দুর্নীতি মামলায় নাজমুল হুদার সাজার রায় বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি মামলায় সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদার সাজার রায় বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। নিম্ন আদালতের সাজার রায়ের বিরুদ্ধে আপিলে আজ বুধবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।আদালতে নাজমুল হুদা নিজেই মামলা পরিচালনা করেন। পরে নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদা বলেন, আপিল মঞ্জুর করে সাজার রায় বাতিল করেছেন হাইকোর্ট। পাশাপাশি সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশও বাতিল করা হয়েছে। জানা যায়, ২০০৭ সালের ১১ জুলাই অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) হুদা দম্পতির বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা করে। ২০০৮ সালের ৩ এপ্রিল বিচারিক আদালতের রায়ে নাজমুল হুদাকে ১২ বছর এবং সিগমা হুদাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। ইতিপূর্বে সিগমা হুদা সাজার দায় থেকে অব্যাহতি পান। নাজমুল হুদা হাইকোর্টে আপিল করেন। আপিলের শুনানি শেষে আজ হাইকোর্ট এ রায় দেন।