দুর্নীতি বন্ধে সরকারি চাকুরেদের সম্পদ যাচাই হবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অফিস-আদালতে দুর্নীতি বন্ধে কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব প্রয়োজনে যাচাই-বাছাই করা হবে। ইতিমধ্যে সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব সংগ্রহ করে নিজ নিজ কর্তৃপক্ষের কাছে জমা রাখা হয়েছে।গতকাল বুধবার দুপুরে জাতীয় সংসদে সরকারি দলের সাংসদ ইমাজ উদ্দিন প্রামাণিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপিত হয়।প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে। দুর্নীতির বিস্তার রোধে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আরও শক্তিশালী করতে প্রশাসনিক ও আইনগত সহায়তা দিয়ে আসছে সরকার।শেখ হাসিনা বলেন, দুদক ২০০৯ সালে ২৩৪টি মামলা রুজু ও ৪৭৫টি মামলায় অভিযোগপত্র এবং ২০১০ সালে ২৭৩টি মামলা রুজু ও ৫৩৬টি মামলায় অভিযোগপত্র দিয়েছে। ২০১০ সালে ২৮টি মামলায় সাজা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, সরকার মানি লন্ডারিং প্রতিরোধ কার্যক্রমকে ফলপ্রসূ ও কার্যকর করার লক্ষ্যে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০০৯ ও সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ প্রণয়ন করেছে এবং আইন দুটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধের প্রতিশ্রুতি: এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনা সম্পূর্ণভাবে বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে ভারত। সীমান্তে বিএসএফকে প্রাণসংহারী অস্ত্র ব্যবহার না করতে দেওয়ার ভারতের প্রতিশ্রুতির বাস্তবায়ন ইতিমধ্যে শুরু হয়েছে বলে ভারতের পররাষ্ট্রসচিব জানিয়েছেন।বেনজীর আহমেদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সদ্য শেষ হওয়া দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকেও বাংলাদেশ সীমান্ত হত্যাকাণ্ডের বিষয়টি জোরালোভাবে উত্থাপন করেছে। ওই বৈঠকে ভারতের পক্ষ থেকে জানানো হয়, ইতিমধ্যে বাংলাদেশ সীমান্তে প্রাণসংহারী অস্ত্রের ব্যবহার তারা বন্ধ করেছে। গত মার্চ মাসে দিল্লিতে অনুষ্ঠিত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সঙ্গে বৈঠকে নেওয়া সিদ্ধান্তের আলোকে এ কাজ শুরু হয়েছে।প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ-ভারতের মধ্যে সমুদ্রসীমাসংক্রান্ত বিরোধ নিরসনে ইতিমধ্যে বেশ অগ্রগতি হয়েছে। আলোচনার ভিত্তিতে বন্ধুপ্রতিম রাষ্ট্র দুটি (বাংলাদেশ-ভারত) অচিরেই একটি গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে। মিয়ানমারের সঙ্গে বিরোধ নিষ্পত্তির বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সমুদ্রসীমা ও শরণার্থী সমস্যা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নিতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। সমুদ্রসীমার বিষয়ে আইএলটিওএস মামলার শুনানি ২০১১ সালের মধ্যে সম্পন্ন হবে এবং উভয় পক্ষের শুনানি শেষে ২০১২ সালের মধ্যে মামলার চূড়ান্ত নিষ্পত্তি হবে আশা করা যাচ্ছে।গত বছর প্রধানমন্ত্রীর ভারত সফরের অগ্রগতি তুলে ধরে শেখ হাসিনা জানান, যৌথ ইশতেহার অনুযায়ী দেশের মংলা ও চট্টগ্রাম বন্দরকে যোগাযোগের আঞ্চলিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার কাজ শুরু হয়েছে। নেপাল ও ভুটান কর্তৃক মংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহারসহ বাংলাদেশের ওপর দিয়ে ট্রানজিট পণ্য তৃতীয় দেশে রপ্তানির আনুষ্ঠানিক পরিকাঠামো প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তিনি জানান, পানিসম্পদ, বিদ্যুৎ ও যোগাযোগ ক্ষেত্রে আঞ্চলিক উদ্যোগ নেওয়ার জন্য ভারত, নেপাল ও ভুটান তিনটি দেশের সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়েছে। ভারতের সঙ্গে ছিটমহল সমস্যা দ্রুত সমাধানে সরকার খুবই আন্তরিক বলে জানান তিনি।