দুর্নীতি মামলায় মঞ্জু ও নাসিরের সাজার রায় বাতিল
পৃথক দুটি দুর্নীতির মামলায় জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এবং চারদলীয় জোট সরকারের সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাসিরউদ্দিনের সাজার রায় বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁদের আপিল মঞ্জুর করে এ রায় দেন।জানা যায়, ২০০৭ সালের ৭ অক্টোবর দুর্নীতি দমন কমিশন (দুদক) অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে আনোয়ার হোসেন মঞ্জুর বিরুদ্ধে মামলা করে। ২০০৮ সালের ২৬ আগস্ট বিচারিক আদালতের রায়ে তাঁর ১৩ বছরের কারাদণ্ড হয়। এ রায়ের বিরুদ্ধে ২০০৯ সালে তিনি হাইকোর্টে আপিল করেন। শুনানি শেষে আদালত আজ তা মঞ্জুর করেন।মীর নাসিরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ৬ মার্চ গুলশান থানায় দুদক মামলা করে। নিম্ন আদালত ওই বছরেরই ৪ জুলাই তাঁকে ১৩ বছরের সাজা দেয়। এ রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করেন। শুনানি শেষে আদালত আজ তা মঞ্জুর করেন।আদালতে এই দুই নেতার পক্ষে আইনজীবী আহসানুল করিম এবং দুদকের পক্ষে এ কে এম ফজলুল হক মামলা পরিচালনা করেন।পরে আনোয়ার হোসেন মঞ্জু সাংবাদিকদের বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজনৈতিক নীলনকশা বাস্তবায়নের জন্য মামলা করা হয়। দুর্নীতিকে সমর্থন করার মতো পারিবারিক কাঠামো থেকে আমি আসিনি। গণতন্ত্র আছে বলেই মুক্তি পেয়েছি।’