দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ কাল থেকে শুরু
মহান স্বাধীনতা দিবসের সঙ্গে আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে দেশব্যাপী ‘দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ’। এই কর্মসূচির এবারের প্রতিপাদ্য ‘সবাই মিলে লড়ব, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব’। আগামী ১ এপ্রিল পর্যন্ত দুর্নীতি দমন কমিশন (দুদক) পুরো সপ্তাহের কর্মসূচিকে কেন্দ্রীয় ও জেলা-উপজেলা পর্যায়ে ভাগ করেছে। আজ রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) এম এইচ সালাহউদ্দিন জানান, দেশের ১২ হাজার ৭১টি স্কুল-কলেজ-মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সততা সংঘ তৈরি করা হয়েছে। তিনি বলেন, দুর্নীতি দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থানের বিকাশ ও দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে প্রধান বাধা। এ ছাড়া অর্থনৈতিক স্বাধীনতা প্রাপ্তির ক্ষেত্রেও বাধা তৈরি করে দুর্নীতি। তাই দুদক মহান স্বাধীনতা দিবস সামনে রেখে প্রতিরোধ সপ্তাহ উদযাপন করছে। এক প্রশ্নের জবাবে প্রতিরোধ মহাপরিচালক বলেন, গণমাধ্যমের সাহায্য ছাড়া দুর্নীতি প্রতিরোধ সম্পর্কে জনগণকে সচেতন করা সম্ভব নয়। তিনি বলেন, প্রথমে পরিবার থেকেই দুর্নীতিকে প্রত্যাখ্যানের শিক্ষা নিতে হবে। পর্যায়ক্রমে এই অভ্যাস প্রাতিষ্ঠানিক ও রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে যাওয়ার আশা জানান তিনি। প্রতিরোধ সপ্তাহের শুরু হবে দুদকের চেয়ারম্যান গোলাম রহমানের নেতৃত্বে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল ও পোস্টার প্রদর্শনী দিয়ে। ২৭ মার্চ দুর্নীতিবিরোধী পোস্টার অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, ২৮ মার্চ শোভাযাত্রা ও মানববন্ধন, ২৯ মার্চ দুদক বুলেটিনের মোড়ক উন্মোচন, ৩০ মার্চ জাতীয় মসজিদের খতিবের দুর্নীতিবিরোধী আলোচনা, ৩১ মার্চ ওসমানী স্মৃতি মিলনায়তনে সততা সংঘের সমাবেশ এবং ১ এপ্রিল দুর্নীতি দমনে রাজনৈতিক অঙ্গীকার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।