দুর্নীতি মামলায় সাইদ এস্কান্দারের বিরুদ্ধে শুনানি ৫ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় বিএনপির চেয়ারপারসর খালেদা জিয়ার ভাই সাইদ এস্কান্দারের বিরুদ্ধে অভিযোগ গঠনবিষয়ক শুনানির জন্য আগামী ৫ জুন দিন ধার্য করেছেন আদালত। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-১-এর বিচারক এ এস এম আমিনুল ইসলাম এ তারিখ নির্ধারণ করেন। গত ১০ মার্চ সাইদ এস্কান্দার আদালতে আত্মসমর্পণ করে আজ ধার্য তারিখ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। আজ এস্কান্দারের আইনজীবী খন্দকার মাহবুবউদ্দিন আসামির জামিনের মেয়াদ দুই মাস বাড়ানোর আবেদন করে আদালতকে বলেন, গত ১০ মার্চ হাইকোর্ট থেকে সাইদ এস্কান্দারের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। এ ছাড়া অভিযোগ গঠনবিষয়ক শুনানির জন্য প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় শুনানি করা সম্ভব নয় বলে তিনি সময় বাড়ানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত অভিযোগ গঠনবিষয়ক শুনানির জন্য ৫ জুন দিন ধার্য করেন।উল্লেখ্য, ২০১০ সালের ২৮ এপ্রিল রমনা থানায় দুদকের পক্ষ থেকে এ মামলা করা হয়। মামলায় অভিযোগ করা হয়, ২০০৯ সালের ১৭ মার্চ দুদক সম্পদ বিবরণী চেয়ে সাইদ এস্কান্দারকে নোটিশ দেয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের হিসাব না দেওয়ায় দুদক তদন্ত করে চার কোটি ৭২ লাখ ৭৭ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগ এনে চলতি বছরের ৩ ফেব্রুয়ারি অভিযোগপত্র জমা দেন। দুদকের উপপরিচালক বেনজির আহমেদ এই অভিযোগপত্র দাখিল করেন।