দুর্নীতি মামলায় জনকণ্ঠের সম্পাদকের সাজার রায় বাতিল
হাইকোর্ট অনুমোদনহীন নকশার মাধ্যমে ভবন নির্মাণের অভিযোগে দৈনিক জনকণ্ঠের সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদের সাজার রায় বাতিল ঘোষণা করেছেন । আজ বুধবার বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ আতিকউল্লাহ খান মাসুদের আপিল মঞ্জুর করে এ রায় দেন।একই আদালত সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী খ ম জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে দুদকের করা মামলা বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন। আদালতে আতিকউল্লাহ খান মাসুদের পক্ষে আমিনুল ইসলাম, জাহাঙ্গীর হোসেনের পক্ষে মুনসুরুল হক চৌধুরী এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো. বশিরুল্লাহ সরকারের পক্ষে মামলা পরিচালনা করেন। দুদকের পক্ষে ছিলেন সৈয়দ মিজানুর রহমান ও এ কে এম আলী। জানা গেছে, অনুমোদনহীন নকশার মাধ্যমে ভবন নির্মাণের অভিযোগে ২০০৭ সালের ৩০ সেপ্টেম্বর মতিঝিল থানায় আতিকউল্লাহ খান মাসুদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে মামলাটি করেছিলেন উপপরিচালক মাহমুদুল হাসান। ওই মামলায় ২০০৮ সালের ২০ মার্চ বিচারিক আদালতের রায়ে তাঁকে সাত বছর কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। এ রায়ের বিরুদ্ধে তিনি ২০০৮ সালে হাইকোর্টে আপিল করেন। আপিলের ওপর শুনানি শেষে আজ হাইকোর্ট তা মঞ্জুর করে রায় দেন।অন্যদিকে, ২০০৭ সালে সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগে সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী খ ম জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক। এই মামলাটি বাতিল চেয়ে তিনি হাইকোর্টে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন। আজ রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত মামলাটির কার্যক্রম বাতিল ঘোষণা করে রায় দেন।