে গতকাল শনিবার অনুষ্ঠিত ‘সুশাসন’ বিষয়ক এক গোলটেবিল বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রিপরিষদ বিভাগ এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) যৌথভাবে এ বৈঠকের আয়োজন করে। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোশাররাফ হোসাইন ভুঁইঞা এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর তেরেসা খো।মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক আহমেদ আতাউল হাকিম, জ্যেষ্ঠ সচিব আবদুস সোবহান সিকদার ও হুমায়ুন কবির, সচিব আবু আলম মো. শহিদ খান, আবুল কালাম আজাদ, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) পরিচালক আবদুল হকসহ বিভিন্ন উন্নয়ন-সহযোগী সংস্থার প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন।অর্থমন্ত্রী বলেন, সুশাসন একটি ধারণা এবং এটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সমাজের সবক্ষেত্রেই এর প্রতিফলন থাকতে হবে। কারণ, সুশাসন ছাড়া জনগণের মুক্তি নেই। তবে সবার আগে সরকার পরিচালনাকে জবাবদিহি ও স্বচ্ছতার মধ্যে আনতে হবে। তিনি বলেন, ‘সংসদ ও বিচার প্রশাসনে দুর্নীতি রয়েছে। রয়েছে কর আদায়কারী সংস্থায়, প্রশাসনে, পুলিশ বিভাগে এবং ভূমি ব্যবস্থাপনায়। আমি আরও বিশ্বাস করি যে দেশের শিক্ষা এবং স্বাস্থ্য—এ দুটি খাত ব্যাপক দুর্নীতিগ্রস্ত।’সুশাসন প্রতিষ্ঠায় সংসদ, বিচার প্রশাসন, প্রশাসন এবং স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগের কথা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, ‘এসব খাতে আমরা যদি ভালো করতে পারি, তাহলে বলতে পারব যে দেশে সুশাসন আছে। আর যদি ভালো করতে না পারি, তাহলে তো বিরাট সমস্যা।’ কমিউনিটি উন্নয়ন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন—এ বিষয়গুলো সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে বলে অভিমত ব্যক্ত করেন অর্থমন্ত্রী।পুলিশ বিভাগ ব্রিটিশ পদ্ধতিতে পরিচালিত উল্লেখ করে দেশের থানাগুলোতে ব্যাপক দুর্নীতি হয় বলেও মন্তব্য করেন মুহিত। তিনি বলেন, ‘থানায় মূল ব্যক্তি হলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। কিন্তু পুরো থানাতেই চলে ঘুষ। প্রাথমিক তদন্ত, অভিযোগ গঠন, সাধারণ ডায়েরি (জিডি)—কোনো কিছুতেই শৃঙ্খলা ও স্বচ্ছতা নেই। জিডির দলিল রাখার জন্য রয়েছে বিশাল আকারের একটি খাতা। আমি মনে করি, গোটা পুলিশি ব্যবস্থাতেই দুর্নীতি। তবে শুধু বাংলাদেশ নয়, উপমহাদেশের সব দেশের জন্যই এটা একটা সমস্যা।’ছোট ছোট দুর্নীতি সব যোগ করলে তার পরিমাণ অনেক হবে উল্লেখ করে অর্থমন্ত্রী এরপর ভূমি প্রশাসনের দুর্নীতির উদাহরণ তুলে ধরেন। তিনি বলেন, ‘ভূমির সব ক্ষেত্রেই দুর্নীতি হয়। তবে ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটাইজেশনের আওতায় আনা গেলে ৭৫ শতাংশ দুর্নীতি এড়ানো সম্ভব।’ সরকারের পক্ষ থেকে এখন সেই চেষ্টাই চলছে বলে তিনি জানান।দুর্নীতি কমিয়ে আনতে ইতিমধ্যে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী। এর মধ্যে রয়েছে তথ্য অধিকার আইন করা, অনলাইন পদ্ধতির মাধ্যমে কর আদায় এবং কলেজ-বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ভর্তি হওয়ার পদ্ধতি চালু ইত্যাদি।অর্থমন্ত্রী বলেন, ‘অধিকার আদায়ে সরকারের একটি ভালো পদক্ষেপ হওয়া সত্ত্বেও তথ্য অধিকার আইনের খুব বেশি ব্যবহার নেই। দুর্ভাগ্যজনক যে এই আইন না সরকারি অফিসগুলো কাজে লাগাচ্ছে, না ব্যবহার করছে সাধারণ মানুষ।’সুশাসনে সহায়ক হওয়ার জন্য দেশে ন্যায়পাল নিয়োগের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যকার বিভেদ এতই শক্তিশালী যে দেশে একজন ন্যায়পাল নিয়োগ করা খুবই কঠিন। আমি জানি না, জনগণের অধিকার সংরক্ষণে কবে একজন ন্যায়পাল খুঁজে পাব।’এডিবির কান্ট্রি ডিরেক্টর তেরেসা খো বলেন, গণতন্ত্র ও সুশাসন একে অপরের পরিপূরক। এডিবি এ দুইয়ের উন্নয়নে দীর্ঘ বছর থেকে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, নিরীক্ষা ও হিসাবব্যবস্থার মানোন্নয়ন, মানুষের তথ্য অধিকার এবং কৃষি খাতের উন্নয়নেও সহযোগিতা করছে এডিবি।উদ্বোধনের পর দিনব্যাপী এ গোলটেবিল বৈঠকে ‘সেবা দেওয়ার ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং কর প্রশাসন’, ‘তথ্য অধিকার আইনের ব্যবহার’ এবং ‘দুর্নীতি ও অব্যবস্থাপনা রোধে কমিউনিটি পর্যায় থেকে ব্যবস্থা নেওয়া’ শীর্ষক পর পর তিনটি কার্য-অধিবেশন অনুষ্ঠিত হয়। এগুলোতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জামির এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান।প্রথম, অর্থাৎ কর প্রশাসনবিষয়ক অধিবেশনে সিওল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়ন হি উন, দ্বিতীয় অধিবেশনে ভারতের প্রধান তথ্য কমিশনার সত্যানন্দ মিশ্র এবং তৃতীয় অধিবেশনে ফিলিপাইনের ন্যায়পাল কনচিতা কারপিও মোরালেস বক্তব্য দেন।বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগের জ্যেষ্ঠ সচিব মোশাররাফ হোসাইন ভুইঞা সুশাসনের জন্য সরকারের তিন বছরে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। এগুলোর মধ্যে রয়েছে: বিচার বিভাগ পৃথক্করণ, তথ্য অধিকার আইন পাস, তথ্য কমিশন গঠন, জাতীয় মানবাধিকার কমিশন গঠন, নির্বাচন কমিশনকে শক্তিশালী করা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও অধিদপ্তর গঠন।বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান গোলাম রহমান বলেন, ‘আমাদের দেশে অনেক ক্ষেত্রেই দুর্নীতি রয়েছে। তবে দুর্নীতি শুধু আইন করে দমন করা সম্ভব নয়, এ জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছার।’ তিনি আরও বলেন, পুলিশ ও ভূমি ব্যবস্থাপনার দুর্নীতি সবচেয়ে বেশি আলোচিত হয়। এ দুটি বিভাগ ছাড়াও রাজস্ব বিভাগ ও প্রশাসনের বিভিন্ন স্তরে দুর্নীতি রয়েছে। প্রতিটি ক্ষেত্রে বিশেষ করে পুলিশি ব্যবস্থা ও ভূমি ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানো গেলে দুর্নীতি অনেকটাই কমে আসবে বলে মনে করেন গোলাম রহমান।