সংবাদ সম্মেলনে সেতু বিভাগের সচিব
দুর্নীতি প্রমাণিত হলে পদ্মা সেতু প্রকল্পে কাজ দেওয়া হবে না
কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে ওই প্রতিষ্ঠানকে পদ্মা সেতু প্রকল্পে কাজ দেওয়া হবে না। সেতু বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন।তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে এ সংবাদ সম্মেলন হয়। পদ্মা সেতুর নির্মাণকাজ তদারকির জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগসংক্রান্ত দরপত্রে দুর্নীতির অভিযোগ ওঠে। কানাডার পুলিশ ওই দরপত্রে অংশ নেওয়া প্রতিষ্ঠান এসএনসি-ল্যাভালিনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। বিশ্বব্যাংকের দুর্নীতিবিরোধী ইউনিটও এ বিষয়ে তদন্ত করছে। এ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পরিপ্রেক্ষিতে সেতু বিভাগ গতকাল সংবাদ সম্মেলন ডাকে।সংবাদ সম্মেলনে সেতু বিভাগের সচিব বলেন, কানাডিয়ান প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তদন্তভার কানাডিয়ান পুলিশ নিয়েছে, তদন্তে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে কোনো প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হবে না। তিনি দাবি করেন, প্রকাশিত সংবাদে পদ্মা সেতুর নাম উল্লেখ করা হলেও এসএনসি-ল্যাভালিন কর্তৃপক্ষ বা কানাডা পুলিশ পদ্মা সেতুর নাম উল্লেখ করেনি।পদ্মা সেতুর নির্মাণকাজ তদারকের জন্য গত জুনে যে পাঁচটি পরামর্শক প্রতিষ্ঠান নির্বাচন করা হয়, সেগুলোর অন্যতম এসএনসি-ল্যাভালিন। দরপত্রে দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা ছিল এসএনসি-ল্যাভালিন। সংক্ষিপ্ত তালিকাটি বিশ্বব্যাংকের অনুমোদনের অপেক্ষায় আছে। বিশ্বব্যাংক অনুমোদন দিলে এসএনসি-ল্যাভালিনই পরামর্শক হিসেবে নিয়োগ পাবে।সেতু বিভাগ সূত্র জানায়, দরপত্রে সর্বনিম্ন দরদাতা ছিল যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হালক্রো। এটি যমুনা সেতু প্রকল্পের পরামর্শক ছিল। কারিগরিসহ নানা অসংগতির অভিযোগে এ প্রতিষ্ঠানকে বিবেচনায় নেওয়া হয়নি।পরামর্শক নিয়োগসংক্রান্ত দরপত্র মূল্যায়ন করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বে একটি কমিটি। সংবাদ সম্মেলনে তাঁর উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসেননি। সেতু বিভাগের সচিব জানান, হঠাৎ অন্য কাজে ব্যস্ত হওয়ার কারণে জামিলুর রেজা চৌধুরী উপস্থিত থাকতে পারেননি।সংবাদ সম্মেলনে সেতু বিভাগের সচিব আরও বলেন, সংবাদপত্রে যোগাযোগমন্ত্রীকে কথিত দুর্নীতির সঙ্গে জড়ানোর চেষ্টা করা হচ্ছে। পদ্মা সেতু প্রকল্পের দরপত্র মূল্যায়ন কমিটিকে প্রভাবিত করার ক্ষমতা মন্ত্রী বা তদুর্ধ্বের কারও নেই। ওই কমিটিতে বিশ্বব্যাংকের পরামর্শে একজন বিদেশি বিশেষজ্ঞকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাঁর সঙ্গে যোগাযোগমন্ত্রীর কোনো দিন সাক্ষাৎ ও হয়নি।পদ্মা সেতু প্রকল্পের কোনো প্যাকেজেরই ঠিকাদার নিয়োগ দেওয়া হয়নি জানিয়ে সচিব বলেন, বিশ্বব্যাংকসহ অন্য কোনো অর্থায়নকারী সংস্থার কোনো অর্থ ছাড় হয়নি। পদ্মা সেতুর ঠিকাদার নিয়োগসংক্রান্ত কোনো নথি যোগাযোগমন্ত্রীর কাছে এখনো উপস্থাপন করা হয়নি। কোনো প্রস্তাব সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতেও উপস্থাপিত হয়নি। এর আগেই কাজ পাইয়ে দেওয়ার জন্য দুর্নীতির অভিযোগ একেবারেই অমূলক।এক প্রশ্নের জবাবে মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, এ পর্যন্ত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পদ্মা সেতুতে ৮৫০ কোটি টাকা ব্যয় করা হয়েছে। এর বাইরে এ সেতুর নকশা প্রণয়নে ১৮৬ কোটি টাকার একটি প্রকল্প চলছে এবং এ প্রকল্পের অর্থায়ন করছে এশীয় উন্নয়ন ব্যাংক।প্রকল্পের যাবতীয় বিষয় বিশ্বব্যাংক ও অন্য উন্নয়ন-সহযোগীদের মতামত নিয়েই করা হচ্ছে জানিয়ে সচিব বলেন, বিশ্বব্যাংকেরও দুর্নীতিবিরোধী ইউনিট আছে। বিশ্বব্যাংক যেসব প্রকল্পে অর্থায়ন করে, সেসব প্রকল্পে দুর্নীতির অভিযোগ উত্থাপিত হলে নিয়ম অনুয়ায়ী তা এ ইউনিট অনুসন্ধান করতে পারে। এ ইউনিটটি পদ্মা প্রকল্পের তদারকি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ-প্রক্রিয়ায় দুর্নীতির বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করেনি।সংবাদ সম্মেলনে সেতু বিভাগের প্রধান প্রকৌশলী আবদুল ওদুদ, পদ্মা সেতু প্রকল্প পরিচালক রফিকুল ইসলামসহ সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।