দুর্নীতি প্রতিরোধ: প্রাপ্তি ও সম্ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সাম্প্রতিক কালে উন্নয়ন ও সমাজ পরিবর্তনের কিছু কিছু ক্ষেত্রে গর্ব করার মতো উল্লেখযোগ্য অর্জন লাভ করেছে। নব্বইয়ের দশকের প্রথম ভাগ থেকে মোটামুটি অব্যাহতভাবে শতকরা ৫-৬ ভাগ হারে আমাদের জাতীয় আয়ের প্রবৃদ্ধি হয়েছে। বিশেষ করে বিশ্ব অর্থনৈতিক মন্দার পরিপ্রেক্ষিতে যেখানে পৃথিবীর বেশির ভাগ দেশই ইতিবাচক জাতীয় আয় ধরে রাখতে পারেনি, সেখানে বাংলাদেশ প্রায় ৬ শতাংশ হারে প্রবৃদ্ধি ধরে রাখতে পেরেছে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনে বাংলাদেশের অগ্রগতি কোনো কোনো ক্ষেত্রে ঘাটতি সত্ত্বেও জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের উদ্যোগে সমপ্রতি প্রণীত বহুমাত্রিক দারিদ্র্য বিমোচন সূচকে বাংলাদেশের অর্জন ভারত ও নেপালের চেয়ে অগ্রণী হিসেবে বিবেচিত হয়েছে। তা সত্ত্বেও যে বিষয়টি লক্ষণীয় তা হচ্ছে, দেশে যদি গণতান্ত্রিক জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠিত হতো, বিশেষ করে দুর্নীতির ব্যাপকতা কমানো যেত, তাহলে আমাদের এ ধরনের অর্জনের মাত্রা আরও অনেক বেশি হতে পারত।বাংলাদেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ ও সুশাসন প্রতিষ্ঠার পথে দুর্নীতি অন্যতম প্রধান অন্তরায়। দুর্নীতির ব্যাপকতা ও গভীরতার মাপকাঠিতে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের তুলনামূলক অবস্থান নিয়ে বিতর্ক থাকতে পারে। তবে দুর্নীতি যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, রাজনৈতিক বিকাশ ও স্থিতিশীলতা এবং সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে প্রধানতম প্রতিবন্ধক, সে বিষয়ে দ্বিমতের অবকাশ নেই।দুর্নীতি কোনো নতুন সমস্যা নয়। আর এ সমস্যা বাংলাদেশ বা আমাদের মতো উন্নয়নশীল দেশের একচ্ছত্র সমস্যাও নয়। পৃথিবীর সব দেশে দুর্নীতি ছিল, আছে, হয়তো বা থাকবেও চিরদিন। বস্তুত দুর্নীতি মানুষের সহজাত কুপ্রবৃত্তিগুলোর অন্যতম। দুর্নীতি বলতে আমরা বুঝি প্রাপ্ত বা অর্পিত ক্ষমতার অপব্যবহার করে নিজের বা গোষ্ঠীস্বার্থ রক্ষা করা। দুর্নীতি শুধু ঘুষের আদান-প্রদান নয়, এর কেন্দ্রবিন্দুতে রয়েছে ব্যক্তি বা গোষ্ঠীস্বার্থে ক্ষমতার অপব্যবহার। অর্থাৎ ক্ষমতার সঙ্গে দুর্নীতির ওতপ্রোত সম্পৃক্ততা রয়েছে। এই ক্ষমতা রাজনৈতিক হতে পারে, আর্থিক হতে পারে, এমনকি সামাজিক ক্ষমতার অপব্যবহারের মাধ্যমেও দুর্নীতি ঘটতে পারে। যাদের হাতে ক্ষমতা আছে, তারা সবাই দুর্নীতি করে এমনটি কখনোই বলা যাবে না। তবে যারা দুর্নীতি করে, তারা কোনো না কোনোভাবে ক্ষমতাকে ব্যবহার করে থাকে।যদিও দুর্নীতি একটি বিশ্বজনীন সমস্যা, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের পরিপ্রেক্ষিতে দুর্নীতির ক্ষতিকর প্রভাব স্বভাবতই তুলনামূলকভাবে বেশি। দুর্নীতি দারিদ্র্য ও সব ধরনের অবিচার বাড়ায়। দুর্নীতি উন্নয়নকে ব্যাহত করে। দুর্নীতি গণতান্ত্রিক মূল্যবোধ ও প্রাতিষ্ঠানিক ভিত্তিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। দুর্নীতির ফলে মানুষ তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়। দুর্নীতি আইনের শাসনের পরিপন্থী। একইভাবে দুর্নীতি অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য বাড়ায়। দুর্নীতির ফলে সমাজে অপরাধপ্রবণতা, সামাজিক অস্থিতিশীলতা ও অসন্তোষ বাড়ে। দুর্নীতির ফলে রাষ্ট্র, রাজনৈতিক নেতৃত্ব, সরকার ও মৌলিক গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থায় অবনতি ঘটে।দুর্নীতির সঙ্গে ক্ষমতার সম্পৃক্ততার কারণে দুর্নীতির ফলে লাভবান হয় তারাই, যাদের হাতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষমতা রয়েছে। অন্যদিকে যারা ক্ষমতার বাইরের, অর্থাৎ সাধারণ জনগণ, বিশেষ করে নারী, শিশু, সংখ্যালঘু গোষ্ঠীর মতো যারা সুবিধাবঞ্চিত, তারাই দুর্নীতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)সহ বিভিন্ন গবেষণায় প্রতীয়মান হয় যে, দুর্নীতির ব্যাপকতা বৃদ্ধির ফলে দরিদ্রতর জনগোষ্ঠী তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়।টিআইবির সামপ্রতিক এক গবেষণায় দেখা যায়, বাংলাদেশে দুর্নীতির ক্ষতির বোঝা মাথাপিছু আয়ের হিসাবে বিত্তশালী জনগোষ্ঠীর তুলনায় নিম্ন আয়ের জনগণকেই বেশি বইতে হয়। তদুপরি দুর্নীতির কারণে শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও ন্যায়বিচারের মতো মৌলিক অধিকারের বিষয়গুলো থেকে দরিদ্রতর জনগোষ্ঠী বঞ্চিত হয়। দুর্নীতি বাংলাদেশের দারিদ্র্য দূর করার পথে অন্যতম অন্তরায়—এ কথা নিঃসন্দেহে বলা যায়।দেশের অর্থনৈতিক উন্নয়ন, রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ এবং সমাজ পরিবর্তনের স্বার্থেই দুর্নীতিকে প্রতিরোধ করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের বিকল্প নেই। বিশেষ করে দেশের সাধারণ মানুষ, যারা দুর্নীতির ঊর্ধ্বে, অথচ দুর্নীতির ক্ষতিকর প্রভাবের শিকার মাত্র, তাদের স্বার্থে দুর্নীতিবিরোধী আন্দোলনকে সুদৃঢ় করতে হবে।ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) দুর্নীতি ধারণাসূচক ২০১০-এর ০-১০ স্কেলে বাংলাদেশ ২০০৯-এর সমান ২ দশমিক ৪ পেয়ে ১৭৮ দেশের মধ্যে ১৩৪তম অবস্থান পেয়েছে। বাংলাদেশের এবারের স্কোর গতবারের সমপর্যায়ে থাকাটা নিরাশাব্যঞ্জক এই কারণে যে, ২০০৮-এর তুলনায় ২০০৯-এ আমরা শূন্য দশমিক ৩ পয়েন্ট বেশি পেয়েছিলাম। এক বছরে শূন্য দশমিক ৩ পয়েন্ট বেশি স্কোর পাওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হয়েছিল এবং সেবার বাংলাদেশ বিশ্বের ১৮০ দেশের মধ্যে মাত্র নয়টি দেশের মধ্যে একটি ছিল, যাদের অর্জনকে এভাবে মূল্যায়িত করা হয়েছিল।অতএব সংগত কারণেই প্রত্যাশা ছিল যে, গতবার অর্জিত ঊর্ধ্বগতি অব্যাহত থাকবে, এবং বাংলাদেশ হয়তো গতবারের তুলনায় অন্তত কিছুটা হলেও বেশি স্কোর পাবে, বিশেষ করে এমন প্রেক্ষাপটে যখন দেশে এমন একটি সরকার ক্ষমতাসীন রয়েছে, যাদের নির্বাচনী ইশতেহারে দুর্নীতিবিরোধী দৃঢ় অবস্থান অন্যতম প্রাধান্য পেয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাস্তবে তা হলো না।উল্লিখিত সূচকে দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে ভুটান, ভারত ও শ্রীলঙ্কা বাংলাদেশের তুলনায় উন্নততর অবস্থানে রয়েছে। বিশেষ করে ভুটানের কথা বলতে হয়, যারা ৫ দশমিক ৭ স্কোর পেয়ে ইতালি (৩.৯), থাইল্যান্ড (৩.৫) চীন (৩), মালয়েশিয়া (৪.৪) ও দক্ষিণ কোরিয়ার (৫.৪) মতো দেশের চেয়ে ভালো ফল করেছে। ভুটানের এই অর্জনের পেছনে রয়েছে সর্বোচ্চ পর্যায়ে অনমনীয় রাজনৈতিক সদিচ্ছা, আইনের শাসন ও দুর্নীতি দমন কমিশনের মতো জাতীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা।বাংলাদেশে সম্প্রতি অনুষ্ঠিত প্রায় প্রতিটি জাতীয় নির্বাচনের পরিপ্রেক্ষিতে নেতৃস্থানীয় রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান ঘোষিত হয়েছে। তবে নির্বাচনের পরে এই অবস্থানের বাস্তবায়নে সুনির্দিষ্ট পদক্ষেপ খুব কমই গৃহীত হয়। বরং নির্বাচনী অঙ্গীকারের প্রতি অবমাননা করা আমাদের রাজনৈতিক সংস্কৃতির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে প্রতিষ্ঠিত হতে চলেছে। ২০০৮-এর ডিসেম্বরে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট যে পরিবর্তনের অঙ্গীকারের বলে বিপুল গণরায়ে নির্বাচিত হয়, তার কেন্দ্রবিন্দুতেও ছিল দুর্নীতি প্রতিরোধ। নির্বাচনী ইশতেহারে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে দুর্নীতি নিয়ন্ত্রণে সক্রিয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করার এই অঙ্গীকার চারদলীয় সরকার আমলের লাগামহীন দুর্নীতির প্রসারের পরিপ্রেক্ষিতে প্রণীত নির্বাচনী কৌশলমাত্র ছিল না। নবম সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে কয়েকটি বিষয়ে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠিত হয়, তার মধ্যে অন্যতম ছিল দুর্নীতি প্রতিরোধ, যার সুস্পষ্ট প্রতিফলন ঘটে এই নির্বাচনী প্রতিশ্রুতিতে।বাংলাদেশ আওয়ামী লীগের ইশতেহারে সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়গুলোর মধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আর যুদ্ধাপরাধের বিচারের পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় ও সুনির্দিষ্ট প্রত্যয় ব্যক্ত হয়। কমপক্ষে ডজন খানেক সুস্পষ্ট নীতিমালার উল্লেখ পাওয়া যায় আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকারে, যার বাস্তবায়ন বাংলাদেশে দুর্নীতিকে কার্যকর ও স্থায়ীভাবে নিয়ন্ত্রণের জন্য অপরিহার্য।সরকার গঠনের পর সর্বোচ্চ পর্যায়ে প্রতিশ্রুতিগুলো মোটামুটি ধারাবাহিকভাবে পুনর্ব্যক্ত হয়েছে। দুর্নীতি প্রতিরোধে কিছু সম্ভাবনাময় পদক্ষেপও গৃহীত হয়েছে। তবে কোনো কোনো ক্ষেত্রে সূচিত হয়েছে প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতার দৃষ্টান্ত। দুর্নীতি দমন কমিশন আইনের কতিপয় সংশোধনী প্রস্তাব অনুমোদন করে মন্ত্রিপরিষদ কমিশনের স্বাধীনতা, নিরপেক্ষতা ও কার্যকারিতা প্রতিষ্ঠার পথে বড় ধরনের নৈরাশ্যজনক সম্ভাবনা সৃষ্টি করেছিল। টিআইবিসহ সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে বিষয়টি স্থগিত রয়েছে, তবে সুরাহা হয়নি, যা উদ্বেগের কারণ।প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্য, তাঁদের পরিবার-পরিজনসহ ক্ষমতাবানদের সম্পদের বিবরণ প্রকাশের অঙ্গীকার বাস্তবায়িত হয়নি। এ ক্ষেত্রে অর্থমন্ত্রীর ব্যতিক্রমী দৃষ্টান্ত তাঁর অন্য সহকর্মীরা কবে অনুসরণ করবেন, তার কোনো ইঙ্গিত নেই। জাতীয় বাজেটে অব্যাহতভাবে বিভিন্ন কৌশলে কালো টাকা সাদা করার সুযোগ সৃষ্টি করা হয়েছে। ন্যায়পাল প্রতিষ্ঠার সুস্পষ্ট নির্বাচনী অঙ্গীকার থেকে সরে এসে কর ন্যায়পাল পদটি বিলুপ্ত করা হয়েছে। প্রশাসনিক প্রক্রিয়ায় ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার’ নিষ্পত্তিকরণের উদ্যোগও ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে।এরূপ বিতর্কিত পদক্ষেপের পাশাপাশি তথ্য অধিকার আইনের মতো দুর্নীতি প্রতিরোধে যুগান্তকারী পরিবর্তনের সুযোগ সৃষ্টিকারী আইনটি সংসদে অনুমোদনের মাধ্যমে সরকার জনগণের প্রতি অঙ্গীকার পূরণের সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করেছেন। তথ্য অধিকার আইনের সঙ্গে সম্পূরক অতীব গুরুত্বপূর্ণ একটি নতুন আইন ‘তথ্য প্রদানকারীর সুরক্ষা আইন’ সংসদে উপস্থাপিত হয়েছে, যা উৎসাহব্যঞ্জক। তবে এ ধরনের আইন প্রণয়ন যতটুকু, তার চেয়ে অনেক বেশি তাৎপর্যপূর্ণ এর কার্যকর প্রয়োগ, যার ওপর নির্ভর করবে বাস্তবে দুর্নীতি প্রতিরোধে এর কতটুকু সুফল পাওয়া যাবে।সরকার সব সেবামূলক প্রতিষ্ঠানে নাগরিক সনদ কার্যকর করার উদ্যোগ নিয়েছে। সরকারি অর্থে পরিচালিত প্রতিষ্ঠানে দুর্নীতি প্রতিরোধবিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হচ্ছে। জাতিসংঘে দুর্নীতিবিরোধী কনভেনশন অনুযায়ী অঙ্গীকারগুলো বাস্তবায়নে সরকার কৌশলপত্র অনুমোদন করেছে, যা আশার উদ্রেক করে, যদিও এর কার্যকর বাস্তবায়নে বাস্তব পদক্ষেপ এখনো বিরল।ভূমিদস্যুতা প্রতিরোধে ড্যাপ বাস্তবায়নের লক্ষ্যে সরকারের দৃঢ় পদক্ষেপ এবং এ-সংক্রান্ত সংসদে গৃহীত নতুন আইন অবশ্যই প্রশংসার দাবি রাখে। অন্যদিকে গণমাধ্যমসহ বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী নির্বাচিত জনপ্রতিনিধি বা তাঁদের সমর্থনপুষ্ট ব্যক্তিরা সাম্প্রতিক কালে যেভাবে স্থানীয় পর্যায়ে টেন্ডারবাজি, নদী-বনাঞ্চল-ভূমি দখল, টোলবাজিসহ আইনের শাসন পরিপন্থী কার্যক্রমে সম্পৃক্ত হচ্ছেন, তাতে দুর্নীতি প্রতিরোধে অপরিহার্য প্রাতিষ্ঠানিক ভিত্তি ক্রমান্বয়ে দুর্বল থেকে দুর্বলতর হওয়ার আশঙ্কা বেড়েই চলেছে।সরকারি ক্রয় খাতে স্বচ্ছতা প্রতিষ্ঠার পথে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সাম্প্রতিক সংস্কার, বিশেষ করে দক্ষতা ও অভিজ্ঞতার অবমূল্যায়ন, কোনো অবস্থায়ই সরকারি-বেসরকারি উভয় খাতে দুর্নীতি প্রতিরোধক পরিবেশ সৃষ্টিতে সহায়ক হবে না। একইভাবে টেলিযোগাযোগ আইন, ২০১০ ও বিদ্যুৎ ও জ্বালানি খাতে দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) বিল, ২০১০ সংশ্লিষ্ট খাতে স্ব্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় সহায়ক হবে, এরূপ আশা করা কঠিন। দুর্নীতি, তা যে পর্যায়েই ঘটুক না কেন, কারও প্রতি কোনো প্রকার ভয় বা করুণা না করে, সব ধরনের দলীয় বা রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থেকে, তার বিচারের ব্যবস্থা করতে হবে। বিশেষ করে আইন প্রয়োগে আদালতকে কোনো অবস্থাতেই প্রভাবিত না করা দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠার পূর্বশর্ত। দুর্নীতিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে তখনই সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে, যখন বিচার-প্রক্রিয়ায় স্বচ্ছতা ও আইনের যথাযথ প্রয়োগ সম্ভব হবে। অন্যদিকে বিচার বিভাগের স্বাধীনতা তখনই সুফল আনবে, যখন এই বিভাগে প্রশাসনিক ও রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থেকে সম্পূর্ণ নিরপেক্ষতা, স্বচ্ছতা, পেশাগত উৎকর্ষ ও সততার সঙ্গে কার্যপরিচালনার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা সম্ভব হবে। জাতীয় সংসদকে কার্যকর করা যেকোনো সংসদীয় গণতন্ত্রে দুর্নীতিবিরোধী প্রাতিষ্ঠানিক ভিত্তি সৃষ্টির জন্য অপরিহার্য। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো নবম সংসদের প্রথম অধিবেশনেই সংসদীয় কমিটিগুলো গঠিত হয়েছে, যা প্রশংসার দাবি রাখে। বেশ কিছু কমিটি তুলনামূলকভাবে সক্রিয়ভাবে কার্যক্রম পরিচালনায় হাত দিয়েছিল। তবে কোনো কোনো ক্ষেত্রে সংসদীয় কমিটির সদস্যদের স্বার্থের দ্বন্দ্ব কমিটির কার্যক্রম ও কার্যকারিতাকে ইতিমধ্যে প্রশ্নবিদ্ধ করেছে।দুর্নীতি প্রতিরোধে বিশেষভাবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকেন জনপ্রশাসন তথা সরকারি কর্মকর্তারা। পৃথিবীর যেসব দেশে সাফল্যের সঙ্গে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হয়েছে সেসব দেশে স্বচ্ছ, নিরপেক্ষ, যোগ্যতাসম্পন্ন প্রশাসনকে অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা যায়। ইতিবাচক ও নেতিবাচক প্রণোদনার সমন্বয়নির্ভর সংস্কারের পাশাপাশি নিয়োগ, পদোন্নতি, বদলি ইত্যাদি ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব দূর করা অপরিহার্য। সরকার পরিবর্তনের পর এ ক্ষেত্রে যা ঘটেছে, তাতে উৎসাহিত হওয়ার খুব বেশি সুযোগ নেই।সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে নিয়োজিত ব্যক্তি কর্তৃক স্বাস্থ্য খাতে সরকারি পদে শুধু দলীয় সমর্থনপুষ্ট কর্মীদের নিয়োগের ঘোষণা ও পাবনায় নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে সৃষ্ট নৈরাজ্যের দৃষ্টান্ত দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভাবা কঠিন। এ বছরের দুুর্নীতি ধারণাসূচকে বাংলাদেশের অবস্থান সরকার ও অন্য সব স্টেকহোল্ডারের জন্য সময়োপযোগী ইঙ্গিত এই কারণে যে, দুর্নীতিকে কার্যকরভাবে নিয়ন্ত্রণ করার লক্ষ্যে রাজনৈতিক সদিচ্ছার বাস্তবায়ন, প্রাতিষ্ঠানিক সামর্থ্য বৃদ্ধি ও আইনের শাসন প্রতিষ্ঠায় ব্যর্থতা অদূর ভবিষ্যতে আরও নেতিবাচক ফল বয়ে আনতে পারে।আমরা আশা ছেড়ে দিতে চাই না। দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় করণীয় নির্ধারণে সরকারের নির্বাচনী অঙ্গীকারের প্রতি ঘন ঘন সজাগ দৃষ্টিই যথেষ্ট। সরকারের কার্যক্রম তার নির্বাচনী অঙ্গীকারের সঙ্গে যত বেশি অসামঞ্জস্যপূর্ণ হবে, বাংলাদেশের দুর্নীতি প্রতিরোধে অগ্রগতি ততই দুরূহ হবে। ইফতেখারুজ্জামান: নির্বাহী পরিচালক, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ