দুর্নীতি প্রতিরোধে খালেদার দৃঢ়তা প্রত্যাশা ক্রাউলির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আড়াই লাখ মার্কিন তারবার্তা ফাঁস করেছে উইকিলিকস। মার্কিন কূটনীতিকদের ভাষ্যে এসব তারবার্তায় বেরিয়ে এসেছে বাংলাদেশের রাজনীতি ও ক্ষমতার অন্দরমহলওচারদলীয় জোট সরকারের সময় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দুর্নীতি দমনে দৃঢ় পদক্ষেপ নিতে বলেছিলেন মার্কিন কংগ্রেসের সদস্য জোসেফ ক্রাউলি। এ সময় তিনি দুর্নীতি নজরদারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) বার্ষিক প্রতিবেদনে পরপর পাঁচবার বাংলাদেশের শীর্ষে অবস্থানের বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের ফাঁস করা মার্কিন কূটনৈতিক তারবার্তায় এ কথা বলা হয়েছে। মার্কিন কংগ্রেসের সদস্য এবং বাংলাদেশসংক্রান্ত ককাসের কো-চেয়ারম্যান জোসেফ ক্রাউলি ২০০৬ সালের ফেব্রুয়ারিতে ঢাকা সফরকালে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। তারবার্তায় বলা হয়েছে, এ সময় তিনি বলেন, সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বিদ্যমান অস্বচ্ছতা মার্কিনসহ বিদেশি অন্য বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে নিরুৎসাহিত করছে। পুলিশের জন্য ওয়্যারলেস ক্রয়সংক্রান্ত একটি টেন্ডারে সম্ভাব্য দুর্নীতির কথা উল্লেখ করে ক্রাউলি বলেন, মার্কিন প্রতিষ্ঠান মটোরোলা ওই টেন্ডারটি পাওয়ার জন্য নিজেদের যোগ্য মনে করে। এই ঘটনা থেকে বোঝা যায় যে সরকারি ছোট ছোট টেন্ডারের ক্ষেত্রেও দুর্নীতি হচ্ছে। তবে ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা ও চরমপন্থা নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকারের গৃহীত সাম্প্রতিক পদক্ষেপের প্রশংসা করেন জোসেফ ক্রাউলি। তিনি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ওপর গুরুত্ব আরোপ করেন।নির্বাচনী সংস্কারের জন্য বিরোধী দলের একটি প্রস্তাব উভয় দলের সম্মতিক্রমে জাতীয় সংসদে পেশ করার কথা বলেন বাংলাদেশে মার্কিন দূতাবাসের চার্জ দি অ্যাফেয়ার্স জুডিথ চামাস। বেগম জিয়া এ সময় অভিযোগ করেন, বিরোধী দল তাদের প্রস্তাবটি যথাযথভাবে পেশ করতে ব্যর্থ হয়েছে। তবে এ ধরনের বিষয়ে বিতর্ক ও আলোচনায় অংশ নেওয়ার জন্য বিরোধী দলকে সুযোগ দেওয়ার ব্যাপারে সরকারকে নমনীয় হওয়ার পরামর্শ দেন চামাস। জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশসহ (জেএমবি) জঙ্গিবাদবিরোধী লড়াইয়ে বাংলাদেশ সরকারের পদক্ষেপের প্রশংসা করেন জোসেফ ক্রাউলি। এ ছাড়া গোয়েন্দা সংস্থাগুলোর অভ্যন্তরে একটি কার্যকর সন্ত্রাস দমন বিভাগ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর সমর্থনের প্রশংসা করেন মার্কিন কংগ্রেসের এ সদস্য। শিশুশ্রম ও মানবপাচার রোধে সরকারগৃহীত বিভিন্ন পদক্ষেপের উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ চেষ্টা করলে কঠিন কঠিন সমস্যার মোকাবিলা করতে পারে। এটা প্রমাণিত হয়েছে। তিনি বলেন, অর্থনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সহায়তা কিছুটা কমতে পারে। তবে মিলেনিয়াম চ্যালেঞ্জ অ্যাকাউন্টের (এমসিএ) তহবিল থেকে অনুদানের মাধ্যমে হয়তো তা পুষিয়ে নেওয়া যেতে পারে। কিন্তু দুর্নীতি প্রতিরোধে বাংলাদেশের ব্যর্থতার বিষয়টি এমসিএ তহবিল থেকে সহায়তা পাওয়ার ক্ষেত্রে প্রধান বাধা। শিশুশ্রম ও নারী-শিশু পাচার রোধে বাংলাদেশ সরকার যে সাফল্য দেখিয়েছে, দুর্নীতি প্রতিরোধের ব্যাপারেও সরকারের একই ধরনের অঙ্গীকার থাকতে হবে। তাহলেই এমসিএর সহায়তা পাওয়ার যোগ্যতা অর্জন করবে বাংলাদেশ। দুর্নীতি দমন কমিশনকে কার্যকর করার ওপরও গুরুত্ব আরোপ করেন ক্রাউলি। জবাবে প্রধানমন্ত্রী খালেদা জিয়া টিআইয়ের দুর্নীতিবিষয়ক র‌্যাংকিংয়ের সমালোচনা করেন। তিনি বলেন, সংবাদমাধ্যমের ‘ভুয়া’ ও ‘দায়িত্বহীন’ প্রতিবেদনের ওপর ভিত্তি করে ওই র‌্যাংকিং তৈরি করেছে টিআই। খালেদা জিয়া বলেন, বাংলাদেশ যদি এতই দুর্নীতিগ্রস্ত হয়, তবে কীভাবে অর্থনৈতিকভাবে এত সাফল্য অর্জন করছে?