দুর্নীতি নিয়ে মন্ত্রীর বক্তব্য নাকচ করেছেন বিমানের চেয়ারম্যান
বিমান বাংলাদেশ এয়ারলাইনসে স্বচ্ছতা ও জবাবদিহির অভাব এবং মন্ত্রীর দুর্নীতির অভিযোগ নাকচ করে দিয়েছেন সংস্থাটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) জামাল উদ্দিন। আজ বুধবার বিমানের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি মন্ত্রীর অভিযোগকে দুঃখজনক বলে মন্তব্য করেন।এ ছাড়া বিমানের পরিচালনা পর্ষদের ওপর মন্ত্রণালয়ের কর্তৃত্ব এবং নিয়োগ ও বরখাস্তের ক্ষমতা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে বিমানমন্ত্রীর প্রস্তাব অযৌক্তিক বলেও মনে করেন জামাল উদ্দিন। এদিকে আজ বিকেলে নগরের একটি হোটেলে বেসরকারি ব্যবস্থাপনায় হজ নিয়ে এক আলোচনা সভায় বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদের সাংবাদিকদের বলেন, কোম্পানি হলেও বিমান জনগণের সম্পদ। জনগণের কোনো সমস্যা হলে তারা বিমানের কাছে যায় না, মন্ত্রণালয়কে বলে। তাই জনগণের প্রতিনিধি হিসেবে এর নিয়ন্ত্রণ এবং নিয়োগ-বরখাস্তের ক্ষমতা চেয়ে তাঁরা প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠিয়েছেন। তিনি বলেন, ‘সৈয়দপুর, যশোর, রাজশাহী রুটে আবার বিমানের ফ্লাইট চালু হোক, এটা জনগণের দাবি। আমরা এসব রুটে ফ্লাইট চালু করতে বলি কিন্তু বিমান পরিচালনা পর্ষদ গ্রাহ্য করে না।’ মঙ্গলবার এক অনুষ্ঠানে জি এম কাদের সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন, বাংলাদেশ বিমানের কাজে স্বচ্ছতা ও জাবাবদিহি নেই। বিমানের কর্মকর্তাদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ রয়েছে। আইনি সীমাবদ্ধতার কারণে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারছে না মন্ত্রণালয়। তাই বিমানের পরিচালনা পর্ষদের ওপর মন্ত্রণালয়ের কর্তৃত্ব এবং নিয়োগ-বরখাস্তের ক্ষমতা দেওয়া উচিত।দুর্নীতির অভিযোগসংক্রান্ত বিমানমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে বিমানের চেয়ারম্যান জামাল উদ্দিন বলেন, ‘দুর্নীতি তো পুরো বাংলাদেশেই আছে। মানুষকে এভাবে হেয় করা ঠিক নয়। আর বিমানে যদি দুর্নীতি হয়েই থাকে, তাহলে দেশে কি সরকার নেই? এসব দেখার জন্য সরকারের অনেক বিভাগ আছে। ওনার কাছে দুর্নীতির কী প্রমাণ আছে? ঘুষ-দুর্নীতির তো কোনো ক্যাশ মেমো হয় না।’জামাল উদ্দিন বলেন, ‘বিমানের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নেই—মন্ত্রীর এ বক্তব্য ঠিক নয়। বিমান বোর্ডের প্রত্যেক সভার কার্যবিবরণী মন্ত্রণালয়ে পাঠানো নয়। প্রতিটি সিদ্ধান্ত জানানো হয়। আমি নিজে দেড় বছরে অন্তত ছয়বার মন্ত্রীর কাছে গিয়েছি। আমার এমডিকে যখনই খুঁজি, বলে মন্ত্রণালয়ে গেছেন। মন্ত্রণালয়ের সচিব বোর্ডের মেম্বার। তিনি প্রতিটি সভায় থাকেন। এখন মন্ত্রী ও সচিবের মধ্যে যদি গন্ডগোল থাকে, সেটার দায় তো আমাদের ওপর চাপানো ঠিক হবে না।’ অবশ্য এ প্রসঙ্গে বিমানমন্ত্রী সাংবাদিকদের বলেন, সচিবের সঙ্গে তাঁর কোনো দূরত্ব নেই। পরিচালনা পর্ষদে চেয়ারম্যানসহ ১১ জনের মধ্যে তাঁর মন্ত্রণালয়ের সচিব একজন সদস্য। তাঁর কথা তাঁরা গ্রাহ্য করেন না।